কাজের জিনিস হাতের কাছে সব সময়
পেশাগত ক্ষেত্রে সবাই সফলতা চায়। এ ক্ষেত্রে সফল হওয়ার জন্য নানা ধরনের কৌশল অবলম্বন করতে হয়। এসব কৌশল গুরুত্বের সঙ্গে খেয়াল রাখলে একদিক থেকে কাজ যেমন সহজ হয়ে যায়, তেমনি পেশায় আসে সফলতা। এখন কর্মক্ষেত্রে বিভিন্ন কৌশল কিংবা প্রযুক্তিগত সুবিধার দিককে কাজে লাগিয়ে সহজে কাজের চাপ সামাল দেওয়া যায়। কর্মস্থল ছাড়াও কর্মস্থলের বাইরে থেকেও অনেক সময় বিভিন্ন কাজ তদারকির প্রয়োজন হয়। তাই কাজের জায়গাটা যেমন গুছিয়ে রাখা দরকার, তেমনি নিজের সঙ্গে কিছু কিছু জিনিসও গুছিয়ে রাখলে পেশাগত কাজে সুবিধা পাওয়া যাবে।যেমন হবে নিজের টেবিলটেবিলে বসেই আপনাকে বিভিন্ন কাজ করতে হয়। এ জন্য কাজের জায়গার টেবিলটি সাজিয়ে নিতে হবে নিজের প্রয়োজন অনুযায়ী। অনেক সময় টেবিলে অনেক অপ্রয়োজনীয় কাগজপত্র থাকে। এর ফলে অনেক গুরুত্বপূর্ণ কাগজ এগুলোর নিচে পড়ে যেতে পারে। টেবিল অবশ্যই হবে পরিষ্কার-পরিচ্ছন্ন। টেবিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজগুলো রাখা যেতে পারে। মাইক্রোসফট বাংলাদেশের পরিচালক, ব্যবসায় উন্নয়ন সনিয়া বশির কবির বলেন, ‘আমি আমার নিজের টেবিল সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজের তালিকা একটি নোট বইয়ে লিখে রাখা যেতে পারে। এ ছাড়া টেবিলে কোনো কাগজে বা বোর্ডে একটি মার্কার কলম দিয়ে গুরুত্বপূর্ণ বা জরুরি কাজকে হাইলাইট করে রাখা যেতে পারে। কোন কাজ কবে করতে হবে, তার একটা তালিকা তৈরি করে টেবিলের ওপর রাখা যেতে পারে।’তৈরি করুন কাজের তালিকাকর্মস্থলে একজন কর্মীকে অনেক ধরনের কাজ করতে হয়। আর সব সময় বিভিন্ন কাজের কথা মনে না থাকাটা অস্বাভাবিক কিছু নয়। তাই কাজের তালিকা তৈরি করে নেওয়াটা বেশ জরুরি বলে মনে করেন কেয়ার বাংলাদেশের প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট বিভাগের পরিচালক আসিফ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমি আমার টেবিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজগুলো রাখি আর প্রতিদিনের কাজের তালিকা আগের দিন রাতে তৈরি করে রাখি।’ একই ভাবে এক সপ্তাহের কাজের তালিকা তৈরি করে রাখা যেতে পারে। কর্মস্থলের বিভিন্ন কাজের মধ্যে তালিকা তৈরি করে নিতে পারেন কোনটি বেশি দরকারি বা কোনটি অপেক্ষাকৃত কম প্রয়োজনীয়। প্রযুক্তির সহায়তাএখন যেহেতু তথ্যপ্রযুক্তির যুগ, তাই গুরুত্বপূর্ণ সব কাগজপত্র কম্পিউটারে রাখা সবচেয়ে উত্তম বলে মনে করেন নকিয়া-সিমেন্স নেটওয়ার্কসের কান্ট্রি মানবসম্পদ ব্যবস্থাপক নূর মোহম্মদ। তিনি বলেন, বিভিন্ন প্রয়োজনে টেবিলে কাগজপত্র ছাড়াও কম্পিউটারে এমএস আউট লুক এক্সপ্রেস সফটওয়্যারে ক্যালেন্ডারের বিভিন্ন তারিখে বিভিন্ন সভা, গুরুত্বপূর্ণ কাজের সময় কিংবা কাউকে কোন কাজের দায়িত্ব দেওয়া আছে তা সংরক্ষণ করে রাখা যায়। যথাসময়ে আউটলুক সংকেত দিয়ে তা জানিয়ে দেবে। ফলে টেবিলে আর তেমন কোনো কাগজপত্র না রাখলেও চলে।কর্মক্ষেত্রে টেবিলের কম্পিউটারে আপনি আপনার করণীয় প্রতিদিন হালনাগাদ করলেই চলবে। সময়মতো এই সেবাটি আপনাকে আপনার কাজের কথা মনে করিয়ে দেবে। এখন অনেক মোবাইল ফোনে ক্যালেন্ডারের অপশনটি রয়েছে। চাইলে আপনার নানা কাজের সময়সূচি ও বিভিন্ন দায়িত্বের কথা সেখানেও সংরক্ষণ করতে পারেন। এ ছাড়া বিভিন্ন তথ্যের দরকারে বা প্রতিষ্ঠানের কাজের সুবিধার জন্য ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে। যদি একই তথ্য কর্মক্ষেত্রের বিভিন্ন কর্মীকে দেওয়ার দরকার পড়ে বা সামনাসামনি না থেকেও অনেক কর্মীকে একই তথ্য একই সময়ে দিতে চান, তাহলে মোবাইলে ফোনে কনফারেন্স কলের মাধ্যমে এই সুবিধা পেতে পারেন। কর্মক্ষেত্রের বাইরে যখনএকটা নির্দিষ্ট সময় পর কর্মস্থল ছেড়ে বাইরে বের হতে হয়। কিন্তু এমন অনেক সময় দেখা যায় যে কর্মক্ষেত্রের বাইরে এসেও অনেক কাজ জরুরি করতে হয়। যেমন জরুরি ই-মেইল আদান-প্রদান, বিভিন্ন তথ্য জেনে নেওয়া প্রভৃতি। এসব বিষয় মাথায় রেখে আপনার সঙ্গে একটা নোটবুক বা ল্যাপটপ রাখতে পারেন। আবার অনেক মোবাইল ফোন থেকেই এখন ই-মেইল বা তাৎক্ষণিক বার্তা (ইনস্ট্যান্ট মেসেজ) আদান-প্রদান করা যায়।জরুরি তথ্য ইন্টারনেটে দেখার প্রয়োজন হতে পারে। সে জন্য একটা ইন্টারনেট-সংযোগ বা মডেম রাখতে পারেন। যেহেতু আমাদের দেশের সব কটি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান এখন ইন্টারনেটের সেবা দিয়ে থাকে, সেহেতু ইন্টারনেট সমর্থন করে এমন একটি মোবাইল ফোন দিয়েও আপনার নানা প্রয়োজন যেমন, ই-মেইল আদান-প্রদান করার কাজসহ অনেক কাজ সেরে নিতে পারেন। কর্মক্ষেত্রের বাইরে থাকার সময় একটা পেনড্রাইভ রাখতে পারেন। এতে বিভিন্ন স্থানে নানা ধরনের তথ্য আদান-প্রদান করার কাজ করতে পারেন। এভাবে কর্মক্ষেত্রের বাইরে থেকেও নানা প্রয়োজনীয় কাজ সেরে নেওয়া যায়।