কাজের অন্ত নেই, অভাব জনবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আপনার কোনো আত্মীয়কে উপজেলা পোস্ট অফিসে যেতে বললেন। তিনি ওই পোস্ট অফিসে পৌঁছার আগেই তার কাছে এক মিনিটের মধ্যেই আপনি মোবাইল মানি অর্ডার সার্ভিসে টাকা পাঠাতে পারেন।’বাংলাদেশ ডাক বিভাগ কী ধরনের সেবা দিচ্ছে, জানতে চাইলে এভাবেই ডাক বিভাগের গুরুত্ব বর্ণনা করেন ঢাকা নগর উত্তর বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ফরিদ আহমেদ।তিনি আরও জানান, ডাক বিভাগের মাধ্যমে এভাবে টাকা পাঠাতে খরচ কম, সময়ও কম লাগছে। আবার কেউ যদি মনে করেন যে টাকা পাঠানো হয়েছে, তা তখনই তিনি তুলবেন না—সে সুযোগও পাবেন ১৪ দিন। ১৫ দিন হয়ে গেলে শুধু সংশ্লিষ্ট পোস্ট অফিসে জানালে জরিমানা ছাড়াই ওই টাকা তোলা যাবে। দেশের এক হাজার ৯৬৮টি পোস্ট অফিসে এ সেবা পাওয়া যাচ্ছে। তবে কেউ যদি বলেন, তাঁর আত্মীয় পোস্ট অফিস পর্যন্ত কষ্ট করে যেতে চাইছেন না, তাহলে সেই আত্মীয় যাতে ঘরে বসেই টাকা পান, ডাক বিভাগ সে ধরনের সেবাও দিচ্ছে।ডাক বিভাগে রাজস্ব খাতের পোস্ট অফিস আছে এক হাজার ৫০টি। এ ছাড়া রয়েছে রাজস্ব খাতবহির্ভূত প্রায় আট হাজার অবিভাগীয় শাখা। এসব শাখায় কর্মীরা ভাতার বিনিময়ে কাজ করছেন। শুধু ঢাকা শহরেই আছে ৯৩টি পোস্ট অফিস। ঢাকা নগরে আছে ১৭৩টি চিঠির বাক্স। তবে অবকাঠামো থাকলেও ডাক বিভাগে জনবলের স্বল্পতা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে জানালেন বিভাগের কর্মকর্তারা।প্রিয়জনের কাছ থেকে খামে করে ডাকযোগে আসা চিঠি পাওয়ার অনুভূতি বর্তমান প্রজন্মের অনেকের কাছে প্রায় অজানা। টেলিফোন, মুঠোফোন ও ইন্টারনেট সে অনুভূতি কেড়ে নিয়েছে। তাই বলে বাংলাদেশ ডাক বিভাগের কাজ কমে গেছে বলে মনে করার কোনো কারণ নেই। ব্যক্তিগত চিঠি কমলেও বেড়েছে বাণিজ্যিক চিঠিপত্রের সংখ্যা। ঢাকা নগরের আয়তনও বেড়েছে। কিন্তু বাড়েনি বিভাগের জনবল। ফলে, এ বিভাগে কর্মরত ব্যক্তিদের প্রতিদিনই ‘সেবাই আদর্শ’ স্লোগান বাস্তবে রূপ দিতে এক রকম যুদ্ধ করতে হচ্ছে বলে জানালেন কর্মকর্তারা।এ ধরনের বাস্তবতায় আজ রোববার দেশে পালিত হবে বিশ্ব ডাক দিবস। ডাক বিভাগ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করবে।কাজের অন্ত নেই: ডাক বিভাগে কর্মকর্তারা জানালেন, সরকারের ভাতাভোগী ব্যক্তিদের ভোগান্তি কমানোসহ বিভিন্ন উদ্দেশ্য সামনে রেখে ডাক বিভাগ গত বছর থেকে চালু করেছে পোস্টাল ক্যাশ কার্ড। বয়স্ক-ভাতাসহ ভাতাভোগী ব্যক্তিদের ঘরে বসেই কার্ডের মাধ্যমে তাঁর প্রাপ্য টাকা পাওয়ার কথা। এতে ভোগান্তি কমবে। তবে এখনো ভাতাভোগীরা এ সুবিধা পাচ্ছেন না। লোকবলের অভাবে এই সুবিধা দেওয়া যাচ্ছে না। এ কার্ডের মাধ্যমে শপিং মল থেকে কেনাকাটা করারও ব্যবস্থা আছে। এ সুবিধাও কার্যকর হয়নি। তবে এ কার্ড ব্যবহারকারীরা যেসব পোস্ট অফিসে এই সুবিধা আছে, সেখান থেকে টাকা তুলতে ও অন্য কারও অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। এ ছাড়া ঢাকা দক্ষিণের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমরা যে কাজ করি, অনেক ক্ষেত্রে তার যথাযথ গুরুত্ব দেওয়া হয় না, যেমন—জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার উত্তরপত্র বহন করে ডাক পরিবহন। এ কাজ করতে হচ্ছে ২০ থেকে ৩০ বছরের পুরোনো যানবাহন দিয়ে। যানবাহনগুলোতে কোনো নিরাপত্তারক্ষী নেই। অথচ খাতা হারিয়ে গেলে সেই ঘটনা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’ এ ছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বইপত্র, পাসপোর্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রও প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার কাজ করছে ডাক বিভাগ।এ ছাড়া ডাক বিভাগ দৃষ্টিপ্রতিবন্ধীদের উপযোগী ব্রেইল পদ্ধতির বইপত্র, সাময়িকীসহ ‘অন্ধ সাহিত্য প্যাকেট/ সামগ্রী’ আট হাজার গ্রাম ওজন পর্যন্ত কোনো ফি ছাড়াই পাঠানোর সুযোগ দিচ্ছে। ২০০০ সাল থেকে ‘ই-পোস্ট’ নামে ইলেকট্রনিক ডাকসেবা চালু হয়েছে। দেশের ভেতরে সংবাদ আদান-প্রদান ছাড়াও স্ক্যানিং করা ছবি ই-পোস্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে।বৈদেশিক ডাক: ঢাকার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. মনির হোসেন বিদেশে চিঠিপত্র, পার্সেলসহ বিভিন্ন দ্রব্য পাঠানোর বিষয়টি তুলে ধরেন।‘সর্টিং অ্যান্ড এয়ার’ বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. আজাদুল ইসলাম বলেন, তাঁদের প্রতিদিনের সব চিঠি বাছাই করে সেগুলো আলাদা আলাদা ব্যাগ তৈরি করে দেশে ও দেশের বাইরে পাঠানোর কাজটি করতে হয়। এ বিভাগে ৪৪৫ জন কর্মীর মধ্যে ১০২টি পদই খালি।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মী খানিকটা ক্ষোভ প্রকাশ করেই বলেন, শুধু পোস্টাল লাইফ ইনস্যুরেন্সের মাধ্যমেই ডাক বিভাগ প্রতিবছর ১০০ কোটি টাকা প্রিমিয়াম আয় করে। সরকারের অভ্যন্তরীণ উৎসের মধ্যে মূল টাকা আসছে পোস্ট অফিস থেকে আদায় করা টাকায়। কিন্তু সরকার এ বিষয়গুলোকে মূল্যায়ন করে না।১৯৮৪ সালের জনবলকাঠামো দিয়েই চলছে বাংলাদেশ ডাক বিভাগ। শুরুর পদগুলোতে (অ্যান্টি লেভেল) কর্মরত ব্যক্তিদের পদোন্নতি সময় হলেও পদগুলো শূন্য হবে—এ কারণে পদোন্নতি দেওয়া হচ্ছে না বলে কর্মকর্তারা জানালেন। ফলে, পদোন্নতির ক্ষেত্রেও হতাশার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ডাক বিভাগের (অতিরিক্ত দায়িত্ব) মহাপরিচালক নায়েব দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়া আমরা জনবল নিয়োগ দিতে পারি না। এই মুহূর্তে ডাক বিভাগের বড় সমস্যা জনবলের। মন্ত্রণালয়ে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। আশা করি, শিগগিরই সমস্যার সমাধান হলে আমরা জনগণকে আরও সেবা দিতে পারব।’