কাজের ক্ষেত্র বাজার জরিপ ও গবেষণা
দুনিয়াজুড়েই বড় বড় প্রতিষ্ঠান তাদের পণ্যের গুণগত মান বাড়াতে ও ভোক্তার চাহিদা বুঝে পণ্য বাজারে ছাড়ার ব্যাপারে গুরুত্ব দিয়ে থাকে। একটি পণ্যের বিষয়ে জনমত কোন দিকে, জনগণ আরও কী কী সুযোগ-সুবিধা পেতে চায়, তা নির্ণয় করে বাজারে পণ্য সরবরাহ করে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। আর এই কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহূত হয় বাজার জরিপ ও গবেষণা পদ্ধতি। বাংলাদেশেও বহুজাতিক ও বড় বড় দেশি প্রতিষ্ঠান পণ্যের বাজার-চাহিদা যাচাই করার জন্য এ পদ্ধতি প্রয়োগ করে।এ কাজের জন্য বেশ কিছু প্রতিষ্ঠানও কাজ করছে। শুধু পণ্য নয়, নির্দিষ্ট কোনো বিষয়ে জনমত যাচাইয়ের কাজও করে অনেক প্রতিষ্ঠান।এ ধরনের কাজ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে এই অঙ্গনে কাজের পরিধি। তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ। এখানে তরুণদের খণ্ডকালীন কাজের সুযোগ যেমন তৈরি হচ্ছে, তেমনি স্থায়ী কাজেরও সুযোগ বৃদ্ধি পাচ্ছে দিন দিন।কাজের ধরনবাজার জরিপ ও গবেষণা প্রতিষ্ঠানে কাজের ধরন কিছুটা আলাদা। এখানে যেমন মাঠে গিয়ে গিয়ে ভোক্তার মতামত খুঁজে বের করতে হয়, তেমনি ফিরে এসে সেগুলো বিশ্লেষণও করতে হয়। বাজার জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান ওআরজি-কোয়াস্ট রিসার্চ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনজুরুল হক বলেন, ‘বাজারের বিভিন্ন পণ্যের দিকে ভোক্তাদের আগ্রহ বা অনাগ্রহসহ বিভিন্ন চাহিদা খুঁজে বের করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গবেষণাকাজ পরিচালনা করে থাকে। এই জরিপ ও গবেষণার কাজ বিভিন্ন ধাপে সম্পন্ন করা হয়। প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ করতে হয় মাঠে গিয়ে, মানুষের সঙ্গে কথা বলে। তারপর এগুলো বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করতে হয়। বিভিন্ন ধাপের এ কাজগুলোতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। এখানে যেমন খণ্ডকালীন কাজ করা যায়, তেমনি স্থায়ীভাবেও কাজ করার সুযোগ রয়েছে। তবে খণ্ডকালীন কাজের মেয়াদ নির্ভর করে প্রকল্পের মেয়াদের ওপর ভিত্তি করে। কোনো প্রকল্প এক সপ্তাহে যেমন শেষ হয়, তেমনি আবার কোনো প্রকল্প শেষ হতে তিন মাস সময়ও লাগে। এভাবে প্রকল্পের ওপর ভিত্তি করে কাজের সময় নির্ধারিত হয়।’যেসব কাজ হয়জরিপ ও গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোতে অনেক ধরনের কাজ করা হয়। এটি মূলত প্রকল্প ও প্রতিষ্ঠানের কাজের ধরনের ওপর নির্ভর করে। কোয়ান্টাম মার্কেট রিসার্চ বাংলাদেশের ব্যবসায় উন্নয়ন পরামর্শক সামারুখ ফখরুদ্দীন জানালেন, ‘বাজার জরিপ ও গবেষণা প্রতিষ্ঠানে বেশ কিছু কাজে খণ্ডকালীন চাকরির সুযোগ আছে। যাঁরা পড়ালেখার পাশাপাশি আয় করতে চান, তাঁদের জন্য এ কাজগুলো বড় একটি সুযোগ। বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এ ধরনের কাজের সঙ্গে বেশি জড়িত হচ্ছেন।’ বাজার জরিপ ও গবেষণার জন্য মাঠ পর্যায়ে গিয়ে তথ্য সংগ্রহ করার সময় বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নিতে হয়। এই কাজও খণ্ডকালীন হিসেবে করা যায়। মাঠ থেকে ফেরত আসার পর ধারণকৃত সাক্ষাৎকার শুনে শুনে গুছিয়ে লেখার জন্যও খণ্ডকালীন লোক নিয়োগ করা হয়।আবার বাজার জরিপ ও গবেষণার কাজগুলো বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বেলায় করা হলে তাদের বিভিন্ন তথ্য ও প্রতিবেদন ইংরেজিতে তৈরি করে দিতে হয়। এ ক্ষেত্রে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করতেও খণ্ডকালীন লোক নিয়োগ দেওয়া হয়। ডেটা এন্ট্রি, কম্পোজসহ কম্পিউটারের বিভিন্ন কাজেও খণ্ডকালীন লোক নিয়োগ দেওয়া হয়। এসব কাজের পাশাপাশি অনেক অভিজ্ঞ লোককেও গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজের জন্য খণ্ডকালীন নিয়োগ দেওয়া হয়। স্থায়ী কাজের জন্য রয়েছে বাজার জরিপ বিশ্লেষক, পরামর্শক, গবেষক, প্রোগ্রামার, মাঠ সুপারভাইজার, প্রশাসনিক কর্মকর্তা প্রভৃতি।