কাজ শিখি, ভাতা পাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিনির্ভর এই দেশে এখন নারীদেরও দক্ষতা অর্জনে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ আছে। আর এই প্রশিক্ষণ দেয় রাজধানীর উপকণ্ঠে সাভারের জিরাবোতে অবস্থিত মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র। সরকারি এই প্রতিষ্ঠান কেবল নারীদেরই স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দিয়ে থাকে।মহিলাবিষয়ক অধিদপ্তরের আওতায় পরিচালিত এ প্রশিক্ষণ কেন্দ্রে দুটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। একটি হলো (কৃষি) মাশরুম ও জৈব চাষাবাদ, অপরটি খাদ্য রন্ধন প্রক্রিয়াকরণ ও বিপণন। উভয় প্রশিক্ষণ কোর্সের মেয়াদ তিন মাস। প্রতিটি বিষয়ে ২৫ জন করে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পান। বছরে চারবার ভর্তির সুযোগ দেওয়া হয়। নতুন কোর্স শুরু হবে আগামী মাসে। আগ্রহীদের ১১ নভেম্বরের মধ্যে আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে। ভর্তি পরীক্ষা ১৫ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া আবেদনপত্রসহ সরাসরি উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগও রয়েছে। যা শেখানো হয়এ প্রসঙ্গে মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক (জৈব চাষাবাদ) অনুমারাক অনীমা জানান, এখানে কোনো রকম রাসায়নিক ওষুধ ব্যবহার ছাড়া কম খরচে প্রাকৃতিক উপায়ে চাষাবাদ করার পদ্ধতি শেখানো হয়। মাশরুম বিষয়ে পড়ানো হয়—খাওয়ার উপযোগী ও অনুপযোগী মাশরুম চেনা ও চাষাবাদের পদ্ধতি। প্রতিষ্ঠানটির আরেক প্রশিক্ষক (খাদ্য রন্ধন প্রক্রিয়াকরণ ও বিপণন) রীনা ইসলাম জানান, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড তৈরি, যেমন—ব্রেড, কেক, বিস্কুট, বার্গার, পিজ্জা, চিকেন ফ্রাই ইত্যাদি তৈরির বিষয়ে হাতে-কলমে শেখানো হয়। পাশাপাশি খাবার সংরক্ষণ পদ্ধতি, মেয়াদ ও গুণগত মান বজায় রাখা এবং পণ্য বিক্রির পদ্ধতি সম্পর্কে পড়ানো হয়। দুটি কোর্সের প্রশিক্ষণার্থীদের জন্য কেন্দ্রেই আবাসনের ব্যবস্থা রয়েছে।ব্যবহারিক শিক্ষার জন্য রয়েছে শাকসবজি ও ফলের বাগানসহ আবাদি জমি। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সনদ দেওয়া হয়। আবেদনের যোগ্যতা ও নিয়মকানুনএ বিষয়ে প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনু পারভীন জানান, ভর্তি-ইচ্ছুকদের মাধ্যমিক বা সমমানের পাস হতে হবে। তবে বিশেষ বিবেচনায় শিক্ষাগত যোগ্যতায় শিথিলতা রয়েছে। বয়সসীমা হলো ১৬ থেকে ৩২ বছর, যা মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে অবশ্য পেশাজীবী নারীদের ভর্তির সুযোগ নেই।প্রার্থীকে আবেদনপত্রে পছন্দের বিষয়ের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট আকারের তিন কপি ছবিসহ শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। আবেদনপত্র ‘ভারপ্রাপ্ত কর্মকর্তা’ মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, নরসিংহপুর, জিরাবো, সাভার, ঢাকা—এ ঠিকানায় পাঠাতে হবে। ভর্তিপ্রক্রিয়াভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে। ভর্তির ক্ষেত্রে সাধারণত মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের নারীদের অগ্রাধিকার দেওয়া হয়। পাশাপাশি যাদের আবাদি জমি রয়েছে ও এ ধরনের কাজের মাধ্যমে স্বাবলম্বী হতে আগ্রহী, তাদেরই ভর্তির সুযোগ দেওয়া হয় এখানে। বিষয় নির্ধারণের ক্ষেত্রে প্রার্থীর পছন্দ, যোগ্যতা, পারিবারিক ও অন্যান্য সুবিধা বিবেচনা করা হয়।সুযোগ-সুবিধাখোঁজ নিয়ে জানা যায়, এখানে প্রশিক্ষণার্থীদের বিনা খরচে থাকা-খাওয়ার ব্যবস্থাসহ প্রশিক্ষণ দেওয়া হয়। একজন শিক্ষার্থী প্রতি মাসে ৩০০ টাকা করে ভাতা পাবেন। প্রতিবছর মেধার ভিত্তিতে কারও কারও জন্য জাপানে এক বছর মেয়াদি কৃষি বিষয়ে উচ্চ প্রশিক্ষণের সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষণার্থীদের থাকা-খাওয়ার যাবতীয় খরচ বহন করবে জাপানি সংস্থা ওইস্কা।প্রশিক্ষণের সুফলএ প্রসঙ্গে মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালক কামাল উদ্দিন জানান, দেশে পুরুষের পাশাপাশি নারীরাও বিভিন্ন কাজে প্রশংসনীয় সাফল্য দেখিয়ে চলেছেন।তাঁরা পিছিয়ে নেই কৃষি ক্ষেত্রেও। ফলে মূলধন থাকলে প্রশিক্ষণ নিয়ে নারীরাও স্বাধীন ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন। পাশাপাশি নিজের বাড়ির আশপাশের অব্যবহূত জমিতে বিভিন্ন ধরনের শাকসবজির চাষাবাদ করে পরিবারের চাহিদা পূরণ করতে পারেন। এ ছাড়া বিভিন্ন জেলা-উপজেলার মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে স্বল্প সুদে ঋণ নিয়ে ব্যবসা শুরু করা সুযোগ আছে। বিভিন্ন খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান, এনজিও এবং আন্তর্জাতিক সংস্থায়ও কাজের অনেক সুযোগ রয়েছে।কামাল উদ্দিন জরিপ-তথ্যের উল্লেখ করে জানান, প্রশিক্ষণ নেওয়া ৬০ শতাংশ নারী বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন এবং ৪০ শতাংশ নারী স্বাধীন ব্যবসার মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তুলেছেন।আরও জানতে হলেমহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, নরসিংহপুর, জিরাবো, সাভার। মুঠোফোন: ০১৭১২১৯৫৬৫৯ ও ০১৭১৭৪৪০৭৫১।