কাজে যোগ দিয়েছেন পোশাকশ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো গতকাল বুধবার সকালে খুলে দেওয়া হয়েছে। শ্রমিকেরা সকালেই কাজে যোগ দিয়েছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গত মঙ্গলবার আশুলিয়ায় পুলিশের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবার রাতে আশুলিয়া থানায় মামলা হয়েছে। আশুলিয়া থানার উপপরিদর্শক আহামেদ সঞ্জুর মোর্শেদ বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ৬০ হাজার অজ্ঞাতনামা উচ্ছৃঙ্খল ব্যক্তিকে আসামি করা হয়েছে। গতকালের পরিবেশ শান্ত থাকলেও কাজে যোগ দেওয়া শ্রমিকেরা মনে করছেন, নিম্ন মজুরিই অসন্তোষের মূল কারণ। তাঁরা গতকালও বলেছেন, ন্যূনতম পাঁচ হাজার টাকা মজুরি নির্ধারণ ও নিপীড়ন বন্ধ হলে কোনো শ্রমিক-অসন্তোষের ঘটনা ঘটবে না। যদিও পোশাক কারখানার মালিকদের দাবি, এ ক্ষেত্রে বাইরের ষড়যন্ত্র রয়েছে এবং কেউ কেউ ইন্ধন দিচ্ছে। এ কারণে অসন্তোষ বারবার সহিংসতায় রূপ নিচ্ছে।মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আব্দুস সালাম মুর্শেদী প্রথম আলোকে বলেন, সরকার পোশাকশিল্পের নিরাপত্তা নিশ্চিত করায় কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি সরকার কঠোর হওয়ায় শ্রমিক-অসন্তোষে ইন্ধনদাতারা সতর্ক হয়েছে। শ্রমিকেরা আন্তরিক হয়েছেন। তাই আশুলিয়ার পোশাকশিল্পে স্বস্তি ফিরে এসেছে।উল্লেখ্য, ব্যাপক শ্রমিক-অসন্তোষের মুখে বিজিএমইএ গত সোমবার রাতে আশুলিয়ার সব কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার কাজে যোগ দিতে এসে শ্রমিকেরা কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে উঠলে উত্তাল হয়ে পড়ে আশুলিয়ার গোটা শিল্পাঞ্চল। পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। এ পরিস্থিতিতে মঙ্গলবার রাতে বিজিএমইএ গতকাল থেকে কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আশুলিয়ার পুলিশ, কারখানার মালিক ও কর্মকর্তারা জানান, গতকাল সকালে শ্রমিকেরা কর্মস্থলে এসে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারখানাগুলোতে উৎপাদন অব্যাহত থাকে। কোনো কারখানায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশুলিয়ায় এনভয় গ্রুপের আয়রনম্যান ফারুক হোসেন, অপারেটর মিল্টন, অনন্ত গার্মেন্টস লিমিটেডের কোয়ালিটি ইন্সপেক্টর আরিফ হোসেন, শহীদুল ইসলামসহ বিভিন্ন কারখানার অর্ধশতাধিক শ্রমিক জানান, আগামী ২৮ জুলাইয়ের মধ্যে পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের সরকারি ঘোষণা এবং কর্তৃপক্ষ কারখানাগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তাঁরা কাজে ফিরেছেন।কথা হয় পোশাকশ্রমিক জাকিয়া-পলির সঙ্গে। জাকিয়া বলেন, ‘আমরা দুই বোইনে যে বেতন পাই, তা দিয়ে কেমনে চলি, বলেন? ঘরভাড়া, বাজারে জিনিসপত্রের যে দাম, তাতে কীভাবে চলবে?’সাভার-আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় এই দুই বোন টিনশেড বাড়ির এক রুম ভাড়া করে থাকেন। পলি কাজ করেন ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) একটি পোশাক কারখানায়, আর জাকিয়া বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের এক প্রতিষ্ঠিত পোশাক কারখানায়। কারখানার নাম প্রকাশিত হলে তাঁদের চাকরির ক্ষতি হতে পারে, সেই আশঙ্কায় নাম প্রকাশ না করার অনুরোধ করেন জাকিয়া।