মুক্তিযুদ্ধের প্রকল্পগুলো নিয়ে কাজের চেয়ে কথা হচ্ছে বেশি। মন্ত্রণালয়ের চলমান ও প্রস্তাবিত ১৫ প্রকল্প পর্যালোচনা করে এমন চিত্র পাওয়া গেছে। সংরক্ষণের কথা বলা হলেও বধ্যভূমিগুলো একের পর এক বেদখল হয়ে গেছে বা সেখানে গড়ে উঠেছে ব্যক্তিগত স্থাপনা। সম্মুখসমরের স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ, প্রতিটি জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরিসহ মন্ত্রণালয়ের প্রকল্পগুলো নিয়ে আলোচনা যতটা হচ্ছে, অগ্রগতি সেই তুলনায় সামান্য।স্বাধীনতাযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণের লক্ষ্যে ২০০১ সালের ২৩ অক্টোবর জোট সরকার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গঠন করে। তারা পাঁচ বছরে রাজনৈতিক উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস কাটাছেঁড়া করতে গিয়ে সব উদ্যোগ, প্রকল্প ও পদক্ষেপ বিতর্কিত করে তোলে। মহাজোট সরকারের সময়ও মন্ত্রণালয়ের কাজকর্ম গতিশীল হয়নি। মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই নিয়েই মন্ত্রণলয়ের প্রধান ব্যস্ততা। এ-সংক্রান্ত একটি ফরম তৈরি করতেই কেটে গেছে আড়াই বছর, অথচ তা চূড়ান্ত হয়নি।আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে (১৭.১) বলা হয়, ‘সারা দেশে মুক্তিযুদ্ধকালীন বধ্যভূমি ও গণকবর চিহ্নিতকরণ, শহীদদের নাম-পরিচয় সংগ্রহ এবং স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।’ কিন্তু সে অনুযায়ী এসব কাজ গত তিন বছরে খুব এটা এগোয়নি।ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির হিসাবে, দেশে বধ্যভূমি পাঁচ হাজারের বেশি। ঢাকায় বধ্যভূমি ৭০টি। রায়েরবাজার, জল্লাদখানাসহ গুটিকয়েক বধ্যভূমি সরকারসহ সচেতন নাগরিকদের নজরে রয়েছে, কিন্তু অধিকাংশই ইট-পাথরের নিচে চাপা পড়েছে অথবা বেদখল হয়ে গেছে। কমিটির আহ্বায়ক ও বধ্যভূমি বিষয়ে গবেষক এম এ হাসান জানান, তাঁরা ৯৪৫টি বধ্যভূমির আলোকচিত্র জোগাড় করেছেন। সরকার চাইলে কমিটি সহায়তা করতে প্রস্তুত। তিনি বলেন, মন্ত্রণালয় চায় মোটা অঙ্কের টাকায় বড় বড় প্রকল্প নিতে। কিন্তু সবার আগে প্রয়োজন বধ্যভূমিগুলো চিহ্নিত ও ম্যাপিং করা। এরপর পর্যায়ক্রমে একটি স্মৃতিস্তম্ভ ও স্মৃতিফলক করা যায়।ঝুলে আছে বধ্যভূমি সংরক্ষণসহ আট উদ্যোগ: মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় প্রথমে ১৭৬টি বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। পরে বাছাই করে ৫১ কোটি টাকা ব্যয়ে ১২৯টি বধ্যভূমি সংরক্ষণে উদ্যোগ নিলেও তিন বছরে কাজই শুরু হয়নি। গত ১০ জুলাই প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পাঠানোর পর সেটি ঝুলে আছে।বধ্যভূমির পাশাপাশি শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণের জন্য প্রায় একই সময়ে আরেকটি উন্নয়ন প্রকল্পের প্রস্তাব হাতে নেওয়া হয়। এ জন্য প্রথমে ১২ কোটি টাকা ব্যয়ে ৩৩৯টি সমাধিস্থল চিহ্নিত করা হয়। এই প্রকল্পও পরিকল্পনা কমিশনে রয়েছে।এ ছাড়া মন্ত্রণালয়ের অন্যান্য প্রকল্পের মধ্যে ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আশ্রয়ণ প্রকল্প, সব উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, মিরপুরে ‘মুক্তিযোদ্ধা পল্লি’ নির্মাণসহ কয়েকটি প্রকল্প অনেকটা স্থবির রয়েছে।সম্মুখসমরের স্থান নির্ধারণ প্রকল্পের অবস্থা: মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য সম্মুখসমরের স্থানগুলো সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পে প্রাক্কলিত ব্যয় সাড়ে ১০ কোটি টাকা। এডিপিতে বরাদ্দ দুই কোটি টাকা, অক্টোবর পর্যন্ত কোনো টাকা অবমুক্ত করা হয়নি। প্রকল্পের আওতায় ১৪টি স্মৃতিস্তম্ভ নির্মাণ করার কথা। ইতিমধ্যে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া, ফেনীর শুভপুর, খুলনার শিরোমণিসহ ছয়টি স্মৃতিস্তম্ভ নির্মাণ হয়েছে। বাকিগুলোর কাজ চলছে। ২০০৮ সালের জুলাইয়ে শুরু হওয়া এই প্রকল্প কয়েক দফা সংশোধিত হয়ে আগামী জুনে এটি শেষ হওয়ার কথা।