কাজাখস্তানে গণিতের বর্ণাঢ্য উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজাখস্তানের আস্তানায় হয়ে যাওয়া ৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশ নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ গণিত দলের শিক্ষার্থীরা। প্রতিযোগিতার পাশাপাশি নতুন নেটওয়ার্ক, একটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়া পাওয়া—সবই ছিল এবারের বর্ণাঢ্য আয়োজনে।লাল গালিচা সংবর্ধনাসদর রাস্তা থেকে স্বাধীনতা প্রাসাদের (প্যালেস অব ইনডিপেনডেন্স) দরজা পর্যন্ত লাল গালিচা পাতা হয়েছে। প্রাসাদের সামনে ঐতিহ্যবাহী কাজাখ পোশাক পরা বাদক দল, কাজাখ শিকারির পোশাকে একদল শিশু-কিশোর। বাদ্যের তালে তালে সারবেঁধে প্রাসাদে ঢুকেছে ৯৬টি দেশের ৫১৭ জন খুদে গণিতবিদ। এভাবে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের। বেশির ভাগ মধ্য এশিয়া এবং সামান্য একটু ইউরোপে অবস্থিত কাজাখস্তানের রাজধানী আস্তানায় সদ্যসমাপ্ত ৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের আসরে বর্ণাঢ্যতার আমেজ ছিল অন্যান্য যেকোনোবারের চেয়ে বেশি। সেই সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ অঙ্গীকারের প্রমাণ মিলেছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্টের এবং সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অলিম্পিয়াডে সর্বোচ্চ নম্বর পাওয়া (৪২-এ ৪২) চীনের শিক্ষার্থী নি জিপের হাতে পুরস্কার তুলে দেন। এবারই প্রথম কোনো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক ও রৌপ্যপদক বিজয়ীদের জন্য পদক ছাড়াও ছিল বিশেষ উপহার। স্বর্ণপদক বিজয়ীদের প্রত্যেককে একটি করে ল্যাপটপ উপহার দেওয়া হয়।বাংলাদেশের শিক্ষার্থীদের মেধার এই লড়াইয়ে অংশ নেওয়ার ষষ্ঠ বছর অতিক্রান্ত হলো। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে দেশব্যাপী অনুষ্ঠিত গণিত উৎসবের মাধ্যমে তারিক আদনান, প্রাণন রহমান খান, কাজী হাসান জুবায়ের, নাফিজা আনজুম ও হক মুহম্মদ ইশফাক বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়। তাদের সঙ্গে আস্তানায় যান দলনেতা মাহবুব মজুমদার ও উপদলনেতা মুনির হাসান।আস্তানা কোথায়?কম্পিউটারে সময় নির্ধারণকালে প্রত্যেকেরই মাথায় এ প্রশ্নটি আসে। কারণ, গ্রিনিচ মান সময়ের সঙ্গে ছয় ঘণ্টা যোগ করে সময় হয় বাংলাদেশের রাজধানী ঢাকায় আর কাজাখস্তানের রাজধানী আস্তানায়। অর্থাৎ পৃথিবীর মানচিত্রে ঢাকা বরাবর উত্তর গোলার্ধে খোঁজ করলেই কাজাখস্তানের এই নতুন রাজধানীর দেখা মিলবে। ১৯৯১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন হয়েছে কাজাখস্তান। সে সময় তাদের রাজধানী ছিল আলমাআতা (আলমআতার নাম পরিবর্তন করে সে বছরেই আলমাটি রাখা হয়)। আর ১৯৯৭ সালে বিশ্বের নবম বৃহত্তম আয়তনের এই দেশের নতুন রাজধানী হয় আস্তানা। দেশের মধ্যাঞ্চলে এই নতুন শহর গড়ে তুলছে সম্পদশালী কাজাখস্তান। জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদের দিক থেকে দেশটির অবস্থান যথাক্রমে সপ্তম ও ষষ্ঠ। রয়েছে আরও নানা খনিজ সম্পদ। বিশাল এই দেশে জনসংখ্যা মাত্র এক কোটি ৬০ লাখ। একসময়কার সোভিয়েত শাসনাধীন কাজাখস্তান এখন একটি মধ্য আয়ের দেশ। ১৯৯৭ সালে তারা গ্রহণ করে তাদের রূপকল্প-২০৩০। ২০৩০ সালের মধ্যে নিজেদের বিশ্বের প্রথম ৫০টি উন্নত দেশের সারিতে উন্নীত করতে চায় ১৪০টি জাতিসত্তার দেশ। সেই সঙ্গে রাজধানী আস্তানা প্রথম ২০টি শহরের মধ্যে স্থান পেতে চায়। ২০৩০ সালের স্বপ্নপূরণে অবকাঠামো নির্মাণ, জীবনযাত্রার মানোন্নয়ন আর নোবেল পুরস্কার পাওয়া বিজ্ঞানী গড়ে তোলার সংগ্রামে লিপ্ত হয়েছে কাজাখবাসী।উদ্বোধনী অনুষ্ঠান ও ‘ফুড পয়জনিং’৬ জুলাই স্বাধীনতা প্রাসাদের কংগ্রেস হলে আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। ৯৭টি দেশের শিক্ষার্থীদের সঙ্গে মূল আয়োজন প্যারেডে অংশ নেয় আমাদের শিক্ষার্থীরা। সে দেশের শিক্ষামন্ত্রী ও আইএমওর উপদেষ্টা পর্ষদের প্রেসিডেন্ট উভয়েই আশাবাদ ব্যক্ত করেন, সারা বিশ্বের মেধাবী শিক্ষার্থীরা একযোগে মানবসভ্যতার উন্নতির জন্য কাজ করবে। অনুষ্ঠানে ছিল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। কাজাখস্তানের আধুনিক গানগুলোর একটি শব্দ আমরা বুঝেছি—আস্তানা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থী, পর্যবেক্ষক আর উপদলনেতাদের নিয়ে বাসের বহর রওনা হয় বেলডারেনের দিকে। শহর থেকে ২৫০ কিলোমিটার দূরের জাতীয় উদ্যানের মধ্যে ওই স্বাস্থ্য ও শিক্ষাকেন্দ্র। বাস চলা শুরুর পরই বোঝা গেল, বহরের সামনে ও পেছনে পুলিশের গাড়ি, সঙ্গে আছে অ্যাম্বুলেন্স, চিকিৎসক। ২৫০ কিলোমিটার রাস্তা যেতে পাঁচ ঘণ্টারও বেশি সময় লেগেছে। মাঝ রাস্তায় প্রাকৃতিক কর্ম সারার জন্য যে স্থানে বিরতি দেওয়া হয়, সেখানের মাত্র কয়েকটি টয়লেট ৭০০ লোকের জন্য যথেষ্ট ছিল না। বেলডারেন ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত একটি শিক্ষা ও স্বাস্থ্যকেন্দ্র। প্রজাতন্ত্রের শিক্ষার্থীদের জন্য বিশেষ বিশেষ ক্যাম্প, অনুষ্ঠান আয়োজনের কেন্দ্র। লেকের পাড়ে চমৎকার পরিবেশে গড়ে ওঠা এই কেন্দ্রেই শিক্ষার্থীরা তাদের সময় কাটিয়েছে, পরীক্ষা দিয়েছে। অবশ্য টয়লেট নিয়ে অভিযোগের কমতি ছিল না শেষ দিন পর্যন্ত। সেখানে পৌঁছে রাতের বেলায় দেখা গেল, আমাদের শিক্ষার্থী ইশফাকের পেটে গড়বড়, ফুড পয়জনিং। কথাটা দায়িত্বরত ব্যক্তিদের জানানোর পর তাঁরা অবাক হয়ে বললেন, ‘এটা হতে পারে না। কারণ ফুডে আমরা কোনো “পয়জন” মেশাইনি!’পরীক্ষা, মূল্যায়ন ও উত্তর কোরিয়ার বিদায়৭ ও ৮ তারিখে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষাপর্ব। প্রথম দিনের পরীক্ষায় তিনটির মধ্যে বীজগণিত, সংখ্যাতত্ত্ব ও জ্যামিতির। দ্বিতীয় দিনে জ্যামিতি, কম্বিনেটরিকস আর বীজগণিতের। মূল্যায়নকালে দেখা গেল, ১ নম্বর সমস্যাটি সবচেয়ে সহজ ছিল আর এর পরে ৪ নম্বর। যথারীতি ৬ নম্বর সমস্যা ছিল সবচেয়ে কঠিন। কাজাখ সমন্বয়কারীদের সঙ্গে আমাদের বোঝাপড়া শুরু হয় ৯ তারিখ সকাল থেকে এবং প্রথম সমস্যা নিয়ে। এই প্রথমবার আমরা এক সেশনে একমত হতে পারলাম না। মুন ও ইশফাকের সমাধান নিয়ে দলনেতা মাহবুব মজুমদার সমানে লড়ে গেলেন সমন্বয়কারীদের সঙ্গে। দ্বিতীয় দফায় পরদিন সকালে আবারও সেই ঝগড়া। তারপর বিকেলে আয়োজকদের পক্ষ থেকে নতুন একজন সমন্বয়কারীকে দেওয়া হলে সম্মত হন মাহবুব। ১ নম্বর সমস্যা নিয়ে ঝামেলা হয়েছে প্রায় সব দেশেরই। কারণ, শতাধিক ভিন্ন ভিন্ন পদ্ধতিতে এ সমস্যার সমাধান করেছে শিক্ষার্থীরা, যার বেশির ভাগই সঠিক। ফলে নম্বর দেওয়া নিয়ে দলনেতাদের সঙ্গে সমন্বয়কারীদের ঝগড়া লেগেই ছিল শেষ সময় পর্যন্ত। আর সমন্বয়ের বেলায় সবচেয়ে সহজ হয়েছে ৪ নম্বর। জ্যামিতির এই সমস্যাটিরও ৫০টির বেশি সঠিক সমাধান ছিল, তবে তেমন কোনো বিতর্ক হয়নি।সমন্বয় শুরু হওয়ার আগের দিন অর্থাৎ ৮ জুলাই অলিম্পিয়াডের সবচেয়ে দুঃখজনক পর্ব। গভীর রাতে বিচারকদের এক জরুরি সভায় জানানো হয়, উত্তর কোরিয়ার শিক্ষার্থীদের উত্তরপত্রে অসংগতি লক্ষ করা গেছে। তাদের ৩ ও ৫ নম্বর সমস্যার সমাধানের সঙ্গে সরকারি সমাধানের ‘হুবহু’ মিল রয়েছে। উত্তর কোরিয়ার দলনেতা গোপনীয়তার নীতি ভঙ্গ না করলে এমনটি হওয়ার কথা নয়। উপস্থাপিত তথ্যের ভিত্তিতে ভোটাভুটিতে উত্তর কোরিয়ার অংশগ্রহণ বাতিল করা হয়। ১৯৯১ সালে একই কারণে উত্তর কোরিয়ার অংশগ্রহণ বাতিল হয়েছিল। বিচারকদের শেষ সভায় অংশগ্রহণ বাতিল করার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন বাংলাদেশের দলনেতা মাহবুব মজুমদার। দীর্ঘক্ষণের অনির্ধারিত আলোচনায় প্রতীয়মান হয়, কোনো দলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমাণের বিষয়টি বর্তমান নিয়মে যথাযথ নয়। সিদ্ধান্ত হয় আগামী বছর থেকে অলিম্পিয়াডের নীতিমালা সংশোধনের।অন্যদিকে অনানুষ্ঠানিক মূল্যায়নে দেখা যায়, উত্তর কোরিয়ার শিক্ষার্থীরা প্রায় সবাই খুবই ভালো ফল করত। উত্তর কোরিয়ার দুঃখজনক বিদায় ছাড়া এবারের মূল্যায়নকালে কোনো বড় ধরনের ঝামেলা হয়নি।অন্যদিকে ফলাফল ঘোষণার সময় দেখা গেল, ১৬ নম্বর পাওয়া পরীক্ষার্থীদের পদক দেওয়া হলে ৪৩ শতাংশ শিক্ষার্থী পদক পায়। নিয়মানুযায়ী ৫০ শতাংশের কম পদক দেওয়ার কথা। পরে জার্মানির দলনেতার প্রস্তাব অনুসারে ১৫ নম্বরে পদক দেওয়ার সিদ্ধান্ত হলে ৫১ শতাংশ শিক্ষার্থী পদক পায়।ঘোড়ার মাংস, ঘোড়ার মমি আর সংখ্যাপ্রেমসমস্যা সমাধানের পাশাপাশি একটি নতুন দেশের সংস্কৃতি, প্রকৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানা অলিম্পিয়াডের বৈশিষ্ট্য। কাজাখস্তানে এমনতর নানা আয়োজনের মধ্যমণি ছিল ঘোড়া। ধারণা করা হয়, কাজাখস্তান এবং পার্শ্ববর্তী মঙ্গোলিয়ায় মানুষ প্রথম বুনো ঘোড়াকে পোষ মানাতে সক্ষম হয়। কাজেই, শিকার করা থেকে শুরু করে দুধ আর মাংস খাওয়া—সবখানেই ঘোড়ার জয়জয়কার। কাজাখস্তানের জাতীয় পানীয় হলো ঘোড়ার দুধ-কুমিদ। এই দুধ দিয়ে বানানো হয় পনির, দই, মিষ্টি। আর ঘোড়ার মাংস হলো সবচেয়ে উপাদেয়। খাবারের মধ্যে আরেকটি হলো খাসি, ভেড়া ও গরুর আস্ত মাথা। সেদ্ধ করে রান্নার পর তা পোলাওয়ের সঙ্গে বড় থালায় পরিবেশন করা হয়। ঐতিহ্যগতভাবে কাজাখরা পাঁচ আঙুল ব্যবহার করে এটি খাওয়ার সময়।জাদুঘরে গিয়ে দেখা গেল আড়াই হাজার বছর আগের ঘোড়ার মমি। একটি স্থানে দেখা গেল ঘোড়ার গোবর সাজিয়ে রাখা হয়েছে! আমাদের জন্য আয়োজন করা হয় ঘোড়দৌড় আর ঘোড়া নিয়ে খেলা—কাজাখস্তানের জাতীয় ক্রীড়া। চমৎকার কসরত দেখিয়ে শিক্ষার্থীদের মন জয় করে স্থানীয় খেলোয়াড়েরা।রাজধানী আস্তানার নানা ভবন, মনুমেন্ট ও শপিং সেন্টার ছিল দেখার জন্য আকর্ষণীয়। এসব ক্ষেত্রে কাজাখদের সংখ্যা ও ইতিহাসপ্রিয়তা লক্ষণীয়। স্বাধীনতা স্তম্ভটি ৯১ মিটার উঁচু, কারণ ১৯৯১ সালে দেশটি স্বাধীন হয়েছে। ১৯৯৭ সালে আস্তানা রাজধানী হওয়ার বিষয়টি ধরে রেখেছে তারা ৯৭ মিটার বেইলেরেক টাওয়ারের মধ্যে। ৬ জুলাই উদ্বোধন করা হয় নতুন একটি শপিং ও বিনোদন কেন্দ্র ‘খান-এ সাতির’, যা কিনা দেখতে একটি তাঁবুর মতো।