কাজ বন্ধ, কিন্তু গাড়ি ছুটছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগে প্রস্তাবিত পদ্মা সেতুর কার্যক্রম প্রায় বন্ধ। কিন্তু গত তিন মাসে প্রকল্পের কর্মকর্তারা গাড়ির জ্বালানি বাবদ ২১ লাখ ২২ হাজার ৫১১ টাকা খরচ দেখিয়েছেন। এই সময়ে প্রকল্পের গাড়ির রক্ষণাবেক্ষণ ও মেরামত খাতে খরচ দেখানো হয়েছে আরও সাত লাখ ৭৮ হাজার ৮০০ টাকা। প্রকল্পের সর্বশেষ খরচের বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, পদ্মা সেতু প্রকল্পের ২৭টি গাড়ি চালু আছে। চলতি মাসে প্রকল্পের জন্য প্রায় দেড় কোটি টাকায় কেনা আরও তিনটি নতুন গাড়ি এসেছে। এগুলো এখন সেতু ভবনের পার্কিংয়ে আছে। প্রকল্পের কার্যক্রম না থাকলেও অধিকাংশ গাড়ি কর্মকর্তাদের পারিবারিক কাজেই ব্যবহূত হচ্ছে বলে সূত্র জানায়।সেতু প্রকল্পের সূত্র জানায়, এসব গাড়ির একটি ব্যবহার করেন প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা। বাকিগুলো ব্যবহার করেন প্রকল্প পরিচালক, পদস্থ ও সাইট অফিসের কর্মকর্তারা। নিয়মানুযায়ী, কেবল প্রকল্প পরিচালকেরই সার্বক্ষণিক গাড়ি ব্যবহারের কথা।২৭টি গাড়ির পেছনে জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও মেরামতে গত তিন মাসে প্রকল্প থেকে খরচ করা হয়েছে মোট ২৯ লাখ এক হাজার ৩১১ টাকা। এ হিসাবে গাড়িপ্রতি মাসে খরচ ৩৫ হাজার ৮১৮ টাকা। আর গাড়িপ্রতি শুধু জ্বালানি খরচ মাসে ২৬ হাজার ২০৩ টাকা।সেতু বিভাগ সূত্র জানায়, নতুন কেনা তিনটি গাড়ি কে কে ব্যবহার করবেন—এই নিয়ে কর্মকর্তাদের মধ্যে জোর তৎপরতা শুরু হয়েছে।পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, নতুন তিনটি গাড়ি এসেছে এই মাসে। তবে তিনি প্রকল্প পরিচালক হিসেবে যোগদান করার আগেই দরপত্র হয়েছে। তিনি দাবি করেন, প্রকল্পের কাজ থেমে নেই। তবে প্রকল্পের কাজ ছাড়া গাড়ি ব্যবহারের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।গাড়ির সংখ্যা ও ধরন: সূত্র জানায়, আগের ২৭টি গাড়ির মধ্যে ১৫টি যমুনা সেতু কর্তৃপক্ষের পুরোনো গাড়ি। বাকি ১২টি গাড়ি নতুন কেনা হয়েছে। সর্বশেষ তিনটি ধরলে নতুন গাড়িও ১৫টি। এর মধ্যে দুটি পাজেরো স্পোর্টস কেনা হয় সর্বোচ্চ দেড় কোটি টাকায়। সর্বশেষ কেনা সাদা রঙের তিনটি পাজেরো কেনা হয় প্রতিটি ৫০ লাখ টাকায়। এই নিয়ে পদ্মা সেতু প্রকল্পের বহরে যোগ হলো ২২টি পাজেরো জিপ। এর মধ্যে দুটি পাজেরো স্পোর্টস। রয়েছে, দুটি টয়োটা ল্যান্ড ক্রুজার জিপ, একটি নিশান জিপ, দুটি নিশান ডাবল কেবিন পিকআপ এবং তিনটি মাইক্রোবাস।যানবাহন ব্যবহার-সংক্রান্ত প্রতিবেদনে ১০টি গাড়ি দেখানো হয়েছে পরিদর্শন পুলের অধীন। অর্থাৎ প্রকল্প পরিদর্শনে এসব গাড়ি ব্যবহূত হওয়ার কথা। কিন্তু একাধিক চালকের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্মকর্তারা পরিদর্শন পুলের এসব গাড়ি তাঁদের পারিবারিক কাজেই বেশি ব্যবহার করেন।