কাজ না করেও বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলার মুশুরীখোলা শাহ সাহেব বাড়ি জামে মসজিদ উন্নয়নে ২০০৯-১০ অর্থবছরে পাঁচ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। দরপত্রের মাধ্যমে এর কার্যাদেশ দেওয়া হয় মেসার্স ফরহাদ এন্টারপ্রাইজকে। ঠিকাদার প্রতিষ্ঠানটি পুরো বিল তুলে নিলেও কোনো কাজই করেনি।ওই প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিয়েছিলেন ঢাকা জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোখলেছুর রহমান। আর বিলের ভাউচারে সই করেছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড পল খন্দকার স্বপন। এর আগে একই মসজিদের উন্নয়নকাজের জন্য কার্যাদেশ দিয়ে হাসিব এন্টারপ্রাইজকে পাঁচ লাখ টাকার বিল দেওয়া হয়েছিল। ওই প্রতিষ্ঠানও কাজ করেনি। এলাকাবাসীর বিক্ষোভের মুখে ও জেলা পরিষদের চাপে প্রতিষ্ঠানটি তিন লাখ টাকা ফেরত দিয়ে জানায়, বাকি টাকা তাদের অফিসের কাজে ব্যয় হয়েছে।এভাবে কাজের আগেই বা নির্দিষ্ট সময়ে কাজ না হলেও ঠিকাদারকে পুরো বিল দেওয়া, অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বরাদ্দ করাসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রকৌশলী মোখলেছুর ও হিসাবরক্ষক মো. শাহাবুদ্দিনের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। মোখলেছুর ও শাহাবুদ্দিনকে বক্তব্য দেওয়ার জন্য গত অক্টোবরে চিঠিও দিয়েছে দুদক।দুদকের সহকারী পরিচালক সৈয়দ তাহসিনুল হকের সই করা ওই চিঠির বিষয়বস্তু উল্লেখ করা হয়, ‘ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড পল খন্দকার ও সহকারী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান কর্তৃক পরিষদের উন্নয়নমূলক কাজ না করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ।’গুলশান, উত্তরা, সাভার ও কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা সম্প্রতি দুদকে এ দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেন।সম্প্রতি কেরানীগঞ্জ উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ নিম্নমানের বলে এলাকাবাসী অভিযোগ করেছে। এ কাজের বরাদ্দ ছিল পাঁচ লাখ টাকা। অভিযোগ উঠেছে, নিম্নমানের কাজ করে ঠিকাদার হাসিব এন্টারপ্রাইজ ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিলেমিশে টাকা আত্মসা ৎ করেছেন।এলাকার বর্ষীয়ান বাসিন্দা নুরুজ্জামান বলেন, ‘আল্লাহর ঘরের টাকাও মাইরা খায়। এদের দিলে ভয়-ডর বইলা কিছু নাই।’ আরেক বাসিন্দা রহিম মিয়া বলেন, ‘ঠিকাদার কাজ করার সময় প্রশাসনের কোনো কর্মকর্তা তা দেখতে আসেননি।’সরেজমিনে দেখা গেছে, চার থেকে পাঁচ ইঞ্চি পুরু ঢালাই হওয়ার কথা থাকলেও কোথাও তিন ইঞ্চি আবার কোথাও এর চেয়ে কম পুরুর ঢালাই দেওয়া হয়েছে। ছাদের কিছু কিছু অংশে ফাটলও দেখা দিয়েছে।এলাকাবাসীর অভিযোগ পেয়ে কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা খাতুন সেখানে গিয়েছিলেন। তাঁর সঙ্গে গিয়েছিলেন উপজেলা পরিষদের প্রধান মিস্ত্রি ও রাজমিস্ত্রি। বিষয়টি নিশ্চিত করে তিনি প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে জেলা পরিষদের কাছে আমি চিঠি পাঠিয়েছি।’