কাজ শুরু নিয়ে আশাবাদী বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন পদ্মা সেতুর কাজ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘চলতি মাসেই বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলের প্রতিবেদন পাওয়া যাবে। আমি এই সেতু প্রকল্প ও এর কাজ শুরুর ব্যাপারে আশাবাদী।’বিশ্বব্যাংকের বাংলাদেশ-প্রধান আরও জানান, সহ-অর্থায়নকারীরা এই প্রকল্পের ভিন্ন আঙ্গিকে বাস্তবায়ন নিয়ে আলোচনা শুরু করেছে। এতে স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন-প্রক্রিয়াকেই জোর দেওয়া হচ্ছে। মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চার দিনব্যাপী গ্লোবাল ডেভেলপমেন্ট লার্নিং নেটওয়ার্ক এশিয়া প্যাসিফিক রিজিওনাল বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠান শেষে গতকাল মঙ্গলবার গোল্ডস্টেইন সাংবাদিকদের কাছে এ কথা বলেন। পরে গতকাল সন্ধ্যায় এ বিষয় নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সচিবালয়ে অর্থমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়নের ব্যাপারে আমি সব সময়ই আশাবাদ ব্যক্ত করে আসছি। এখনো আশাবাদী। এখন শুধু সময়ের ব্যাপার। পদ্মা সেতু হবেই এবং তা উন্নয়ন-সহযোগীদের অর্থায়নেই।’অর্থমন্ত্রী আরও বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে খুবই ভালো কাজ করেছে। অনেক কিছুই বেরিয়ে এসেছে সংস্থাটির অনুসন্ধানে। তবে শেষ পর্যন্ত মামলার এজাহারে তাঁদের নামই অন্তর্ভুক্ত হয়েছে, যাঁদের বিরুদ্ধে অভিযোগের ন্যূনতম সত্যতা রয়েছে। অ্যালেন গোল্ডস্টেইন গতকাল পদ্মা সেতু নিয়ে আরও বলেন, বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলের প্রতিবেদন প্রকাশ করা হবে। সেতু প্রকল্পের জটিলতার অবসানের পর এর নির্মাণকাজও শুরু হবে। বিশেষজ্ঞ দলের প্রতিবেদন পাওয়ার পরই বিশ্বব্যাংক ও অন্য সহ-অর্থায়নকারী এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান আন্তর্জাতিক সাহায্য সংস্থা (জাইকা) ও ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) অর্থায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে।গোল্ডস্টেইন জানান, এতে দুটি ধাপ রয়েছে। প্রথমে বিশেষজ্ঞ দল তাদের প্রতিবেদন জমা দেবে। পরে সহ-অর্থায়নকারীরা অর্থায়নের বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নেবে। তবে কবে নাগাদ তা হবে, এ নিয়ে তিনি বলেন, ‘প্রতিবেদন পাওয়ার তা বিশ্লেষণ করতে সময়ের প্রয়োজন। এটা একটা প্রক্রিয়া। এটা শুধু হ্যাঁ অথবা না বলার বিষয় নয়।’দুর্নীতি দমন কমিশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, ‘এটা খুব ভালো উদ্যোগ। এখন দেখার বিষয়, বিশেষজ্ঞ দল দুদকের এই অনুসন্ধান সম্পর্কে কী বলে।’অন্যদিকে, বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলের সঙ্গে চিঠিপত্র আদান-প্রদান হচ্ছে বলে জানান দুদক চেয়ারম্যান গোলাম রহমান। গতকাল দুপুরে দুদক প্রাঙ্গণে চেয়ারম্যান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পদ্মা সেতুর দুর্নীতির ষড়যন্ত্রের বিষয়ে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত হয়েছে উল্লেখ করে দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের তদন্তের বিষয়ে বিশ্বব্যাংক এবং তাদের বিশেষজ্ঞ দলকে জানিয়েছি। মামলার এজাহারে সবকিছু বিস্তারিতভাবেই বর্ণনা করা হয়েছে।’কানাডার কাছ থেকে এসএনসি-লাভালিনের তথ্য পেতে দুদক যে চিঠি পাঠিয়েছে, সেটার কোনো জবাব পাওয়া গেছে কি না—জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘এটা খুবই স্পর্শকাতর বিষয়। এটুকু বলতে পারি, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে।’ কানাডার আদালতে এসএনসি-লাভালিনের দুই কর্মকর্তা রমেশ শাহ ও মোহাম্মদ ইসমাইলের বিরুদ্ধে মামলা বিচারাধীন। এই অবস্থায় বাংলাদেশের আদালতে তাঁদের বিচার সম্ভব কি না—প্রশ্নের উত্তরে গোলাম রহমান বলেন, ‘আমরা মাত্র এজাহার দায়ের করেছি। এখন পর্যন্ত আদালতে যাইনি। তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র হলে পরে আদালত সিদ্ধান্ত নেবেন, ওই দুজনের বিরুদ্ধে মামলা চলবে কি না।’