আপনার খেলা দেখে গুণমুগ্ধ হওয়ার সৌভাগ্য আমার হয়নি। তবে দেশজুড়ে আপনার খ্যাতি আর প্রিয় দল আবাহনীকে কোচিং করানোর সময়টাতে আমার প্রিয় হয়ে ওঠেন আপনি। একসময় আবাহনী ছেড়ে যোগ দেন মুক্তিযোদ্ধায়। তারপর ফুটবলই ছাড়লেন। কিন্তু শিকড় ভুলে থাকতে পারলেন? ফুটবলই যে আপনার শিকড়।বাফুফের আগের কমিটির সহসভাপতি ছিলেন, তখন জাতীয় দলের কোচের বেতনের একটা অংশ জোগান দিয়েছেন আপনি। এরপর মৃতপ্রায় ফুটবলকে জাগানোর প্রতিশ্রুতি নিয়ে নির্বাচিত হয়ে এলেন সভাপতি পদে। শুরুতেই বড় স্পনসর আনলেন। সারা বছরই ফুটবল মাঠে থাকল। আপনারই উদ্যোগে আয়োজিত কোটি টাকার সুপার কাপ মাঠে টেনে আনল দর্শক। কিন্তু মাঠ থেকে আবার হারিয়ে গেল দর্শক। জাতীয় দলের ব্রাজিলিয়ান কোচ ডিডোকে অনাকাঙ্ক্ষিত বিদায় দিলেন। তৃতীয় পেশাদার লিগে হলো পাতানো খেলার ছড়াছড়ি। সুপার কাপের দ্বিতীয় আয়োজন হতে যাচ্ছে ডিসেম্বরে, কিন্তু দর্শকপ্রিয় এই টুর্নামেন্ট অনিশ্চয়তায় ছিল অনেক দিন।বাফুফের সাংগঠনিক ব্যর্থতা দেখা যাচ্ছে কর্মকাণ্ডে। সম্প্রতি ঘরোয়া ফুটবলে পাঁচজন বিদেশি ফুটবলার অনুমোদন করেছেন আপনি। একজন ফুটবলার হয়েও কী করে এ দেশের আগামী দিনের ফুটবলারদের পঙ্গু করে দেওয়ার মতো এমন হঠকারী সিদ্ধান্ত সমর্থন করলেন? বর্তমানে ফুটবলার সংকট চলছে, তা থেকে পাঁচ বিদেশি খেলোয়াড় এসে আপনাকে মুক্তি দিতে পারবে না। বরং সমস্যা আরও বাড়বে।শেখ জামাল সব খেলোয়াড় নিয়ে গেছে বলে আবাহনী-মোহামেডানের স্বার্থ দেখার দায়িত্ব তো এ দেশের ফুটবলাঙ্গন আপনাকে দেয়নি। যেখানে নতুন ফুটবলার তৈরি করাই আপনার প্রধান কর্মপরিকল্পনা হওয়ার কথা, সেখানে পেশাদার লিগের ১২টি দলে পাঁচজন করে বিদেশির খেলা মানে ৬০ জন দেশি ফুটবলারের খেলতে না পারা। মানহীন আফ্রিকান ফুটবলারের হাট বসেছে ঢাকায়। এসব নিম্নমানের বিদেশি ফুটবলার দেশের ফুটবলকে কিছুই দিতে পারবে না। তাই পাঁচ বিদেশি খেলানোর সিদ্ধান্ত পরিবর্তন করুন। ফুটবল ও ফুটবলারদের কল্যাণেই তা করা দরকার।রাকিব হাসান বিজয়, ইমামগঞ্জ, ঢাকা। প্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলো সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ,কারওয়ান বাজার, ঢাকা।