কাজী ফারুকের ‘জবর দখল’ থেকে প্রশিকাকে মুক্ত করার আহ্বান
অবৈধভাবে কার্যালয় দখল করে প্রশিকাকে মারাত্মক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন কাজী ফারুক। এই অভিযোগ তুলে তাঁর ‘জবর দখল’ থেকে প্রশিকাকে মুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এই বেসরকারি উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী মাহবুব উল করিম। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মাহবুব উল করিম এই আহ্বান জানান।সংবাদ সম্মেলনে মাহবুব উল করিম অভিযোগ করেন, আদালতের নির্দেশ অমান্য করে কাজী ফারুক বহিরাগত ও সশস্ত্র লোকজন নিয়ে প্রশিকা কার্যালয় দখল করেছেন। নিজেকে প্রশিকার চেয়ারম্যান পরিচয় দিয়ে নানা অপপ্রচার ও অপতত্পরতা শুরু করেছেন বলেও অভিযোগ করেন তিনি। কাজী ফারুকের দাবি, আদালতের রায় নিয়েই প্রশিকায় ঢুকেছেন তিনি। এ ব্যাপারে মাহবুব উল করিম বলেন, আদালত কাজী ফারুককে প্রশিকার সাবেক চেয়ারম্যান ঘোষণা করেছেন। কেবল তিনটি প্রয়োজনে তিনি প্রশিকা কার্যালয়ে যেতে পারবেন বলে আদালতের নির্দেশ রয়েছে। এগুলো হলো প্রধান নির্বাহীর সঙ্গে দেখা করা, পরিচালনা পরিষদের কোনো সদস্যের সঙ্গে দেখা করা বা পরিচালনা পরিষদের সঙ্গে দেখা করা। এ ক্ষেত্রে শর্ত হচ্ছে, কাজী ফারুককে প্রশিকায় যেতে হবে সম্পূর্ণ একা। কিন্তু সেদিন তিনি সদলবলে লোকজন নিয়ে প্রশিকা কার্যালয়ে ঢোকেন। মাহবুব উল করিম অভিযোগ করে বলেন, প্রশিকা দেশের অন্যতম প্রধান একটি বেসরকারি প্রতিষ্ঠান ছিল। কিন্তু কাজী ফারুক নিজের রাজনৈতিক উচ্চাভিলাষের জন্য একটি রাজনৈতিক দল করেন। প্রশিকার সম্পদ ও লোকবলকে তিনি তাঁর রাজনৈতিক কাজে ব্যবহার করে এই প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে নিয়ে যান। এসব কারণে প্রশিকার কর্মীরা ২০০৯ সালের মে মাসে আন্দোলন করে তাঁকে বিতাড়িত করেছিলেন। মাহবুব উল করিম ছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রশিকার পরিচালক আবদুর রব, সিরাজুল হক, জে কে বড়াল, সিরাজুল ইসলাম প্রমুখ।