কাজিপুরে ইছামতী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজিপুর-ধুনট পাকা সড়কসংলগ্ন পাইকপাড়া গ্রামে ইছামতী নদী থেকে ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এ কারণে সড়কটি হুমকির মুখে পড়েছে।কাজিপুর-ধুনট রাস্তার পাশ দিয়ে ইছামতী নদী বয়ে গেছে। নদীর বুকে জেগে উঠেছে চর। ওই চরে স্থানীয় কৃষকেরা বিভিন্ন জাতের মৌসুমি ফসল চাষ করেছেন। পাইকপাড়া গ্রামের ছোবাহান ও আফজাল হোসেন অভিযোগ করেন, এই জেগে ওঠা চরে আমরা গত বছর থেকে আবাদ করছি। বর্তমানে এ এলাকায় আবাদের পরিধি বাড়ছে। কিন্তু এলাকার প্রভাবশালী ব্যক্তিরা বালু তোলায় একদিকে যেমন চরগুলো ভেঙে পড়ছে, অন্যদিকে সড়কটিও হুমকির সম্মুখীন হচ্ছে। ছোবাহান ও আফজাল আরও অভিযোগ করে বলেন, কাজিপুরের সোনামুখী ইউনিয়ন পরিষদের সদস্য উজ্জ্বল কুমার তাঁর লোকজন দিয়ে এক মাস ধরে পাইকপাড়া ইছামতী নদী থেকে বালু তুলছেন। নৌকার ওপর শ্যালো মেশিন বসিয়ে নদীর গভীর থেকে পাইপলাইনের মাধ্যমে ভাসমান অবস্থায় বালু তোলা হচ্ছে। ওই বালু স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের এলাকায় বিক্রি করা হচ্ছে। নদী থেকে বালু তোলায় পাকা রাস্তা ধসে পড়ার আশঙ্কা রয়েছে। ধুনট-কাজিপুর সড়কের পাইকপাড়া নদীর তীরে রাস্তা আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। এ জন্য সড়ক ও জনপথ বিভাগ গত বছর রাস্তার পূর্ব পাশে নদীর তীরে সিসি ব্লক ফেলে নদী রক্ষা করার চেষ্টা করে। এখন নদীতে পানি কমে যাওয়ায় আপাতত ভাঙন নেই। কিন্তু বর্ষা মৌসুমে নদীর ভাঙনে রাস্তা বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। রাস্তা ভাঙলে কাজিপুর ও ধুনট উপজেলার যোগাযোগব্যবস্থার বিপর্যয় ঘটতে পারে। এলাকাবাসী বালু তোলা বন্ধের জন্য স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করলেও কোনো কাজ হচ্ছে না।এ বিষয়ে উজ্জ্বল কুমার বলেন, ‘আমাদের লোকজন স্থানীয় লোকজনের সঙ্গে আলাপ-আলোচনা করে বালু তুলছে। প্রশাসনের কাছেও অনুমতি চাওয়া হয়েছে।’ কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার জানান, ইছামতী নদী থেকে বালু উত্তোলনকারীদের প্রাথমিকভাবে নিষেধ করা হয়েছে। এরপর কোনো ব্যক্তি বালু তুললে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, ইছামতী নদী থেকে বালু তোলার বিষয়টি জানার পর তাত্ক্ষণিকভাবে থানার পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।