কাজে আসছে না ৪৩ লাখ টাকায় নির্মিত পানিনিয়ন্ত্রণ অবকাঠামো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার আটোয়ারী উপজেলার তড়েয়া ইউনিয়নের পাহাড়ভাঙ্গা নামক স্থানে পেটকি খালের ওপর প্রায় ৪৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানিনিয়ন্ত্রণ অবকাঠামোটি কৃষকের কোনো কাজে আসছে না। অপরিকল্পিতভাবে অপেক্ষাকৃত নিচু এলাকায় এ অবকাঠামোটি নির্মাণের ফলে আমন মৌসুমে উজানের বিস্তীর্ণ জমিতে পানিপ্রবাহ যেতে পারছে না। খুব স্বল্প পরিমাণ আমনের জমিতে পানি সরবরাহ করা সম্ভব হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এলাকার কৃষকেরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে লিখিতভাবে জানিয়েছেন।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, বর্ষাকালে আমনের জমিতে সম্পূরক সেচ সুবিধার লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০০২-২০০৩ অর্থবছরে ৪২ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে চার ভ্যান্টবিশিষ্ট দুই মিটার দৈর্ঘ্য এই পানিনিয়ন্ত্রণ অবকাঠামোটি নির্মাণ করে। এলজিইডি দ্বিতীয় ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন সেক্টর প্রকল্পের আওতায় এই অবকাঠামোটি নির্মাণ করে। তত্কালীন স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার এই অবকাঠামো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নির্মাণকাজ শেষে পানি ব্যবস্থাপনা কমিটির কাছে হস্তান্তর করা হয়। প্রকল্পের উদ্দেশ্য ছিল বর্ষায় পানি আটকিয়ে উজানের ৫০০ হেক্টর উঁচু জমিতে পানি সরবরাহ নিশ্চিত করা।কৃষকদের অভিযোগ, উজানের মাত্র কয়েক হেক্টর জমিতে আমন চাষ করা যায়। আশপাশের অনেক জমিতেই পানি সরবরাহ করা সম্ভব হয় না। পানিনিয়ন্ত্রণ অবকাঠামোটি অপেক্ষাকৃত নিচু এলাকায় এবং নিচু করে নির্মাণের ফলে আশপাশের এলাকার কৃষকের জমিতে পানি সরবরাহ হয় না। গেট বন্ধ করে দিলে পানি ওপর দিয়ে বেরিয়ে যায়। ফলে আশপাশের জমিতে প্রকৃতির ওপর নির্ভর করে আমন চাষ করতে হয়।পশ্চিমপাড়া গ্রামের কৃষক তৈমুর রহমান, সরকারপাড়া গ্রামের কৃষক আমিনুল হক ও ছেপড়াঝাড় গ্রামের কৃষক জহিরুল হক বলেন, ‘অপেক্ষাকৃত নিচু স্থানে পানিনিয়ন্ত্রণ অবকাঠামোটি নির্মাণের ফলে আমাদের জমিতে পানি আসে না। আরও উঁচু করে নির্মাণ করা উচিত ছিল।’পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবু তাহের বলেন, পানিনিয়ন্ত্রণ অবকাঠামো কৃষকের তেমন কোনো কাজে লাগে না। আরও দুই ফুট উঁচু করা উচিত ছিল। সে সময় প্রকল্প পরিচালকের সঙ্গে এ নিয়ে কথা কাটাকাটি হয়েছে। ইতিমধ্যে এই পানিনিয়ন্ত্রণ অবকাঠামো অকার্যকর হয়ে গেছে।তড়েয়া ইউপি চেয়ারম্যান মো. কুদরত-ই-খুদা বলেন, ‘কী উদ্দেশ্যে এত টাকা খরচ করে এই পানিনিয়ন্ত্রণ অবকাঠামোটি নির্মাণ করা হয়েছে, তা বোঝা যায় না। আমার মনে হয়, স্থান নির্বাচনে ভুল হয়েছে। কারিগরি বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন। আশপাশের জমিতে পানির প্রবাহ নিতে গেলে ওভার ফ্লাড হয়ে যায়।এলজিইডির আটোয়ারী উপজেলা প্রকৌশলী অরূপ কুমার কুণ্ডু বলেন, স্থানীয় এলজিইডি এ কাজের সঙ্গে জড়িত নয়। সবকিছু ঢাকা থেকে করা হয়েছে। মূলত আমন মৌসুমে সম্পূরক সেচের জন্য এই অবকাঠামো। বর্তমানে তেমন কোনো কাজে লাগছে না এটি। তবে কৃষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ঢাকা থেকে প্রতিনিধিদল এসে দেখে গেছে।