এ বিষয়ে উপজেলা উপসহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম বলেন, ‘এ ছাদ কেবল পানি ঠেকাবে। একে ভিত্তি করে দোতলা করা সম্ভব নয়।’ঠিকাদারের সঙ্গে যোগসাজশে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন ডেভিড পল খন্দকার। বরং তিনি বলেন, ‘যদি ছাদ নির্মাণে কোনো অনিয়ম হয়, তবে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ ছাদের পুরুত্ব কম থাকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এটি তদন্ত করে দেখা হবে। অভিযোগ পেয়েও ওই মসজিদে না যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘কাজের চাপে সময় পাইনি।’সাভারের মুশুরীখোলা শাহ সাহেব বাড়ি জামে মসজিদ উন্নয়নকাজের বিল তুলেও ঠিকাদারের কাজ না করা সম্পর্কে জানতে সহকারী প্রকৌশলী মোকলেছুর রহমানের মুঠোফোনে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।আরও যেসব অভিযোগ: অভিযোগ রয়েছে উত্তরার ডুমনি ওহেদ রাজবাড়ীর রাস্তা পাকা করার কার্যাদেশ পাওয়া ঠিকাদার কাজ না করেই সাড়ে ১২ লাখ টাকার বিল তুলেছেন। গুলশান ক্যাডেট কলেজ ক্লাবের জন্য বরাদ্দ পাঁচ লাখ টাকা তোলা হলেও কাজ করেনি ঠিকাদার। মুন্সিহাটি মূল রাস্তা থেকে নবীনগর পর্যন্ত নালাসহ আরসিসি রাস্তা তৈরিতে চার ইঞ্চি পর পর চার সুতা রড দেওয়ার কথা থাকলেও ১৮ ইঞ্চি পর পর বেঁধে আড়াই ইঞ্চি ঢালাই দিয়ে দৈর্ঘ্য-প্রস্থ কমানো হয়েছে। শনির আখড়ায় বর্ণমালা উচ্চবিদ্যালয়ের তৃতীয় তলার জন্য বরাদ্দ পাঁচ লাখ টাকা কাজ না করেই তুলে নিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার। কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের অন্তর্গত নূরু মিয়া উচ্চবিদ্যালয়ের আংশিক কাজ করে পাঁচ লাখ টাকার পুরো বিল তুলে নেওয়া হয়েছে। একই এলাকার আবদুল আউয়াল স্কুল ও কলেজের ক্ষেত্রেও ঘটেছে এমন।যাত্রাবাড়ীর ড্যাফোডিল স্কুলের নামে বরাদ্দ এক লাখ টাকা তোলা হলেও ওই এলাকায় এ নামে কোনো বিদ্যালয় নেই। নাসির উদ্দিন লেনের ঠিকানায় সর্বজনীন গোষ্ঠীর নামেও তোলা হয়েছে এক লাখ টাকা। এমন আরও অনেক অভিযোগ উঠেছে। এসব প্রকল্পের কাগজপত্র চেয়েছে দুদক।অভিযোগ রয়েছে, কাজ না করে বা আংশিক কাজ করে ঠিকাদারদের পুরো বিল তুলে নেওয়ার সঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রকৌশলী ও হিসাবরক্ষকের যোগসাজশ রয়েছে।এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড পল খন্দকার বলেন, ‘সব মিথ্যা। প্রমাণ কই?’প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকার জেলা প্রশাসক মহীবুল হক বলেন, এসব বিষয়ে তিনি কিছু জানেন না। অনিয়ম বন্ধের প্রয়োজনীতা উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিষয়ে অভিযোগ থাকতে পারে। যেহেতু তাঁরা ঠিকাদারদের সঙ্গে থেকে টাকা লেনদেনের কাজ করেন, সেখানে অনিয়ম বা দুর্নীতি করতেও পারেন। সত্যিই যদি কেউ কাজ না করা সত্ত্বেও তাঁরা বিল পাস করেন, কোনো কাজের সঠিক তদন্ত না করেই পুরো বিল পাস করেন, বা অপরাধে-দুর্নীতিতে যুক্ত হয়ে যান, তাহলে অবশ্যই তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু বিষয়টি দুদকে গেছে, তারা তদন্ত করে দেখুক।’