কাজ নেই, সাইপ্রাসে কষ্টে বাংলাদেশি ছাত্ররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া। পড়াশোনার বাইরে অতিরিক্ত সময়ে ভালো চাকরি। সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করে ২০-২৫ হাজার টাকা আয়। ইউরোপের যেকোনো দেশে যাওয়ার সুযোগ।ছাত্র পরামর্শকসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এমন সব প্রলোভন দেখিয়ে ছাত্র পাঠাচ্ছে সাইপ্রাসে। কিন্তু বাস্তবতা হলো, ক্ষুদ্র ইউরোপীয় দেশটিতে এখন কাজের সুযোগ নেই। ইউরোপজুড়ে মন্দার প্রভাব সেখানেও পড়েছে। তাই সাইপ্রাসে থাকা বাংলাদেশি ছাত্ররা এখন চরম অর্থকষ্টে পড়েছেন। বাধ্য হয়ে কাজের দাবিতে তাঁরা আন্দোলনও শুরু করেছেন।সাইপ্রাসে থাকা বাংলাদেশি ছাত্ররা জানান, নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ছাত্ররা সে দেশে সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ওই নিয়মে কাজ করার জন্য প্রত্যেককে সরকারের শ্রম মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশটি কোনো বিদেশি ছাত্রকে কাজ করার অনুমতি দিচ্ছে না। অনুমতি ছাড়া কেউ কোথাও কাজ করলে তাঁকে আটক করে জরিমানা করা হচ্ছে। এ জন্য বেশির ভাগ বাংলাদেশি ছাত্র চরম বিপাকে পড়েছেন। বাসা ভাড়া, খাওয়াদাওয়ার খরচ তো বটেই, তুলনামূলকভাবে অসচ্ছল এ বাংলাদেশিরা টিউশন ফিও এখানে কাজ করেই উপার্জন করে থাকেন। এ কারণে তাঁদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। অনেকের লেখাপড়া বন্ধ হওয়ার জোগাড়।উত্তর-দক্ষিণ মিলিয়ে দ্বিধাবিভক্ত দ্বীপ সাইপ্রাসের আয়তন মাত্র নয় হাজার ২৫১ বর্গকিলোমিটার। লোকসংখ্যা মাত্র আট লাখ ৭৯ হাজার। তবে লোকসংখ্যা কম থাকা ও উচ্চ আয়ের কারণে দেশটির মাথাপিছু আয় প্রায় ২৭ হাজার ডলার।চট্টগ্রাম থেকে যাওয়া সাইপ্রাসের ফিলিপস কলেজের ছাত্র নাসিরউদ্দিন ফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা সবাই এখন বিপদে আছি। এক বছর ধরেই এখানে কাজ পাওয়া কঠিন। কিন্তু কয়েক মাস ধরে পরিস্থিতি অসহনীয় হয়ে পড়েছে। বাধ্য হয়ে আমরা এখন আন্দোলন করছি।’নাসিরউদ্দিন বলেন, সাইপ্রাসে অন্তত চার হাজার বাংলাদেশি ছাত্র আছেন। তাঁরা মূলত রাজধানী নিকোশিয়া, লিমাসল, পাপোস, লারানসা এলাকায় থাকেন।বাংলাদেশি ছাত্ররা বলেছেন, সাইপ্রাসে ছাত্ররা সাধারণত যেসব কাজ করেন, তাতে ঘণ্টাপ্রতি চার থেকে পাঁচ ইউরো পাওয়া যায়। মাসের সব সপ্তাহে কাজ করতে পারলে ৪০০ থেকে ৫০০ ইউরো পাওয়া যায়। কিন্তু এর অর্ধেকই চলে যায় বাসা ভাড়া ও খাওয়ায়। বাকি টাকা জমিয়ে ছাত্ররা টিউশন ফি দেন। কাজেই কাজ করতে না পারলে এখানে টিকে থাকাই কষ্টকর।কাসা কলেজের কম্পিউটার বিজ্ঞানের ছাত্র রিয়াজুল ইসলাম ফোনে বলেন, কেবল টাকার জন্যই নয়, অভিজ্ঞতা অর্জনের জন্যও ছাত্রদের কাজ করতে হয়। কিন্তু এখন কোনো ধরনের কাজই পাওয়া যাচ্ছে না।বাংলাদেশি ছাত্ররা বলেন, কাজের পরিস্থিতি বেশি খারাপ হয়ে পড়ায় গত ৭ ডিসেম্বর তাঁরা রাজধানী নিকোশিয়ায় বিক্ষোভ করেছেন। এতে কয়েক হাজার ছাত্র যোগ দেন।আলেকজান্ডার কলেজের ছাত্র ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, ‘২০১১ সালের শুরু থেকেই কাজ মিলছে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কাজের অনুমতি না পাওয়ায় ভারত-পাকিস্তান-নেপালসহ কোনো দেশের ছাত্ররা এখন আর সাইপ্রাসে আসছেন না। কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও তাদের নিযুক্ত দালালেরা এখনো মধুর মধুর কথা বলে ছাত্রদের এখানে পাঠাচ্ছে। এ জন্য নতুন ছাত্ররা এসে বিপদে পড়ছেন।’ফারুক, বশির, এস এম রিয়াদসহ আরও কয়েকজন প্রবাসী ছাত্র প্রথম আলোকে জানান, বাংলাদেশ থেকে একজন ছাত্রের সাইপ্রাসে আসতে সর্বোচ্চ চার হাজার ইউরো (চার লাখ টাকা) লাগার কথা। কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো সাত থেকে সাড়ে সাত হাজার ইউরো নেয়। ওই ছাত্ররা অভিযোগ করেন, প্রতিষ্ঠানগুলো ছাত্রদের মিথ্যা প্রলোভন দেখিয়ে বলে, ছয় মাস সাইপ্রাসে থেকেই এই টাকা তোলা সম্ভব। কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। অভিজ্ঞতার আলোকে তাঁরা অভিমত দেন, যাঁরা ভেবেছেন, কাজ করে খরচ চালাবেন, তাঁদের কারও এই মুহূর্তে সাইপ্রাসে আসা উচিত নয়।দেশের শিক্ষাবিদেরা বলছেন, বাংলাদেশি ছাত্ররা সাইপ্রাসের যে ধরনের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, সেখানকার পড়াশোনা ও সনদের গ্রহণযোগ্যতা বাংলাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের চেয়েও কম। অথচ প্রতিনিয়ত বহুল প্রচারিত জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দেওয়াসহ বিভিন্ন উপায়ে ইউরোপের এই তুলনামূলক অনুন্নত ক্ষুদ্র অর্থনীতির দেশে যেতে বাংলাদেশের ছাত্রছাত্রীদের প্রলুব্ধ করা হচ্ছে।সিডিএ কলেজের ছাত্র কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা এখানে এসে সর্বস্বান্ত হয়েছি। ভুয়া বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে আর কারও সাইপ্রাসে আসা উচিত নয়। বাংলাদেশি ছাত্রদের কাছে আমাদের অনুরোধ, ভালো করে না জেনে ভুল পথে পা বাড়াবেন না।’সাইপ্রাস থেকে দেশে ফিরে আসা ছাত্র মানজুর আহমেদ প্রথম আলোকে বলেন, দালালের মিথ্যা আশ্বাসে সাত লাখ টাকা খরচ করে গিয়েছিলাম। কিন্তু মোটা টাকা আয় তো দূরের কথা, উল্টো দেশ থেকে টাকা নিয়ে তিন বছরের মাথায় ফিরে এসেছি। এখন আর কারও সাইপ্রাসে যাওয়া উচিত নয়।’