কাজকে ভালোবাসতে পারলে সফলতা আসবেই
ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড সিনিয়র রিলেশনশিপ ম্যানেজারকরপোরেট ব্যাংকিং ডিভিশন, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেড, বাংলাদেশআমার কর্মজীবনের শুরুটা হয়েছিল শিক্ষকতা দিয়ে। তবে শখের বশে সেটি করলেও পরবর্তী সময়ে হাইডেলবার্গ সিমেন্টে যোগদান করি। হাইডেলবার্গ থেকে চলে আসি এইচএসবিসিতে। প্রায় নয় বছর ধরে এই প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছি। এখানে শুরুতে অফিসার হিসেবে যোগদান করি। নিজের যোগ্যতা আর দক্ষতার প্রমাণ দিয়ে আজকের অবস্থানে এসেছি। কাজ শুরু করার এক বছরের মধ্যে পদোন্নতি হয়েছে। আমার কাজ দিয়ে অফিসকে সন্তুষ্ট করতে চেষ্টা করেছি। হয়তো কখনো কখনো পদোন্নতি হতে দেরি হয়েছে। কিন্তু পরে কাজ দিয়েই আমি সেটা অর্জন করেছি। অফিস আমার কাজের মূল্যায়ন করেছে।এভাবেই এগিয়ে গেছি। কাজকে ভালোবাসতে পারলে আসলে সফলতা আসবেই। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। সময় ব্যবস্থাপনা ও কাজের ক্ষেত্রে স্বচ্ছতা আমাকে আজকের অবস্থানে এনেছে। বর্তমানে আমি একজন ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার। আজকের কাজ কখনোই কালকের জন্য ফেলে রাখিনি। মাঝে মাঝে অফিস শুরুর আগে চলে আসি। নিজের কাজগুলো গুছিয়ে নিই। সব সময় ডায়েরিতে সব লিখে রাখি। সকালে এসেই ই-মেইল দেখি এবং অগ্রাধিকার বুঝে দিনের কাজগুলো সাজিয়ে নিই।সাধারণত, শিপিং এয়ারলাইনস বা বিদেশি প্রতিষ্ঠান আমাদের এখানে এলে তার ব্যবসা কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে, সে সংক্রান্ত কাজগুলো করে থাকি। ইচ্ছাশক্তি থাকতে হবে। তাহলে সফলতা আসবেই। আরেকটি বিষয় হলো এইচএসবিসির ফ্লেক্সিবল ওয়ার্ক পলিসি এবং কর্মক্ষেত্রে নারী-পুুরুষ সমতা আমার ক্যারিয়ারকে আরও অগ্রসর করেছে। সহকর্মীদের সঙ্গে পারষ্পরিক বোঝাপড়া এবং সহযোগিতামূলক সম্পর্ক কাজটা উপভোগ করতে সাহায্য করে। এ ছাড়া ব্যাংকিং এ গ্রাহকেরাই আমাদের কাছে সব। আমি স্পষ্টবাদী। মিথ্যা আশ্বাস না দিয়ে আমাদের সীমাবদ্ধতাগুলো তাদের জানাই। তবে এটিও বলি, তাকে আমার সর্বোচ্চ সেবাটুকু দেব। আর এখানকার ব্যবস্থাপনা বিভাগ অন্যদের থেকে আলাদা। একটি কথা বিশ্বাস করি, কাজ করে গেলে সফলতা আসবেই, পদোন্নতি হবেই। আমার পদোন্নতি হলে আরেকজন এগিয়ে আসার সুযোগ পাবে। এ ছাড়া ব্যাংকের পলিসি অনুযায়ী আমি ও আমার নারী সহকর্মীরা বিভিন্ন রকমের ছুটি যেমন ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি, ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার, দুই সপ্তাহের বাধ্যতামূলক ছুটি প্রভৃতি পেয়ে থাকি যা যথেষ্ট সুবিধাজনক। আমার দুই সন্তান। পরিবার ও কর্মজীবনে ভারসাম্য আনতে পেরেছি। আমি কোয়ালিটি টাইম দিয়ে থাকি পরিবারকে। যখন যে কাজ করি তখন সেটিতে মনোযোগ দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ থেকে পাস করে নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। সবার কাছে অনুকরণীয় একজন ব্যক্তিত্ব হতে চাই, যাতে অন্যরা অনুপ্রেরণা পায়। আত্মবিশ্বাস রাখতে হবে। তাহলেই সফলতা আসবে।