কাজে লাগে না কেরানীগঞ্জের তিনটি কালভার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী, ডাকপাড়া ও পূর্ব বন্দডাকপাড়া এলাকায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর নির্মিত তিনটি কালভার্ট তেমন কোনো কাজে আসছে না। এলাকাগুলো ঘুরে দেখা গেছে, যেসব সড়কপথের অংশ হিসেবে কালভার্টগুলো তৈরি করা হয়েছিল, সেগুলোর দুই পাশের জলাশয় ভরাট করে ফেলা হয়েছে বা হচ্ছে। তাই সেগুলোর কার্যকারিতা হারিয়ে গেছে। পাশাপাশি ওই সব সড়ক প্রশস্ত করার ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়িয়েছে কালভার্টগুলো। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর ৫০ গজ দক্ষিণে ঢাকা-কেরানীগঞ্জ সড়কে কদমতলী এলাকার কালভার্টটি তৈরি করা হয়। এতে ব্যয় হয় এক কোটি ১৪ লাখ টাকা। স্থানীয় লোকজন জানান, কালভার্ট তৈরির সময় এর দুই পাশে জলাশয় ছিল। কিন্তু কালভার্টটি তৈরির পরপরই পূর্ব দিকের জলাশয় ভরাট করে তৈরি করা হয় হাসান বিপণিবিতান এবং পশ্চিম দিকের জলাশয় ভরাট করে স্থাপন করা হয় এ কে হাউজিং লিমিটেডের বহুতল ভবন ও বিপণিবিতান। জলাশয় নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় কালভার্টটি অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। তবে হাসান বিপণিবিতানের মালিক মো. হাসান জানান, কালভার্টটি দিয়ে এখনো সুয়ারেজ লাইনের পানিসহ বৃষ্টির পানি চলাচল করছে। কালভার্টটি নষ্ট হয়নি। এটি বন্ধ হয়ে গেলে বৃষ্টির পানিতে পুরো এলাকা ডুবে যাবে।ঢাকা-নবাবগঞ্জ সড়কের পূর্ব বন্দডাকপাড়া এলাকায় ২০০৩ সালে ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিত কালভার্টটিও এখন কার্যকারিতা হারিয়েছে। এলাকাবাসী জানান, যে জলাশয়ের ওপর কালভার্টটি তৈরি করা হয়েছে, তার উত্তর পাশে বালু ও ময়লা-আর্বজনা ফেলার কারণে সেটি আংশিক ভরাট হয়েছে। আর দক্ষিণ পাশে এম জে কাটিং সেন্টার নামের একটি প্রতিষ্ঠান কারখানা নির্মাণ করেছে। উত্তর-দক্ষিণে প্রবহমান জলাশয়টি যেকোনো সময় পুরোপুরি ভরাট হয়ে যেতে পারে।ঢাকা-নবাবগঞ্জ সড়কে ডাকপাড়া এলাকায় ২০০৩ সালে ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিত আরেকটি কালভার্টও অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। কালভার্টের দুই পাশে জলাশয়ের ২৫-৩০ গজের মধ্যে বালু ফেলে ভরাট করে ফেলা হচ্ছে। এতে জলাশয়টি এখন হুমকির মুখে। কালভার্টের পশ্চিম পাশে ঢাকা এগ্রো সারকারখানা এবং পূর্ব পাশে হাজি আলতাফ মার্কেট ও মমতাজ কাটিং কারখানা অবস্থিত। হাজি আলতাফ মার্কেটের দোকানমালিক মিলন মিয়া জানান, কালভার্টে নির্মাণের আগে এখানে একটি জলাশয় ছিল, কিন্তু জলাশয়টি বালু ফেলে ভরাট করা হচ্ছে। ঢাকা-নবাবগঞ্জ সড়কের বাসচালক শামসুল হক বলেন, এই সড়কের কালভার্টগুলো ভেঙে রাস্তা প্রশস্ত করা হলে যান চলাচলে সুবিধা হবে। বর্তমানে এই কালভার্টগুলো যান চলাচলের অনুপযুক্ত।এ ব্যাপারে সওজের উপসহকারী প্রকৌশলী মো. মঞ্জুরুল আলম বলেন, অকার্যকর কালভার্টগুলো ভেঙে রাস্তা নির্মাণ করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাস্তা প্রশস্ত করলে যান চলাচলে সুবিধা হবে।ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ বলেন, ‘বিগত চারদলীয় জোট সরকারের আমলে কালভার্টগুলো নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। যেসব কালভার্ট অকেজো পড়ে আছে, সেগুলো ভেঙে পয়োনিষ্কাশনে নর্দমা স্থাপন করা দরকার।’