১৫ তলা ভবন নির্মাণ, সময় এক বছর: রাজধানীর মোহাম্মদপুরের গজনবী সড়কে মুক্তিযোদ্ধাদের কল্যাণে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ প্রকল্পে প্রাক্কলিত ব্যয় ৬৫ কোটি টাকা। এডিপিতে বরাদ্দ আছে ৩০ কোটি টাকা, অবমুক্ত হয়েছে সাড়ে সাত কোটি টাকা। অক্টোবর পর্যন্ত খরচ হয়েছে দুই কোটি ৬৮ কোটি টাকা। ২০১০ সালের জানুয়ারিতে শুরু হওয়া এই প্রকল্প ২০১২ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও এটা সম্ভব হচ্ছে না। ভবনটি হবে ১৫ তলা, এ জন্য সময় হাতে আছে এক বছর।গতকাল বৃহস্পতিবার প্রকল্পস্থানে গিয়ে দেখা যায়, ভবনের পাইলিং ও মাটি কাটার কাজ শেষ হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানের প্রকৌশলী শাহাবুদ্দিন জানান, গত ১৬ জুলাই থেকে কাজ শুরু হয়েছে। দুই বছরের মধ্যে কাজ শেষ হবে। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণে শম্বুকগতি: ২৭ জেলার ৩৫টি স্থানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ করার কথা। এতে খরচ হবে ২৩ কোটি ৯১ লাখ টাকা, এডিপিতে বরাদ্দ আছে ১০ কোটি টাকা। অক্টোবর পর্যন্ত মাত্র ৩৪ হাজার টাকা খরচ হয়েছে। নির্ধারিত সময়ে এই প্রকল্প শেষ হওয়ার সম্ভাবনা নেই।৬৪ জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, কাজ শুরু নয়টির: দেশের ৬৪ জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণে ১১৯ কোটি টাকা খরচ হবে। চলতি অর্থবছরে বরাদ্দ ৩৮ কোটি টাকা। অক্টোবর পর্যন্ত অবমুক্ত হয়েছে ১৯ কোটি টাকা, অক্টোবর পর্যন্ত ব্যয় এক কোটি ১৫ লাখ টাকা। ২০১৩ সালের জুনে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হবে না। জোট সরকার এই প্রকল্প হাতে নিয়েছিল।প্রকল্পের পরিচালক সৈয়দ মজিবুল হক প্রথম আলোকে বলেন, প্রতিটির জন্য বরাদ্দ দেড় কোটি টাকা। ২৩টির নকশা পাওয়া গেছে। কাজ শুরু হয়েছে নয়টি কমপ্লেক্সের। তিনি আশা করেন, ২০১২ সালের মধ্যে ৩০টির কাজ শেষ হবে।মুক্তিযোদ্ধা হাসপাতালের স্থান বদল: মিরপুরে মুক্তিযোদ্ধাদের কল্যাণে প্রতিষ্ঠিত হাসপাতালের অধিকতর উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পে প্রাক্কলিত ব্যয় ৭৫ কোটি টাকা। কোনো টাকাই অবমুক্ত হয়নি। প্রকল্পের স্থান মিরপুর থেকে তেজগাঁওয়ে পরিবর্তিত হওয়ায় নতুন করে ডিপিপি প্রণয়ন করতে হচ্ছে।জোট আমলে শহীদদের স্মৃতিফলক: জোট সরকারের মেয়াদে মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হলেও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে বিতর্ক তৈরি হয়। এ সময় প্রতিটি জেলা সদরে শহীদ মুক্তিযোদ্ধাদের নামসংবলিত স্মৃতিফলক নির্মাণে প্রকল্প হাতে নেওয়া হয়।রংপুর সদরে স্থাপিত স্মৃতিস্তম্ভে কয়েকজন শহীদের নাম উল্লেখ না থাকায় জোট সরকারের সময়ে কে বা কারা এটা ভেঙে ফেলেছিল। এরপর তা আর নির্মাণ করা হয়নি।কয়েকজন শহীদ মুক্তিযোদ্ধার নাম বাদ পড়া এবং কয়েকজন অমুক্তিযোদ্ধা ও একজন রাজাকারের নাম শহীদ স্মৃতি ফলকে স্থান পাওয়ায় সাতক্ষীরায় নির্মিত ফলকটি আজও উদ্বোধন করা হয়নি। সাতক্ষীরা-খুলনা সড়কের পাশে ২০০৫ সালের ৩ ডিসেম্বর এটির নির্মাণকাজ শেষ হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সংশোধনের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে কয়েক দফা চিঠি পাঠানো হলেও জবাব আসেনি।নির্বাচনী ইশতেহার ও বাস্তবতা: আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, বার্ধক্যকালীন ভরণ-পোষণ ও বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা, মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা অব্যাহত রাখা, মুক্তিযোদ্ধাদের সম্মানিত নাগরিক হিসেবে রেল, বাস ও লঞ্চে বিনা মূল্যে চলাচলের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি ছিল। মন্ত্রণালয় জানায়, এর মধ্যে মুক্তিযোদ্ধাদের বিনা মূল্যে চলাচলের ব্যবস্থা করা ছাড়া বাকি কাজগুলো সম্পন্ন হয়েছে।মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইশতেহার অনুযায়ী সব কাজ বর্তমান সরকারের সময়ে শেষ হবে। উন্নয়ন প্রকল্পের কাজ মন্ত্রণালয় নিজে করে না। জমি ও নির্মাণসামগ্রীর দাম বেড়েছে। দখল হওয়া সরকারি জমি উদ্ধার করতে গেলে মামলা হয়। সব মিলিয়ে প্রকল্প বাস্তবায়নে দেরি হচ্ছে, বিজয় দিবসের পর নতুনভাবে কাজকর্ম শুরু করা হবে।[তথ্য দিয়ে সহায়তা করেছেন রংপুর থেকে আরিফুল হক, ভোলা থেকে নেয়ামত উল্যাহ, সাতক্ষীরা থেকে কল্যাণ ব্যানার্জি ও মেহেরপুর থেকে তুহিন অরণ্য]