কাজাখস্তানে বিমান দুর্ঘটনায় নিহত ২১
কাজাখস্তানের বাণিজ্যিক রাজধানী আলমাতির কাছে একটি বিমান দুর্ঘটনায় ২১ জন প্রাণ হারিয়েছেন। কাজাখস্তানের কেন্দ্রীয় গণযোগাযোগ বিভাগের প্রধান এক টুইটার বার্তায় বলেন, ঘন কুয়াশার কবলে পড়ে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়। রয়টার্স জানায়, কাজাখস্তানের প্রসিকিউটর জেনারেল দপ্তরের এক তালিকায় বলা হয়েছে, বিমানে থাকা ১৬ জন যাত্রী এবং পাঁচজন পাইলটের সবাই নিহত হয়েছেন।কানাডায় নির্মিত বোম্বারডিয়ার চ্যালেঞ্জার সিআরজে ২০০ বিমানটি কাজাখস্তানের বেসরকারি বিমান কোম্পানি স্ক্যাটের। আলমাতি বিমানবন্দর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কিজিল তু গ্রামের কাছে এটি বিধ্বস্ত হয়।আলমাতি শহরের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী প্রধান ইউরি ইলিন বলেন, ‘বিমান বিধ্বস্ত হওয়ার সময় কোনো আগুন বা বিস্ফোরণ ঘটেনি।’সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন তুষার সরিয়ে বিমানটির ছিন্নবিচ্ছিন্ন অংশ দেখা যেতে পারে। ট্রাক্টর ও অন্যান্য ভারী যানবাহনের সাহায্যে তুষার কেটে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধারের অভিযান চলছে। তবে সাংবাদিকদের ঘটনাস্থল থেকে দূরে থাকতে বলা হয়েছে। কাজাখস্তানে এক মাসের বেশি সময়ে দুবারের মতো ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটল। দেশটিতে ঘন কুয়াশার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে। আজ মঙ্গলবারের ঘটনাস্থল কিজিল তু গ্রামে ঘন কুয়াশার কারণে সর্বোচ্চ ২০ থেকে ৩০ মিটার দূরের বস্তু দেখা যাচ্ছে। পুরো এলাকা ঢেকে আছে কুয়াশায়।এদিকে খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন আলমাতির সহকারী মেয়র মলেন মকাশেভ। তিনি বলেন, ‘মাটিতে পড়ার পর বিমানটির কোনো অংশই আর অক্ষত নেই।’