রাজধানীতে গড়ে তোলা হয়েছে একটি ‘মিনি কাজাখস্তান’, যেখানে কাজাখস্তানের ১৪টি অঞ্চল ও দুটি শহরের বৈশিষ্ট্যাবলি ফুটিয়ে তোলা হয়েছে (সাভারের হেরিটেজ পার্কের মতো)। ওখানে যাওয়ার পর জানলাম, ইউরি গ্যাগারিন মহাকাশে গেছেন কাজাখস্তান থেকে, ভ্যালেন্তিনা তেরেসকোভার বাড়ি এই কাজাখস্তানে।কাজাখদের মহান পূর্বপুরুষ কুবলাই খানের স্মরণে বানানো স্তম্ভ এবং তাঁর সিংহাসন দেখার সুযোগ হয়েছে। কুবলাই খান হিসেবে আমরা চিনলেও কাজাখদের এই জাতীয় বীরের আসল নাম—আবলাই খান।আর ছিলেন গণতান্ত্রিক কাজাখস্তানের প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভ। ১৯৯১ সাল থেকে সে দেশের প্রেসিডেন্ট নাজারবায়েভ। তাঁর প্রথম প্রাসাদটি এখন একটি জাদুঘর। সেখানে সাজানো রয়েছে স্বাধীন কাজাখস্তানের ঐতিহাসিক ঘটনাবলি।এগোচ্ছি আমরাষষ্ঠবারের মতো অংশগ্রহণ শেষে আমাদের প্রাপ্তি কেমন? ২০০৪ সালে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের প্রথম লক্ষ্য ছিল ২০১০ সালের মধ্যে একটি পদক পাওয়া। গেল বছর সেই স্বপ্ন আমাদের পূরণ হয়েছে। এ বছর তারিক আদনান ১ নম্বরের জন্য রুপার পদক পায়নি। প্রমাণিত হয়েছে, আমাদের শিক্ষার্থীরা এখন রুপার জন্য লড়তে পারে। জুবায়ের ও ইশফাকের পক্ষেও সম্ভব ছিল পদক জেতা। কারণ দুজনই দুটি সমস্যার সমাধান করতে পেরেছে, আংশিক হলেও। ‘ফুড পয়জনিং’ না হলে হয়তো ইশফাক আরও ভালো করতে পারত। নাফিজা আনজুম প্রথমবারের মতো অংশ নিয়ে একটি সমস্যার পূর্ণাঙ্গ সমাধান করেছে। এ সবই আমাদের এগোনোর চিহ্ন বলে মনে করেন কোচ মাহবুব মজুমদার। সাধারণভাবে এখন তিনটি সমস্যার সমাধানের জন্য আমাদের শিক্ষার্থীদের তৈরি হওয়া সম্ভব। তবে আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে। বিশেষ করে সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে হবে সাধারণ শিক্ষার্থীদের। গণিত অলিম্পিয়াডে পদক জেতাটাই জীবনের একমাত্র লক্ষ্য নয়। কিন্তু এই লক্ষ্য পূরণের চেষ্টার মাধ্যমে গড়ে উঠবে আমাদের গণিতযোদ্ধা, বিজ্ঞানাশ্রয়ী নতুন প্রজন্ম, যাদের হাত ধরে একদিন গড়ে উঠবে আমাদের স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলা। —স্পাসিবা সবাইকে ধন্যবাদ।বাংলাদেশের এ পর্যন্ত অর্জনসাল প্রতিযোগী নম্বর মোট নম্বর গড় মন্তব্য ২০০৫ ৬ ০৩ ০.৫ -২০০৬ ৪ ২২ ৫.৫ দুটি স. স্বী.২০০৭ ৫ ৩১ ৬.২৫ তিনটি স. স্বী.২০০৮ ৪ ৩৩ ৮.২৫ একটি স. স্বী.২০০৯ ৬ ৬৭ ১১.১৬ দুটি ব্রোঞ্জ তিনটি স. স্বী.২০১০ ৫ ৫৪ ১০.৮০ একটি ব্রোঞ্জ তিনটি স. স্বী.** স. স্বী: সম্মানজনক স্বীকৃতি