কাজটা যখন অনুষ্ঠান ব্যবস্থাপনা
আনিসুর রহমান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কদিন পরেই তাঁর ছোট বোনের বিয়ে। অনেক বড় আয়োজন করে বহু মানুষকে আপ্যায়ন করতে চান। কিন্তু ব্যবসার কাজে তিনি এতটাই ব্যস্ত রয়েছেন যে আদরের ছোট বোনের বিয়ে নিয়ে ভাবার সময়টুকুও পাচ্ছেন না। এদিকে ঘনিয়ে আসছে বিয়ের দিনক্ষণ। এ অবস্থায় পরিবারের সবাই মিলে বিয়ের অনুষ্ঠান আয়োজনের দায়িত্বটা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্ত নেন। তারাই সারবে বিয়ের সব আয়োজন।এভাবেই আজকাল অনেকেই দৈনন্দিন ব্যস্ততার কারণে কিংবা কাজের চাপ থেকে মুক্ত থাকতে বড় কোনো পারিবারিক বা অফিসিয়াল উৎসব বা অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব পেশাদার কোনো প্রতিষ্ঠানকে দেন।বিশেষ করে, অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান তো কাজ করতেই চায় না। এ সুযোগ কাজে লাগাতে অর্থাৎ ইভেন্ট ম্যানেজমেন্ট বা অনুষ্ঠান ব্যবস্থাপনার কাজে এগিয়ে আসছেন অনেকেই। বাংলাদেশে ইভেন্ট ম্যানেজমেন্টের ইতিহাস ও বিকাশ সম্পর্কে গ্রে অ্যাডভারটাইজিংয়ের মার্কেটিং সার্ভিস পরিচালক (অপারেশন) সাইফুল আজিম বলেন, ‘বাংলাদেশে ইভেন্ট ম্যানেজমেন্টের প্রচলন শুরু হয় ১৯৯৯ সালের শেষের দিকে। মূলত ২০০২ সালের পর থেকেই এটি ধীরে ধীরে বিকাশ লাভ করতে শুরু করে। বর্তমানে সারা দেশে কাজ করছে প্রায় ২০০ থেকে ৩০০ ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।’ এসব প্রতিষ্ঠানের কাজের তালিকায় রয়েছে পণ্যের প্রচার, পণ্যের ওপর জরিপ কার্যক্রম, মেলা, কনসার্ট, বার্ষিক অনুষ্ঠান, পুনর্মিলনী, গায়েহলুদ, বিয়ের অনুষ্ঠান আয়োজন, উদ্বোধনী অনুষ্ঠান ও জনসংযোগ ব্যবস্থাপনা। এককথায় বলা যায়, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ হচ্ছে—যেকোনো ধরনের অনুষ্ঠান আয়োজন ও ব্যবস্থাপনা।দেশে পেশা বা কাজ হিসেবে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। আর স্বাবলম্বী হতে বা ভালো আয় করতে ইভেন্ট ম্যানেজমেন্টকে আপনিও নিতে পারেন পেশা হিসেবে। খুলতে পারেন একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। শুরুটা করবেন যেভাবে: অফিস না নিয়ে অল্প পুঁজিতেও আপনি শুরু করতে পারেন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ। তবে অফিস নিয়ে কাজ শুরু করতে চাইলে স্থানভেদে বিনিয়োগ করতে হবে ১৫ থেকে ২০ লাখ টাকা। অফিস না নিলে আপনাকে লাখ খানেক টাকা বিনিয়োগ করলেই চলবে। সে ক্ষেত্রে প্রথমেই বড় কাজ না ধরে ছোট ছোট কাজ দিয়ে শুরু করতে হবে। এতে চাপ থাকবে কম এবং বেশি বিনিয়োগও করতে হবে না।যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ: এই পেশায় আসতে হলে অবশ্যই আপনার মধ্যে ঝুঁকি ও চ্যালেঞ্জ নেওয়ার সাহস থাকতে হবে—থাকতে হবে অধিক যোগাযোগ দক্ষতা ও মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা। এ প্রসঙ্গে অ্যাকটিভ কমিউনিকেশনের ম্যানেজিং পার্টনার খালেদ সাইফুল্লাহ বলেন, ‘আমার কাছে ইভেন্ট ম্যানেজমেন্ট মানে ক্রাইসিস ম্যানেজমেন্ট। অর্থাৎ যিনি এ পেশায় সংকট ডিঙিয়ে যেতে পারবেন, তিনিই সফল হবেন।’ এ সম্পর্কে সাইফুল আজিম বলেন, ‘এ কাজে সাফল্যের আরেকটি বড় মাধ্যম হলো কাজের মান। কোনো গ্রাহকের সঙ্গে কাজের মানের সমস্যা না করলে বাড়তে থাকবে আপনার কাজের পরিমাণ।’ তাই কাজ বাড়াতে হলে যোগাযোগ এবং থাকতে হবে চমৎকার বাচনভঙ্গি ও ব্যক্তিত্ব।কাজের ক্ষেত্র ও আয়: ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য রয়েছে প্রচুর কাজের ক্ষেত্র। প্রায় প্রতিটি প্রতিষ্ঠান এখন সব ধরনের আয়োজনে সাহায্য নিচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের। প্রাতিষ্ঠানিক আয়োজনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত ও উৎসবীয় আয়োজন। এ কাজে আয়টাও বেশ ভালো। কোনো কাজের ব্যয়ের খরচের শতকরা ৫০ ভাগ পাওয়া যায় অনুষ্ঠানের আগে, আর বাকি অর্ধেক পাওয়া যায় কাজ সম্পন্ন হওয়ার ৪৫ দিনের মধ্যে। আয় নির্ভর করে বিনিয়োগ, কাজের সংখ্যা ও পরিমাণের ওপর। তবে খুব অল্প পুঁজিতে শুরু করেও আপনি প্রথম দিকেই প্রতি মাসে আয় করতে পারেন ৫০ থেকে ৬০ হাজার টাকা। তো আর দেরি কেন? বসে না থেকে আজই শুরু করুন ইভেন্ট ম্যানেজমেন্ট। চাইলে অনেকের মতো আপনিও এ কাজটিকে নিতে পারেন খণ্ডকালীন কাজ হিসেবে।