কাজী কামাল মাফলার আর উলের কানটুপি বিক্রি করেন। এগুলো নিয়ে তিনি বসেন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকের পাশে। তবে শুক্র ও শনিবার নীলক্ষেতের ফুটপাতে বসেন।কামাল সদরঘাটে গিয়ে বিদেশ থেকে আসা পুরোনো কাপড়ের পাইকারি দোকান থেকে হরেক রকম মাফলার ও কানটুপি নিয়ে আসেন। তিনি জানান, পাইকারদের কাছ থেকে এগুলো কিনতে হয় শ হিসেবে, ১০০টির দাম পড়ে পাঁচ হাজার টাকা। সদরঘাট থেকে মাল নিয়ে আসার পর তিনি সেগুলো লন্ড্রি থেকে ‘বয়েল আয়রন’ করিয়ে আনেন। একটি মাফলার তিনি বিক্রি করেন ৫০ থেকে ১০০ টাকায়। নগরে শীত পড়তে শুরু করেছে। তাই তাঁর বেচাবিক্রি বেড়েছে, প্রতিদিন লাভ থাকছে ৫০০ থেকে ৬০০ টাকা। কাজী কামাল বেছে বেছে মাফলার, কানটুপি আনেন। এগুলো পুরোনো হলেও দেখতে কেতাদুরস্ত। বছর তিনেকের মধ্যে তাঁর কিছু নিয়মিত ক্রেতা তৈরি হয়েছে। তাঁরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।কাজী কামাল চার বছর ধরে শীতের সময় মাফলার ও কানটুপি বিক্রি করেন। আর গরমের সময় বিক্রি করেন তৈরি পোশাক কারখানার শার্ট-প্যান্ট। এগুলোয় টুকটাক সমস্যা থাকে বলে হকারেরা কারখানা থেকে কম দামে কিনে এনে বিক্রি করেন।কাজী কামাল থাকেন মুগদাপাড়া ঝিলপাড়ের মেসে। সকাল ১০টার মধ্যে রিকশা করে কাপড় নিয়ে চলে আসেন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে। দুপুরে রুটি-ভাজি খান উদ্যানের ভেতরেই। রাত ১০টা পর্যন্ত বেচাকেনা চলে। তারপর মেসে ফিরে যান।নিঃসন্তান কাজী কামালের স্ত্রী মারা গেছেন ১৫ বছর আগে। কামাল তাঁর চাচাতো ভাইয়ের ছেলে রজ্জুকে এমএ পর্যন্ত পড়িয়েছেন। জায়গাজমিও তাঁর নামে লিখে দেন। রজ্জু চাকরি পেয়ে ঢাকায় এলে কামালকেও সঙ্গে করে নিয়ে আসেন। একসময় রজ্জু ডিবি পেয়ে বউ নিয়ে যুক্তরাষ্ট্র চয়ে যান। রজ্জুর যাওয়ার টাকা জোগাড় করতে কামালের দেওয়া সব জমিজমা বিক্রি করতে হয়। রজ্জু প্রথম প্রথম আমেরিকা থেকে কামালকে কিছু টাকা পাঠাতেন। একপর্যায়ে টাকা পাঠানো বন্ধ হয়ে যায়। তখন কামাল বিক্রমপুরের টঙ্গিবাড়ীর রফিক নামের এক লোকের সঙ্গে ফুটপাতের পোশাক বিক্রির ব্যবসায় নামেন। প্রথম প্রথম রফিক তাঁকে খাওয়া-পরার টাকা দিতেন। কামাল বলেন, ‘ব্যবসাটা বোঝার পর নিজেই ধারদেনা করে চালান জোগাড় করি। এভাবেই আমার হকারি শুরু।’এখন কামালের পুঁজি ২০ হাজার টাকা। প্রতি মাসে কিছু কিছু টাকা সঞ্চয় করছেন কামাল। তিনি বলেন, ‘অনেক দিন প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেছি। এখন বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের কাছে কাপড় বিক্রি করি। আমার খুব ভালো লাগে। আমি খুব ভালো আছি, এখনো ছাত্রছাত্রীদের মধ্যে আছি।’