ব্যবহারকারী: সরকারি গাড়ি ব্যবহার-সংক্রান্ত নীতিমালা অনুযায়ী, যুগ্ম সচিবের ওপরের পদমর্যাদার কর্মকর্তারাই সার্বক্ষণিক গাড়ি ব্যবহার করতে পারবেন। সে অনুযায়ী, পদ্মা সেতু প্রকল্পে একমাত্র প্রকল্প পরিচালকের সার্বক্ষণিক গাড়ি ব্যবহারের সুযোগ আছে। বাকি গাড়িগুলো শুধু প্রকল্প এলাকা পরিদর্শন কাজে ব্যবহার করার কথা। কিন্তু প্রকল্পের গাড়ি সার্বক্ষণিক ব্যবহার করছেন নির্বাহী প্রকৌশলী, সহকারী পরিচালক, উপপরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা।গত সেপ্টেম্বর থেকে পদ্মা সেতু প্রকল্পের কার্যক্রম বন্ধ। নকশা প্রণয়নে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানও তাদের কার্যক্রম গুটিয়ে চলে গেছে। বিশেষজ্ঞ কিংবা দাতা পর্যায়েরও কোনো বৈঠক নেই। এর পরও জ্বালানি খাতে মোটা অঙ্কের অর্থ ব্যয় হচ্ছে। এতেই বোঝা যায়, দাপ্তরিক কাজের বাইরে গাড়ি ব্যবহার করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক প্রকল্পের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার চালক প্রথম আলোকে বলেন, ‘স্যারকে অফিসে নামিয়ে দিয়েই বাসায় চলে যাই। সারা দিন বাসায় ডিউটি করি।’ আরেক চালক জানান, কর্মকর্তার গ্রামের বাড়িতেও তিনি প্রকল্পের গাড়ি নিয়ে বেড়াতে গেছেন।ঢাকা মেট্রো-ঘ-১৩-৩৩৪৯ নিবন্ধন নম্বরের গাড়ি সার্বক্ষণিক ব্যবহার করছেন নির্বাহী প্রকৌশলী (নদী শাসন) মো. ফেরদৌস। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিত থাকলেও ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও জরিপকাজ চলছে। সে কাজেই এই গাড়ি ব্যবহূত হচ্ছে।’ঢাকা মেট্রো-ঘ-১৩-৩৩৫০ নম্বরের গাড়ি ব্যবহার করছেন উপপরিচালক (ভূমি অধিগ্রহণ) ইউনুছ আলী। তিনি গতকাল প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি গাড়ি নিয়ে প্রায়ই ভূমি অধিগ্রহণ কার্যক্রম দেখার জন্য প্রকল্প এলাকায় যান। গত মঙ্গলবারও গিয়েছিলেন। পারিবারিক কাজে এ গাড়ি ব্যবহারের অভিযোগ নাকচ করে দেন তিনি।বলা হয়ে থাকে, দুর্নীতির অভিযোগ ওঠায় সৈয়দ আবুল হোসেনকে সরিয়ে ৪ ডিসেম্বর যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় ওবায়দুল কাদেরকে। নতুন মন্ত্রী নিয়োগ হলেও পদ্মা সেতুর কার্যক্রম শুরু হয়নি। এ অবস্থায়ও সরকারের রাজস্ব খাত থেকে বরাদ্দ দেওয়া অর্থ এভাবে জ্বালানির নামে খরচ হচ্ছে।খরচ: সেতু বিভাগের মাসিক খাতওয়ারি খরচের হিসাব থেকে জানা গেছে, প্রকল্পের গাড়ির পেছনে গত সেপ্টেম্বর মাসে পেট্রল ও লুব্রিক্যান্ট বাবদ খরচ হয় দুই লাখ ৫০ হাজার ৩৭৪ টাকা। অক্টোবর মাসে খরচ দেখানো হয় ১০ লাখ ৩৯ হাজার ১৩৭ টাকা। নভেম্বর মাসে আট লাখ ৩৩ হাজার টাকা। এ ছাড়া যানবাহন/মোটরযান খাতে (মেরামত ও রক্ষণাবেক্ষণ) সেপ্টেম্বরে খরচ দেখানো হয়েছে চার লাখ ২৩ হাজার ৯৫৫ টাকা। অক্টোবরে এক লাখ ৪৮ হাজার ৮৭১ টাকা। নভেম্বরে দুই লাখ পাঁচ হাজার ৯৭৫ টাকা। জানতে চাইলে সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম গতকাল বুধবার তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, তিনি যোগদান করেছেন বেশি দিন হয়নি। এসেই তিনি গাড়ি ব্যবহার ও জ্বালানি খরচের বিস্তারিত চেয়েছেন। কিছু অসংগতির কথা শুনেছেন তিনি। অপচয় ও অনিয়ম ধরা পড়লে ছাড় দেওয়া হবে না বলে দাবি করেন তিনি।