ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করতে ১০ মাস আগে চুক্তি হলেও এখনো কাজই শুরু হয়নি। এরই মধ্যে তিন ঠিকাদারি প্রতিষ্ঠান অগ্রিম হিসেবে সরকারের কাছ থেকে ১৬৫ কোটি টাকা তুলে নিয়েছে। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে চীনের সিনো হাইড্রো করপোরেশন, বাংলাদেশি রেজা কনস্ট্রাকশন ও আল আমিন-তাহের ব্রাদার্স (যৌথ)।এক হাজার ৬৫০ কোটি টাকার এই প্রকল্পের দরপত্রের জন্য এসব প্রতিষ্ঠানকে নিয়োগ করে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। কাজ শুরু করতে না পারলেও মোট টাকার ১০ শতাংশ তারা অগ্রিম হিসেবে নিয়েছে।ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো বলছে, প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান নিয়ে জটিলতা তৈরি হওয়ায় কাজ শুরু করতে দেরি হচ্ছে। বিষয়টি স্বীকার করে সওজ দাবি করেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নির্মাণসংক্রান্ত যন্ত্রপাতি ও মালামাল দেরিতে আনার কারণেও কাজ শুরু করতে দেরি হচ্ছে।চার লেন প্রকল্প অনুমোদনের সময় সরকার ঘোষণা দিয়েছিল, এই প্রকল্পের মোট ব্যয়ের ১০ শতাংশ অর্থ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরুর প্রস্তুতির জন্য অগ্রিম হিসেবে নিতে পারবে। জানুয়ারিতে চুক্তি হওয়ার কয়েক দিন পরই দেশীয় দুটি প্রতিষ্ঠান অগ্রিমের টাকা তুলে নেয়। সিনো হাইড্রো নেয় এপ্রিলে।সওজের কর্মকর্তারা বলছেন, সবকিছু ঠিকঠাক না করে সরকারের এতগুলো টাকা অগ্রিম দিয়ে দেওয়া ঠিক হয়নি। কেউ কেউ বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে সুবিধা দিতেই পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ নিয়ে গড়িমসি করা হচ্ছে।জানা গেছে, বাংলাদেশি দুই প্রতিষ্ঠান অফিস খুলেছে চট্টগ্রামে। চীনা কোম্পানিটি এখনো সেভাবে অফিস খোলেনি।এদিকে চৌদ্দগ্রাম থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশ খানাখন্দে পরিণত হলেও তা মেরামত করা হচ্ছে না। রাস্তার দুরবস্থার কারণে প্রতিদিন গড়ে ৮-১২ ঘণ্টা যানজটে আটকা পড়ে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে। চুক্তি অনুযায়ী, গত জানুয়ারি থেকে দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কের ১৯২ দশমিক ২০ কিলোমিটার পথ প্রকল্পের অধীনে চলে গেছে। ২০১৩ সাল পর্যন্ত সড়কের সব ধরনের মেরামত করার কথা ঠিকাদারি প্রতিষ্ঠানেরই।প্রকল্পের সাবেক পরামর্শক প্রতিষ্ঠান পাকিস্তানের নেশপাক কোম্পানি সওজের বিরুদ্ধে অবিচারের অভিযোগে হাইকোর্টে মামলা করেছে। এরপর আদালত পরামর্শক নিয়োগসংক্রান্ত কাজে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। ৪ নভেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা। সওজ ২০০৬ সালে নেশপাককে মহাসড়ক চার লেনে উন্নীত করার নকশা প্রণয়ন ও নির্মাণকাজ তদারকির জন্য নিয়োগ দেয়। মে মাসে সওজ নেশপাকের নিয়োগ বাতিল করে। এরপর পুনরায় দরপত্র আহ্বান করে সর্বনিম্ন দরদাতা হিসেবে বাংলাদেশে দেব কনসালটেন্ট ও ভারতের সিএফকে বিবেচনায় নিয়ে অনুমোদনের প্রক্রিয়া চলছে।তিন ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি তাহের ব্রাদার্সের মহাব্যবস্থাপক আবুল বাশার প্রথম আলোকে বলেন, পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ নিয়ে জটিলতার কারণে তাঁরা কাজ পুরোপুরি শুরু করতে পারেননি। তিনি বলেন, মহাসড়কের কিছু কিছু ভাঙা জায়গায় তাঁরা মেরামত করেছেন। কিন্তু অনেক স্থানে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে, সেগুলো তাঁরা মেরামত করবেন না।সওজ সূত্র জানায়, বর্তমান সড়কের পাশে দুটি নতুন লেন করার পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর প্রকল্প শেষ হওয়ার আগ পর্যন্ত বর্তমান মহাসড়কেরও সব ধরনের মেরামত করার কথা। কিন্তু ঠিকাদারদের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব স্থানে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে, সেগুলো তারা মেরামত করবে না। এ নিয়ে সওজের সঙ্গে ঠিকাদারদের মতপার্থক্য তৈরি হয়েছে। এ জন্যও কাজ শুরু করতে দেরি হচ্ছে।