কাজপাগল মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথটা যেন ফুরোতেই চায় না। অন্য দিনের চেয়ে আজকের পথটা যেন দীর্ঘ। টানা ১০ ঘণ্টার পথ পাড়ি দিয়ে সবেমাত্র বাসায় ঢুকেছেন। প্রায় দেড় মাস বাড়ির বাইরে তিনি। সন্ধ্যায় যখন ঢাকার পল্লবীতে তাঁর বাসায় পৌঁছলাম, হাসিমুখে অভ্যর্থনা জানালেন, ক্লান্তির ছাপ নেই চেহারায়। ‘অনেক দিন পর আজ বাসায় ফিরেছি। ১১ মে চট্টগ্রাম গিয়েছিলাম। মাঝে দুবার ঢাকায় এলেও বাসায় আসতে পারিনি।’ জানালেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী। ছোটবেলায় তাঁর স্বপ্ন ছিল আকাশে ওড়ার। ভেবেছিলেন বৈমানিক হবেন। কিন্তু কীভাবে হবেন, তা জানতেন না। জীবনে আর কিছু হোক বা না হোক, লেখাপড়া করতে হবে— এটা তাঁর মা শিখিয়েছিলেন। ‘মা নিজে শিক্ষকতা করতেন। আমাদের ১২ ভাইবোনকেই তিনি উচ্চশিক্ষিত করেছেন। বাবা ছিলেন সরকারি কর্মকর্তা। তবে মাকে দেখে আমাদের মধ্যে শিক্ষকতা পেশার প্রতি আকর্ষণ জন্মে। অন্যান্য বোন এ পেশাকেই বেছে নিয়েছেন। নিজ শহর কুষ্টিয়ায় স্কুল ও কলেজজীবন শেষ করলাম। ভর্তি হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। ঠিক করলাম রসায়নের শিক্ষক হব। একসময় পড়াশোনার শেষের দিকে সায়েন্স ল্যাবরেটরিতে ফেলো গবেষক হিসেবে কাজ করতে শুরু করলাম। তিন মাস পর ঢাকা সিটি কলেজের রসায়নের শিক্ষক হলাম। কিন্তু মন বসছিল না। এর মধ্যে নির্বাচন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদনও করি। এক মাসের মাথায় সিদ্ধিরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে যোগ দিই। সেখানেও ভালো লাগছিল না। মনের মতো কাজ না পাওয়ায় ভুগছিলাম দ্বিধাদ্বন্দ্বে। হঠাৎ খবর আসে নির্বাচন কমিশন থেকে। ১৯৮৪ সালের অক্টোবরে সহকারী সচিব হিসেবে যোগ দিই। বিয়েটাও সেরে ফেলি এক ফাঁকে। আজকের এই অবস্থানে আসার পেছনে আমার স্বামীর অবদান সবচেয়ে বেশি।’ এ কথা বলে স্মৃতিকাতর হয়ে পড়েন জেসমিন টুলী। ‘সাংসারিক চিন্তাভাবনা কখনোই আমার ভেতর ছিল না। একটু অগোছালো আমি। স্বামী আবদুল মালেক ছিলেন ঠিক বিপরীত স্বভাবের। সে ছিল প্রকৌশলী। গোছানো, ছিমছাম স্বভাবের মানুষ। ২০০৪ সালে হঠাৎ করে ব্রেন ক্যানসার ধরা পড়ে ওর। আফগানিস্তানে বসে সে খবর পেলাম। নির্বাচন কমিশনের আন্তর্জাতিক প্রশিক্ষক হিসেবে গিয়েছিলাম সেখানে। ছয় মাসের মাঝে ছুটিতে এসে মালেককে দিল্লির অ্যাপোলো হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করিয়ে আনি। আবার ফিরে যাই আফগানিস্তানে। কোনোভাবে ছয় মাস কাটিয়ে আবার দেশে। তখনো সে চলাফেরা করতে পারত। এভাবে চার মাস কেটে যায়। সে স্থবির হয়ে পড়ে। দুই মাস আমি হাসপাতাল থেকে অফিস করেছি। প্রায় দেড় বছর অসুস্থ থাকার পর ২০০৬ সালে মারা যায় সে। মানুষটা চলে গিয়ে আমাকে অসহায় করে দিয়ে গেল। সবচেয়ে বেশি কষ্ট হয়েছে ছেলে দুটির। ওরা খুব বাবার ভক্ত।’ আবার তিনি ফিরে যান পেশাজীবনের গল্পে। ‘২০০০ সালে অনুসন্ধানী কর্মকর্তা হয়ে কসোভো যাই। বিপত্তিটা ঘটল যাওয়ার পরের দিন। সিঁড়িতে পড়ে পা ভেঙে গেল। ভর্তি করাল জার্মান সৈনিকদের হাসপাতালে। সেই হাসপাতালে থাকাকালে মনের সব ভয় কেটে যায়। ভাঙা পা নিয়ে মাঠপর্যায়ে কাজ করতে পারিনি। অফিসে বসেই কাজ করতাম। ওরা আমার কাজে খুব সন্তুষ্ট হয়েছিল। এ সময় একটু পরপর অভিনন্দন জানিয়ে অনেকে তাঁকে ফোন করতে থাকেন। কথা শেষে সেই হাসিমুখে বলেন, ‘এবার চট্টগ্রামে আমাদের কাজের সমন্বয়টা খুব ভালো ছিল। তাই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কাজটা ভালোভাবে শেষ করতে পেরেছি। তবুও অনেকে ভুল বুঝছে। বলছে, ফলাফল বদলে ফেলার জন্য দেরি করা হয়েছে। আসলে দূরের এলাকা থেকে ফলাফল আসতে তো সময় লাগে। এটা কেউ বুঝতে চায়নি। আমি দ্রুত সিদ্ধান্ত নিতে পারি। ভুলও কম হয়। এটি খুব কাজে লেগেছে। সুষ্ঠু ও সফলভাবে নির্বাচন করতে পেরেছি।’ মায়ের এ সফলতায় খুবই আনন্দিত আবদুল্লাহ শাইমুন ও আবদুল্লাহ মোহাইমেন। ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী শাইমুন। ‘মা আগেও অনেক ভালো কাজ করেছেন। তখন সবাই জানত না। এবার সবাই জেনেছে। অন্য রকম লাগছে।’ জেসমিন টুলীর ছোট ছেলে ‘এ’ লেভেলের শিক্ষার্থী মোহাইমেন বলেন, ‘মা তো বাসায় ফিরেই পড়তে বলেন। এবার বলেননি। মা অবসরই পান না। পেলেই টিভিতে খবর দেখেন। ছুটির দিনগুলো আমরা সবাই একসঙ্গে কাটাই।’ পাশে নতুন টিভিটা দেখিয়ে নির্বাচন কমিশনের উপসচিব জেসমিন টুলী বলেন, ‘ছেলেরা এবার এটা কিনে পাঠিয়েছিল চট্টগ্রামে। ভেবেছিলাম চট্টগ্রামেই ছোট টিভি কিনে নেব। ছেলেদের বলতে ওরাই কিনে দিল। এখন বুঝতে পারছি, এত বড় টিভি কেনার পেছনের উদ্দেশ্য। ওরা এটা দেখবে। আর আমি পুরোনোটায় খবর দেখব।’ আবার যেন স্বামীর অনুপস্থিতি টের পান। বলেন, ‘অসুখ ধরা পড়ার পর একসময় মালেকের ইচ্ছে হলো গাড়ি কেনার। আমি তখন আফগানিস্তানে ভালো বেতন পেতাম। সে টাকার প্রায় পুরোটাই জমা থাকত। ওকে বললাম, আমার টাকা দিয়ে কিনে ফেল গাড়িটা। ও রাজি হলো না। দেশে যখন ফিরলাম, তখন আর সে চলাফেরা করতে পারে না। দ্রুত আমাদের আদাবরের জমিটা বিক্রি করে ছেলেদের সঙ্গে নিয়ে গাড়ি কিনে আনলাম। মালেককে বললাম। ও বুঝেছিল কি না, জানি না। ওর সেই মুখ আজও মনে পড়ে। গাড়ি কেনা হলো, মানুষটা এ আনন্দ উপভোগ করল না।’ চোখ ভিজে ওঠে জেসমিন টুলীর। কাজপাগল এ মানুষটা এবার একটা বিরতি চান। কেননা গৎবাঁধা, ছককাটা জীবনে ভাবনাগুলো, স্বপ্নের জায়গাও সীমিত হয়ে যায়। তা তিনি চান না।