সাভারের বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, বটতলা, নিশ্চিতপুর এলাকার প্রায় অর্ধশত শ্রমিকের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তাঁদের সবার একই কথা, যে মজুরি তাঁরা পান, তাতে আর চলছে না। এসবি নিটিংয়ের রাজু জানান, পাঁচ হাজার টাকা বেতন দিয়ে দিলে আর আন্দোলন হবে না।ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় কয়েক দিন ধরে শ্রমিক-অসন্তোষ, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের পেছনের কারণ অনুসন্ধান করতে সরেজমিনে গিয়ে কম বেতনের অভিযোগই পাওয়া গেল সবচেয়ে বেশি। তবে শ্রমিকদের আরও অভিযোগ হচ্ছে, মধ্য সারির ব্যবস্থাপকেরা দুর্ব্যবহার করেন; বিশেষত, নারীশ্রমিকেরা এমন অভিযোগ করেন। এর বাইরে ওভারটাইমে (অতিরিক্ত সময়ে কাজ) ঘণ্টাপ্রতি মজুরি কম, রাতে কাজ করলে তারও মজুরি কম ও নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ আনেন শ্রমিকেরা।গত ১৪ জানুয়ারি সরকার পোশাক খাতের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ডে শ্রমিক প্রতিনিধি ন্যূনতম মজুরি ছয় হাজার ২০০ টাকা দাবি করেছেন। আর বিজিএমইএর পক্ষ থেকে মালিক প্রতিনিধি এক হাজার ৯৮৯ টাকা প্রস্তাব করেছেন। এখন পর্যন্ত ২০০৬ সালে সর্বশেষ মজুরিকাঠামো অনুসারে শ্রমিকের মজুরি দেওয়া হচ্ছে। এতে ন্যূনতম মজুরি হয় এক হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা। তবে দেশের প্রতিষ্ঠিত কারখানাগুলো নিজেদের মতো করে মজুরি বাড়িয়ে দিয়েছে।শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে পোশাক খাতে ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা নির্ধারণের দাবি করেছে। বিবৃতিতে স্কপ নেতারা বলেছেন, মালিকদের হঠাৎ কারখানা বন্ধের সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করেছে। এতে সংকট নিরসনে মালিকপক্ষের মনোভাব সম্পর্কে অনাস্থা ও সন্দেহ তৈরি হওয়ায় অবস্থার আরও অবনতি ঘটতে পারে। খোলেনি ওশেন গেট: অন্যান্য কারখানার শ্রমিকদের মতো গতকাল কাজে যোগ দিতে আসেন ডেন্ডাবর এলাকার ওশেন গেট কারখানার শ্রমিকেরা। কিন্তু কারখানার মূল ফটকে তালা ঝুলতে দেখে তাঁরা হতাশ হন। কারখানার সামনে কয়েক ঘণ্টা বসে থেকে পরে তাঁরা বাড়ি চলে যান। মজুরি বাড়ানোর দাবিতে এই কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ গত রোববার কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। কারখানা পরিদর্শনে সাংসদ: পোশাকশিল্পে অস্থিরতা নিরসনের আনুষ্ঠানিক দায়িত্ব পেয়ে সাভারের সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ গতকাল আশুলিয়ার বিভিন্ন কারখানা পরিদর্শন করেন। তিনি মালিক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং শ্রমিকদের সমস্যার কথা শোনেন। পরিদর্শনের পর প্রথম আলোকে তিনি বলেন, কম মজুরি ও শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের অশালীন আচরণই শ্রমিক-অসন্তোষের অন্যতম কারণ। এসব সমস্যা নিরসনে মালিক ও শ্রমিকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে আশুলিয়ায় পর্যবেক্ষণকেন্দ্র খোলা হয়েছে। এ ছাড়া প্রত্যেক মালিককে নিয়মিত কারখানায় থাকতে বলা হয়েছে, যাতে তাঁরা যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারেন।