কাজীপাড়ায় ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা, সড়ক অবরোধ (ভিডিও)
রাজধানীর কাফরুল থানার পূর্ব কাজীপাড়ায় আজ রোববার ছাত্রলীগের এক নেতাকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে। নিহত ব্যক্তির নাম এ কে ফজলুল হক পাটোয়ারী (২৪)। তিনি ৯৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।ঘটনার প্রতিবাদে আজ বেলা একটার দিকে শেওড়াপাড়া এলাকায় সড়ক অবরোধ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা দুইটার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলো ডটকমকে বলেন, আজ বেলা সোয়া ১১টার দিকে পূর্ব কাজীপাড়ায় ইটখোলা মোড় বাজারসংলগ্ন জামে মসজিদের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন ফজলুল হক। এ সময় মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। আশপাশের লোকজন এগিয়ে এলে মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়। পরে ফজলুল হককে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত ফজলুল হকের বাবা হেদায়েতুল্লাহ পাটোয়ারী হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেননি। তবে পূর্ব শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।