নেপাল হয়ে বাংলাদেশি নাগরিকদের কাজের জন্য বিদেশে যাওয়া বন্ধে অভিবাসন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার। আজ বুধবার তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি আমাদের কাছে তথ্য এসেছে যে নেপাল হয়ে অনেক বাংলাদেশিকে বিদেশে কাজের জন্য পাঠানো হয়েছে। এর ফলে অনেকেই প্রতারিত হচ্ছেন। এ কারণেই সরকার এ ব্যবস্থা নিল।’ সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে, দালালচক্র সম্প্রতি মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর জন্য কাঠমান্ডু বিমানবন্দর ব্যবহার করছে। এক শ্রেণীর দালাল নেপাল থেকে বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। কিন্তু কাঠমান্ডু বা ত্রিভুবন বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশি নাগরিকদের বিদেশে চাকরিতে যাওয়ার কোনো সুযোগ নেই। সরকারি তথ্য বিবরণীতে এ ধরনের প্রতারণা বন্ধে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা ঘোষণা প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও অভিবাসন কর্তৃপক্ষকে বিষয়টি তদারকি করে বাংলাদেশি নাগরিকদের প্রতারণা বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে।