কাজ শেষ না হতেই পিলারে ফাটল খুলে পড়ছে কংক্রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা খেয়াঘাটের পাশে করতোয়া নদীর ওপর নির্মীয়মাণ সড়ক সেতুর পিলারে ফাটল ধরেছে। বেরিয়ে গেছে রড। খুলে পড়ছে কংক্রিট। অথচ আর মাত্র এক মাসের মধ্যেই ২৪০ মিটার লম্বা এ সেতুটির কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছিল। উল্লাপাড়া-বেলকুচি ও উল্লাপাড়া-কামারখন্দ সড়কে করতোয়া নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০০৪ সালের জুন মাসে সেতুটির নির্মাণকাজ শুরু করে। এলজিইডির উল্লাপাড়া প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে এই সেতুর জন্য চার কোটি ৩৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সেতু নির্মাণের কাজ পায় মেসার্স হাসিবুর রহমান স্বপন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান পরবর্তী দুই বছরে সেতুর সব পিলারসহ ওপরের চারটি ধাপের পাটাতন নির্মাণের পর কাজ বন্ধ করে দেয়। পরে ২০০৮ সালের মাঝামাঝি সময়ে এলজিইডি উল্লাপাড়া প্রকৌশলীর অফিস থেকে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করা হয়। মেসার্স অজিত কুমার বোস নামের অপর একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সেতুর অবশিষ্ট কাজের জন্য নিয়োগ ও কার্যাদেশ দেওয়া হয়। এ সময় মূল বরাদ্দের অতিরিক্ত এক কোটি ২২ লাখ টাকাও বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে সেতুটির সব ধাপের পাটাতন ঢালাইয়ের কাজ শেষ হয়ে গেছে। শুধু মাঝের কিছু অংশের দুই পাশের রেলিং তৈরির কাজ চলছে।স্থানীয় জনগণের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে দেখা যায়, সেতুর পশ্চিম পাশের তৃতীয় পিলারে ফাটল ধরে রড বেরিয়ে গেছে। সেতু পার্শ্ববর্তী চরঘাটিনা ও শাহজাহানপুর গ্রামবাসীর আশঙ্কা, এ অবস্থায় সেতুটি মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। তারা সেতুটির পানির ওপরে ও নিচে সব পিলারের অবস্থা অবিলম্বে পরীক্ষার জন্য এলজিইডির প্রকৌশলীদের প্রতি আবেদন জানিয়েছে।এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, বিষয়টি তিনি জানতে পেরেছেন। অবিলম্বে সেতুর সব পিলার পরীক্ষা করবেন এবং যেকোনো ধরনের ত্রুটি সংশোধনের দ্রুত ব্যবস্থা নেবেন।