যাঁদের জন্য এই কাজবাজার জরিপ ও গবেষণার কাজটি কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কেননা এই কাজের মাধ্যমে প্রাপ্ত প্রতিবেদনের ওপর নির্ভর করে অনেক বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়। বাজার গবেষণার প্রতিষ্ঠান এমআরসি মোডের মহাব্যবস্থাপক শিরিন আবেদীন বললেন, বাজার জরিপ ও গবেষণামূলক কাজ করতে চাইলে এই কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। একই সঙ্গে দায়িত্ব নিয়ে কাজ সম্পন্ন করতে হবে।আবার কেউ যদি এই ক্ষেত্রটিতে পেশা গড়তে চান, তাহলে তাঁকে মাঠকর্মী হিসেবে বিভিন্ন ছোট ছোট কাজের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ধাপে ধাপে এগোতে হবে। স্থায়ীভাবে জরিপ ও গবেষণামূলক প্রতিষ্ঠানে কাজ করতে গেলে পরিসংখ্যান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, গণিতসহ এ সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষিত গৃহিণীরা খণ্ডকালীন হিসেবে এই কাজের সঙ্গে জড়িত হতে পারেন। খণ্ডকালীন কাজ করার জন্য পড়াশোনার বিষয় যা-ই হোক না কেন, তাতে কোনো সমস্যা হয় না।এই কাজে ভালো করতে হলেবাজার জরিপ ও গবেষণার কাজে ভালো করতে হলে বেশ কিছু বিষয়ে নজর দিতে হবে। মনজুরুল হক বলেন, যেহেতু এই কাজ মাঠে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে করতে হয়, তাই এতে ভালো করতে গেলে মানুষের সঙ্গে কথা বলার মাধ্যমে তথ্য খুঁজে বের করার দক্ষতা থাকতে হবে। এর জন্য ধৈর্য একটি বড় গুণ, তাই ধৈর্য থাকতে হবে। এসব বিষয়ের সঙ্গে সঙ্গে কৌতূহলী মন এবং বুদ্ধি খাটিয়ে প্রশ্ন করাও একটি অন্যতম দিক বলে মনে করেন তিনি।সামারুখ ফখরুদ্দীন জানান, জরিপ ও গবেষণার কাজের ক্ষেত্র হিসেবে একটি জায়গাজুড়ে আছে বাংলা ও ইংরেজি দুই ভাষায় দক্ষতা অর্জন। একদিক থেকে বাংলা ভাষায় যেমন ভালো লিখতে জানতে হবে, তেমনি বাংলা থেকে ইংরেজি করার ক্ষেত্রেও সমান দক্ষ হতে হবে। তাহলে এ সংক্রান্ত কাজ পেতে সুবিধা হবে।বাজার গবেষণা ও জরিপের কাজের জন্য বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কাজ করতে হয়। অনেক সময় এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে কাজ করতে হয়। শিরিন আবেদীন জানান, এ কাজের ক্ষেত্রে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কাজ করার মানসিকতা থাকতে হবে। বিভিন্ন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে কাজ করার অভ্যাস গড়ে তুলতে হবে। কম্পিউটার বিষয়ে নানা ধরনের দক্ষতাও এই কাজের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হিসেবে কাজ করে। এই কাজে একবার ভালো দক্ষতা দেখাতে পারলে অভিজ্ঞতার ঝুলি যেমন বাড়বে, তেমনি ভালো ভালো কাজের ডাকও মিলবে।নিয়োগ হয় যেভাবেবাজার জরিপ ও গবেষণার নানা ধরনের কাজের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে লোক নিয়োগ করা হয়ে থাকে। এ সংক্রান্ত কাজ সারা বছর চলে বলে কাজের সুযোগও সব সময় থাকে। বিভিন্ন সময়ে এ সংক্রান্ত প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি বোর্ডে, চাকরির ওয়েবসাইট বা পত্রিকার মাধ্যমে লোক নিয়োগ দেওয়া হয়। আবার যাঁরা আগে এ সংক্রান্ত কাজ করেছেন, তাঁদের সরাসরি ডেকেও এসব কাজে নিয়োগ দেওয়া হয়। বিভিন্ন চাকরির মেলায়ও এসব কাজের খোঁজ মেলে। তবে এই কাজ আগে করেছেন এমন কারও কাছ থেকে এর খোঁজ পাওয়া সহজ।