কাজিপুরের ১২টি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শূন্য
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এসব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকেরা রাজনৈতিক নেতা ও স্থানীয় প্রভাবশালীদের কারণে সুষ্ঠুভাবে বিদ্যালয় পরিচালনা করতে পারছেন না বলে পড়ালেখার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এলাকাবাসী অবিলম্বে এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ পূরণের দাবি জানিয়েছেন। এসব বিদ্যালয় ঘুরে শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায় এসব কথা। ১২টি ইউনিয়নের কাজিপুর উপজেলায় ৩৭টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে কাজিপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বিয়াড়া নুরনবী উচ্চবিদ্যালয়, আলমপুর এনএম উচ্চবিদ্যালয়, গান্ধাইল বালিকা উচ্চবিদ্যালয়, পূর্ব খুকশিয়া উচ্চবিদ্যালয়, শুভগাছা টেংলাহাটা রফাতুল্লা উচ্চবিদ্যালয়, চালিতাডাঙ্গা বিবিএন উচ্চবিদ্যালয়, সোনামুখী উচ্চবিদ্যালয়, হরিনাথপুর উচ্চবিদ্যালয়, পরানপুর উচ্চবিদ্যালয়, রঘুনাথপুর উচ্চবিদ্যালয় ও কান্তনগর বিএল উচ্চবিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য হয়ে আছে। এর মধ্যে সোনামুখী উচ্চবিদ্যালয়ে ২০০৮ সালে প্রধান শিক্ষক অবসর গ্রহণ করার পর গত তিন বছরে পাঁচজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পালন করেছেন। স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতাদের ইচ্ছা-অনিচ্ছায় এসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদল হন বলে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়। বিদ্যালয়টির বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল বাকি বলেন, ‘ছয় মাস আগে আমি দায়িত্ব নিয়েছি। সব মহলের সহযোগিতা নিয়ে এখন সুষ্ঠুভাবে বিদ্যালয় পরিচালনার চেষ্টা করছি।’পরানপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিদা খাতুন জানান, তিনি ছয় বছর ধরে এই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আছেন। ২০০৫ সালে বেতন-ভাতা জটিলতায় তৎকালীন প্রধান শিক্ষক কোব্বাত হোসেনকে বিদ্যালয় থেকে চাকরিচ্যুত করার পর তিনি দায়িত্ব পান। আলমপুর এনএম উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুস সালাম বলেন, ২০০৪ সালের প্রধান শিক্ষক নুরুল ইসলাম অবসরে গেলে প্রধান শিক্ষকের পদে কাউকে আর নিয়োগ দেওয়া যায়নি। তিনি এক বছর ছয় মাস ধরে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন । শুভগাছা টেংলাহাটা রফাতুল্লাহ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স ম সোহরাব হোসেন এক বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, জনবলকাঠামো অনুযায়ী, এ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ১০ জন থাকার কথা। ফলে নতুন করে প্রধান শিক্ষক পদে আর কাউকে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে প্রধান শিক্ষকবিহীন এসব বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়ালেখার সুষ্ঠু পরিবেশ থেকে বঞ্চিত বলে এলাকাবাসী জানান। কারণ হিসেবে তাঁরা বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকেরা স্থানীয় রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা পরিচালিত হওয়ায় শিক্ষার গুণগত মান ধরে রাখা কঠিন হয়ে পড়ে তাঁদের জন্য।নাম প্রকাশ না করার শর্তে এসব বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানান, প্রধান শিক্ষক না থাকায় পড়ালেখাসহ তাঁদের অনেক সমস্যার সমাধান হচ্ছে না।পরান উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকবর আলী বলেন, যোগ্য প্রার্থী না থাকায় প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। সোনামুখী উচ্চবিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, উপযুক্ত প্রধান শিক্ষক না পাওয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে বিদ্যালয় চালাতে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, বাস্তবতার নিরিখে চিন্তা করে বিভিন্ন কারণে এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না। তবে শিগগিরই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।