কাজে যেভাবে সফলতা আসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজে সফলতার ক্ষেত্রে অন্যান্য বিষয়ের সঙ্গে বিভিন্ন মনস্তাত্ত্বিক বিষয় জড়িত থাকে। অনেক সময় এসব বিষয় পেশাজীবনে সফল হতে দারুণ সহায়তা করে, এমনকি এতে শুরু হতে পারে নতুন এক অধ্যায়ের। পেশাজীবনে সফল হতে এমন একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রেষণা, ইংরেজিতে যাকে বলে মোটিভেশন। ২০ জানুয়ারি ঢাকায় পেশাজীবনের সফলতায় মোটিভেশন বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করেছে চাকরির ওয়েব পোর্টাল প্রথম আলো জবস ডট কম এবং ডেইলি স্টার-এর সাপ্তাহিক ক্রোড়পত্র স্টার ক্যামপাস। প্রথম আলো কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় এ কর্মশালা।মূল বিষয়টি উপস্থাপনা করেন যুক্তরাষ্ট্রের ইমপ্রা কনসালটিং ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী মুনির হাসান খান। তিনি বলেন, গাড়ি যেমন জ্বালানি ছাড়া চলে না, তেমনি মানুষের জীবনে মোটিভেশন না থাকলে পেশাক্ষেত্রে সফল হওয়া যায় না।পেশা শুরুর আগে এটি একটি শক্তি হিসেবে কাজ করে। পেশাজীবন শুরু করার আগে প্রত্যেককে একটি সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য ধরে এগোতে হবে। স্বপ্ন থাকতে হবে অনেক বড়, স্বপ্ন দেখতে হবে সফলতার জন্য। আর সেটি নিজের ক্ষেত্রে কতটা বাস্তবসম্মত ও মানানসই তা নির্বাচন করে নিতে হবে আগেই। প্রত্যেক মানুষের কিছু স্বতন্ত্র গুণ ও প্রতিভা থাকে, এসব বিষয়ে গুরুত্ব দিতে হবে। নিজের সম্পর্কে জানতে হবে। নেতিবাচক চিন্তা-ভাবনা হটিয়ে দিয়ে সব সময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হবে। স্থির করে নিতে হবে জীবনের মোড় কোন দিকে ঘুরবে। ভালো কিছু করার তাড়না আসবে নিজের ভেতর থেকে। এখন পর্যন্ত অনেকে গতানুগতিক পেশা নিয়েই পড়ে আছেন, নিজের সৃজনশীলতা কাজে লাগিয়ে নতুন নতুন পেশা নির্বাচনে ঝুঁকি নিতে ভয় পান। প্রেষণার মাধ্যমে মন স্থির করে সঠিক পথে এগোলে অবশ্যই সফলতা আসবে। নিজের ওপর আস্থা ও আত্মবিশ্বাস বাড়াতে হবে। কোনো কাজে হয়তো শুরুতেই সফলতা আসবে না। প্রথমে সফল না হলে হতাশ হওয়া চলবে না। ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে। খুব সহজেই হাল ছেড়ে না দিয়ে পুনরায় নতুন উদ্যম নিয়ে কাজ করতে হবে। পেছন থেকে হয়তো অনেকে উপহাস করতে পারেন, সেদিকে নজর না দিয়ে নিজের গতিতে এগোতে হবে। চারদিকে ভালো ভালো কাজের সুযোগ খুঁজে বের করতে হবে। অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে থাকলে চলবে না, আর ভালো পেশা শুরু করার সবচেয়ে ভালো ও উপযুক্ত সময় হলো যৌবনকাল। এ সময়ের গতি কাজে লাগিয়ে সামনে এগোতে হবে। নিজকে তৈরির জন্য তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। বিভিন্ন বইপত্র ও ইন্টারনেট ঘেঁটে বিভিন্ন পেশা ও সফল পেশাজীবী সম্পর্কে জানলে পেশা, বিষয়ে একটা ধারণা তৈরি হবে। বিভিন্ন পেশা সম্পর্কে জানতে চাকরির মেলাগুলোতে অংশ নেওয়া যেতে পারে। বিভিন্ন পেশায় সফল হয়েছেন এমন মানুষের সঙ্গে কথা বলে নিজের লক্ষ্য স্থির করে নেওয়া যেতে পারে। ভালো ভালো প্রতিষ্ঠানে অনেক সময় স্বেচ্ছাসেবক হিসেবে লোক নেওয়া হয়। এসব জায়গায় কাজ করলে একদিক থেকে যেমন যোগাযোগ বাড়বে, তেমনি বাড়বে অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস। এভাবে নিজকে সময়োপযোগী করে তুলতে হবে। মুনির হাসান খান নিজের জীবনের উদাহরণ টেনে মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে সবাইকে সফলতার ক্ষেত্রে প্রেষণার গুরুত্ব বোঝান। সবশেষে তিনি একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে বিশ্বখ্যাত কয়েকজন ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী দেখান। সেখানে দেখানো হয়, কীভাবে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তাঁরা সফল হয়েছিলেন। কর্মশালায় বক্তৃতা করেন ডেইলি স্টার-এর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক শাহ্নুর ওয়াহিদ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ূম, প্রথম আলো জবসের প্রধান পরিচালন কর্মকর্তা রিয়াদ হোসেনসহ অনেকে।এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশনেন।