চৈত্রসংক্রান্তি উপলক্ষে দুই গ্রামের মধ্যে ষাঁড়ের লড়াই হবে। তা নিয়ে চলছে নানা আয়োজন। মাইকিং হচ্ছে। ষাঁড়কে প্রশিক্ষণ দেওয়ার জন্য আনা হয়েছে প্রশিক্ষক। দিন যতই ঘনিয়ে আসছে, উত্তেজনা ততই বাড়ছে। কিন্তু শেষ পর্যন্ত কী হবে? কোন ষাঁড় জিতে গ্রামের জন্য সম্মান বয়ে নিয়ে আসবে? নাকি অন্য কিছু ঘটবে? ষাঁড়ের লড়াই টেলিছবির গল্প। আজ দেখানো হবে এটিএন বাংলায়। লিখেছেন বৃন্দাবন দাস, পরিচালক সৈয়দ শাকিল। এ টেলিছবিতে অভিনয় করেছেন নাদিয়া। কথা হলো তাঁর সঙ্গে।আপনাকে নববর্ষের শুভেচ্ছা।ধন্যবাদ। প্রথম আলোর সব পাঠককে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি।ষাঁড়ের লড়াই কখনো দেখেছেন?কাছ থেকে দেখিনি, তবে টিভিতে দেখেছি। অনেক ভয়ের ব্যাপার। ষাঁড়ের লড়াই-এর স্ক্রিপ্ট হাতে পাওয়ার পর পরিচালককে বারবার জিজ্ঞেস করেছি, ষাঁড়ের সঙ্গে ছুটতে হবে কি না। স্ক্রিপ্টটা কিন্তু দারুণ মজার। আমরা শুটিং করেছি মানিকগঞ্জের কইট্টাতে। ষাঁড়ের এ লড়াই দেখার জন্য ওখানে অনেক মানুষ ভিড় করেছিল। দেখার মতো একটা দৃশ্য ছিল। বছরের প্রথম দিন কীভাবে উদ্যাপন করবেন?সকালে চারুকলায় যাব। সেখান থেকে যাব ট্রাস্ট মিলনায়তনে। ওখানে টেলিহোম থেকে আলী বশির ভাই আর শামীমা শাম্মী ভাবি প্রতিবছর পয়লা বৈশাখে টিভি অনুষ্ঠানের শিল্পী, পরিচালক, প্রযোজক আর কলাকুশলীদের এক মিলনমেলার আয়োজন করেন। অনেকেই সপরিবারে আসেন। সে এক অন্য রকম চিত্র। কাজ নেই, ওখানে শুধু আড্ডা হবে। নতুন কী কাজ করছেন?বাকপ্রতিবন্ধী মেয়ের চরিত্রে অভিনয় করছি। ইশারায় কথা বলি। ধারাবাহিকের নাম চোরকাঁটা। পরিচালনা করছেন অম্লান বিশ্বাস। দ্রুত কাজ করছি। এ মাসের শেষে বাবা-মায়ের কাছে বেড়াতে যুক্তরাষ্ট্রে যাব।