বহুল আলোচিত মেট্রোরেল প্রকল্পের জন্য জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থার (জাইকা) সঙ্গে ঋণচুক্তি সই হয়েছে। এটাই এখন পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহৎ অবকাঠামো প্রকল্প।গতকাল বুধবার রূপসী বাংলা হোটেলে জাইকার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রায় ছয় হাজার ৩০০ কোটি টাকার চুক্তি সই হয়েছে। এর মধ্যে প্রায় ৯২৪ কোটি টাকা মেট্রোরেল প্রকল্পের (ঢাকা গণপরিবহন উন্নয়ন প্রকল্প) জন্য। তবে মেট্রোরেলের জন্য করা উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী, প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এর মধ্যে জাইকা ১৬ হাজার ৬০০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বাকি টাকা বাংলাদেশ সরকার বহন করবে। গতকাল প্রাথমিকভাবে ৯২৪ কোটি টাকার চুক্তি হয়েছে। এই অর্থ দিয়ে প্রকল্পের জন্য বিস্তারিত নকশা প্রণয়ন ও প্রকল্পসংক্রান্ত প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন করা হবে। পরে মূল অবকাঠামো নির্মাণের ঋণচুক্তি হবে। নকশা প্রণয়নের পর ২০১৬ সালে মেট্রোরেলের নির্মাণকাজ শুরু করার কথা বলা হয়েছে ডিপিপিতে। যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রস্তাবিত প্রকল্পটির (এমআরটি-৬) অধীন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১ কিলোমিটার মেট্রোরেল হওয়ার কথা। গতকাল জাইকার সঙ্গে চুক্তি হওয়া বাকি অর্থের মধ্যে এক হাজার ৬৫৩ কোটি টাকা বিদ্যুৎ সঞ্চালন প্রকল্প ও তিন হাজার ৬৬১ কোটি টাকা ভেড়ামারা বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প এবং ৭২ কোটি টাকা শহর ও গ্রামের পানির গভীর উৎস উন্নয়ন প্রকল্পের জন্য ব্যয় হবে। ইআরডি থেকে জানানো হয়েছে, ছয় হাজার ৩০০ কোটি টাকার মধ্যে ৭২ কোটি টাকা অনুদান। বার্ষিক সুদের হার দশমিক শূন্য ১ শতাংশ এবং তা ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৪০ বছরে পরিশোধ করতে হবে। ঋণচুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন ইআরডি সচিব আবুল কালাম আজাদ এবং জাইকার পক্ষে সংস্থাটির বাংলাদেশের প্রধান তাকাও তোদা। চুক্তি সই অনুষ্ঠানে বক্তৃতা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, ইআরডি সচিব আবুল কালাম আজাদ, জাইকার ভাইস প্রেসিডেন্ট তোসিওকি কুরুনাগি, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরু সাদুশিমা ও জাইকার বাংলাদেশ প্রধান তাকাও তোদা। মেট্রোরেল-সংক্রান্ত ডিপিপিতে তিন পর্বে প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে। প্রথম পর্ব পল্লবী থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত ১১ কিলোমিটার পথ ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে বাস্তবায়িত হবে। সোনারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ৪ দশমিক ৪০ কিলোমিটার পথ দ্বিতীয় পর্ব এবং এটা শেষ করার কথা ২০২০ সালে। তৃতীয় পর্বে উত্তরা থেকে পল্লবী পর্যন্ত ৪ দশমিক ৭০ কিলোমিটার পথ শেষ হওয়ার কথা ২০২২ সালে।আবুল মাল আবদুল মুহিত বলেন, ছয় বছরের মধ্যে মেট্রোরেল চালু করা হবে। মেট্রোরেলের পথ ও স্টেশন: মেট্রোরেল উত্তরা তৃতীয় পর্ব থেকে শুরু হওয়ার কথা। এরপর এটি পল্লবী হয়ে রোকেয়া সরণির পশ্চিম পাশ দিয়ে সংসদ ভবন ঘেঁষে খামারবাড়ি হয়ে ফার্মগেট, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, প্রেসক্লাব হয়ে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত যাবে। পরে এটি অতীশ দীপঙ্কর সড়ক হয়ে সায়েদাবাদ পর্যন্ত বর্ধিত হওয়ার কথা।অবশ্য প্রথমে মেট্রোরেল সংসদ ভবনের পাশ ঘেঁষে না গিয়ে বিজয় সরণি দিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবাহিনীর আপত্তির কারণে পথ পরিবর্তন করতে হয়। এর আগে গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে—এই বিবেচনায় ২০১০ সালে পথ পরিবর্তন করা হয়।মেট্রোরেলের ভাড়া ও গতি: গত বছর জাইকা মেট্রোরেলের জন্য একটি বিস্তারিত সমীক্ষা করে। এতে বলা হয়, ঢাকায় মেট্রোরেল হলে প্রতি সাড়ে তিন মিনিট পর পর ট্রেন চলাচল করতে পারবে। ঘণ্টায় যাত্রী বহন করা যাবে প্রায় ৬০ হাজার। গড় গতিবেগ ঘণ্টায় ৩২ কিলোমিটার। উত্তরা থেকে মতিঝিল আসতে সময় লাগবে ৩৭ মিনিট।