অবশ্য প্রকল্পের পরিচালক ও সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, ঠিকাদারদের সঙ্গে তাঁদের কোনো মতবিরোধ নেই। মালামাল আনতে দেরি হওয়ায় কাজ শুরু করতে দেরি হচ্ছে। তিনি স্বীকার করেন, পরামর্শক প্রতিষ্ঠান নিয়ে জটিলতার কারণেও কাজ শুরু করতে সমস্যা হচ্ছে। তিনি আরও দাবি করেন, মহাসড়কে এখন কোনো খানাখন্দ নেই। প্রাথমিকভাবে ভাঙাচোরা মেরামত করা হয়েছে। আগামী মাসের মাঝামাঝিতে চার লেন করার জন্য মাটি কাটার কাজ শুরু করবে ঠিকাদাররা। নেশপাকের নিয়োগ বাতিল প্রসঙ্গে তিনি বলেন, এদের কাজের মান ভালো নয় এবং ঠিকাদারদের কাজ তদারকির জন্য দক্ষ জনবল নিয়োগ না করায় তাদের নিয়োগ বাতিল করা হয়েছে। নেশপাক মামলা করলেও তারা সুবিধা করতে পারবে না। ২০০৬ সালে সরকার মহাসড়কটি চার লেনে উন্নীত করার জন্য প্রকল্প হাতে নেয়। দুর্নীতি-অনিয়মের কারণে দুবার দরপত্র বাতিল হয়। তৃতীয় দফা দরপত্রে তিনটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়। প্রকল্পটি ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা।নেশপাকের সঙ্গে ঝামেলা: প্রকল্প হাতে নেওয়ার পরপরই ২০০৬ সালে নেশপাককে প্রকল্পের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল সওজ। শর্ত অনুযায়ী প্রথমে তারা চার লেনের নকশা প্রণয়ন করবে। এরপর ঠিকাদার নিয়োগ হলে তাদের কাজ তদারকি করবে। কিন্তু দুই দফা দরপত্র বাতিল হওয়ায় প্রতিষ্ঠানটি বেকার হয়ে যায়। ২০০৯ সালে পুনরায় কাজ শুরুর উদ্যোগ নিলে নেশপাক প্রথমে আগের দরে কাজ করতে রাজি হয়নি। একপর্যায়ে তারা পুরোনো দরে কাজ করতে রাজি হয় এবং গত জুলাই মাসে এ দেশে আসে। কিন্তু সওজের অভিযোগ, এই কাজের তদারকির জন্য যে ধরনের বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার কথা ছিল, তা তারা করেনি। এ অভিযোগে সওজ তাদের নিয়োগ বাতিল করে দেয়। নেশপাককে ২৫ কোটি টাকায় নকশা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল। তদারকির জন্য তারা প্রায় ৩২ কোটি টাকা দাবি করেছিল। কিন্তু সওজ বলেছিল, এই খাতে বরাদ্দই আছে ২৩ কোটি টাকা। পরে সওজের দরেই তারা তদারকি করতে রাজি হয়। নেশপাকের সঙ্গে ২০১১ সালের সেপ্টেম্বর পর্যন্ত চুক্তি ছিল। নতুন করে দেব-সিএফ (যৌথ) পরামর্শক প্রতিষ্ঠান প্রকল্পের তদারকির জন্য প্রায় ২০ কোটি টাকা দর প্রস্তাব করে সর্বনিম্ন দরদাতা হয়েছে।নেশপাকের বাংলাদেশি প্রতিনিধি আবদুস সোবহান দাবি করেন, তাঁরা সবকিছুই নিয়মমাফিক করেছেন। অন্যায়ভাবে তাঁদের বাদ দেওয়া হয়েছে। এ জন্যই মামলা করেছেন।দুবার দরপত্র বাতিল: চার লেন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচনে প্রথম দরপত্র আহ্বান করা হয় ২০০৬ সালের জুনে। দরপত্রের প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগে তৎকালীন বিএনপি সরকার তা বাতিল করে দেয়। পুনরায় দরপত্র আহ্বান করা হয় ২০০৮ সালের মার্চে। কিন্তু দ্বিতীয় দফা দরপত্রে ঠিকাদারদের পক্ষ থেকে জামানত দাখিলের সময়সীমা ২৮ দিনের পরিবর্তে সাত দিনে নিয়ে আসে কর্তৃপক্ষ। শর্ত দেওয়া হয়, ঠিকাদাররা দরপত্র জামানত বাংলাদেশি টাকায় দিতে পারবে, যা গণ খাতে ক্রয় আইন (পিপিএ-২০০৬) ও গণ খাতে ক্রয়বিধির (পিপিআর-২০০৮) পরিপন্থী।যোগাযোগ মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই মহাসড়কে প্রতিদিন গড়ে প্রায় ১৯ হাজার ভারী ও হালকা যানবাহন চলাচল করে। প্রতিবছর যানবাহন চলাচল ১০ শতাংশ বাড়ছে। এই পথে চলাচলকারী যানবাহনের মধ্যে ৬০ শতাংশ বাণিজ্যিক ও ২৭ শতাংশ যাত্রীবাহী।চার লেন হলে পুরো মহাসড়কের মাঝখানে ডিভাইডার থাকবে। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এই সড়কে যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি মুখোমুখি সংঘর্ষ হয়। ডিভাইডার দেওয়া হলে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে।