কাজটা কাচ নিয়ে
চাকরি মানেই সকালে উঠে অফিসে যাওয়া, আর বিকেল গড়িয়ে আলয়ে ফেরা। কাজের চাপে যারপরনাই অবস্থা যাকে বলে। তাহলে করব কী! তাই তো, কী করা যায়, যাতে করে আয়ের সঙ্গে নিজের সৃজনশীলতার সাক্ষরও থাকবে? ‘যাঁরা নিজে সৃষ্টিশীল কাজের মাধ্যমে আনন্দ পান, তাঁরা বেছে নিতে পারেন কাচের কাজ। এ ক্ষেত্রে এখন কাজের অনেক সুযোগ আছে। নিজে অল্প পুঁজিতে শুরু করতে পারেন কাচের ওপর নকশা করার এই কাজ।’ বলছিলেন কাচের কাজ শেখানোর প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনের কর্ণধার স্থপতি সাইদা ফজিলাতুন নাজ।কেমন ব্যবসা: আজকাল যেকোনো অফিস, রেস্তোরাঁ, শপিং মল ও বাসায় দেখা মিলবে কাচের ওপর দৃষ্টিনন্দন সব চিত্র। এটি এখন অনেক জনপ্রিয়। বিশেষ দিনেও এর চেহারা বদলাতে থাকে। তা ছাড়া কাচের তৈরি নানা ধরনের শোপিসের কদর বাড়ছে দিনে দিনে। দরজা বা ড্রয়িং রুমের চেহারাও পাল্টে দিতে পারে কাচের ফ্রেম কিংবা দরজায় ব্যবহূত কাচ। নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি কাজের অর্ডার পেতে পারেন সহজে। শোপিস বাসায় তৈরি করেও দোকানে বেচতে পারেন। এমবিএ শেষ করে ফারজানা জেরিন শিখেছিলেন গ্লাস ডেকোরেশন। নিজের শেখা কাজের প্রদর্শনী করতে গিয়ে অবাক তিনি। কারণ, সেখানেই তাঁর প্রায় সব পণ্য বিক্রি হয়ে গেছে। অর্ডার পেয়েছেন অনেক কাজের। তাঁর মতে, যদি কেউ ১০ হাজার টাকার ভালো মানের দ্রব্য তৈরি করতে পারেন, তাহলে ৩০ হাজার টাকা আয় করা যায় অনায়াসে।কী কী কাজ শেখা যায়: সাইদা ফজিলাতুন নাজের কাছ থেকেই জানা গেল, কাচের ওপর নানা ধরনের কাজ করা যায়। এর মধ্যে আছে কাচের ওপর রং-তুলির আঁচড়ে তাকে নিজের ইচ্ছার ভুবনে নিয়ে যাওয়া, মানে কাচের ওপর পেইন্টিং, কাচের ওপর এচিং করা, কাচে মিনাকারি, কোলাচ পেইন্টিং, লেমিনেশন ইত্যাদি। এতে করে নিজের সৃষ্টিশীলতার পরিচয় ঘটানো সম্ভব। কাচে আঠা, এসিড, মোম ও বিভিন্ন ধাতব পদার্থ ব্যবহার করে ডিজাইন শেখানো হয়। কেমন যোগ্যতা, খরচ কত: ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনের ওপর পড়তে চাইলে এসএসসি পাস হলেই চলবে। আর আঁকাআঁকি বিষয়ে হাত থাকলে বেশি ভালো। এখানে দুই মাসের কোর্সে ১৬ হাজার ৮০০ টাকা নেওয়া হয়। শেখানো হয় ১২টি বিষয়ের ওপর। কাচের ওপর শুধু আঁকা শিখতে কিছু কিছু প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণী পাসই যথেষ্ট।পেশা হিসেবে নিতে হলে: যাঁরা এটিকে পেশা হিসেবে নিতে চান, তাঁদের প্রথম দরকার প্রশিক্ষণ। এরপর এক লাখ টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারেন প্রাথমিক পর্যায়। কাজ পেতে পারেন ওয়েবসাইট বা ইন্টারনেটের মাধ্যমে। এ ছাড়া নিজে তৈরি করে দোকানে আর্ট পিস হিসেবে রেখেও বিক্রি করা যায়। কাচের কাজটি দৃষ্টিনন্দন করতে পারলে মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা সহজে আয় করা যাবে। এ ছাড়া বিভিন্ন দোকানেও অর্ডার সরবরাহ করা যায়।