কাজের নতুন ক্ষেত্র, পড়ার নতুন বিষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চাকরিবাজারে বেশ একটা ধারা বদলের হাওয়া লেগেছে। আর এর একটা বড় কারণ বেসরকারি খাতের প্রসার। প্রযুক্তি, সেবা খাত, পোশাক শিল্প, বিজ্ঞাপনী সংস্থা, গণমাধ্যম, টেলিযোগাযোগ, আবাসন, ওষুধশিল্প, ব্যাংক, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিষ্ঠা ও বিস্তার এখন প্রচুর মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। সনাতন চাকরির ধারা যত প্রসারিত হচ্ছে, কর্মসংস্থানের সুযোগ যত বাড়ছে, ততই দরকার হয়ে পড়ছে সেসব খাতে বিশেষায়িত দক্ষ জনবলের। অর্থাৎ এই নতুন ধারার কর্মক্ষেত্রে যোগ্য জনশক্তির চাহিদা মেটাতে প্রয়োজন সেসব বিষয়ে ‘স্পেশালাইজড’ বা ‘বিশেষজ্ঞ’ ব্যক্তি। চাকরিবাজারের চলতি ধারার সঙ্গে তাল রেখে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে নতুন কিছু বিষয়। চাকরিবাজার তৈরি হওয়ায় পেশামুখী শিক্ষার দিকে ঝুঁকছে শিক্ষার্থীরা। জনপ্রিয় হয়ে উঠছে বিশেষায়িত শিক্ষার ধারাটি। কোন খাতে পেশা গড়তে চান তা বুঝে বাছাই করতে হবে পড়ার বিষয়টি। এ প্রতিবেদনে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া নতুন পেশামুখী কিছু বিষয়ের খোঁজখবর দেওয়া হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়: বিশেষায়িত শিক্ষার গুরুত্ব এখন বাড়ছেই। বিভাগ বা বিষয়টির নামই বলে দেয় সেটি কোন চাকরির জন্য বিশেষায়িত। উদাহরণ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের কথা বলা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিকস ও যোগাযোগ প্রকৌশল বিভাগের প্রভাষক ইমতিয়াজ আহমেদ বলেন, যোগাযোগ প্রকৌশলের বিষয়গুলো এই বিভাগের পাঠক্রমে থাকলেও বিভাগের নামে আগে এর উল্লেখ ছিল না। ফলে বিষয়টি পড়েও বিভাগের নামে সেটির উল্লেখ না থাকায় এ বিষয়-সংশ্লিষ্ট এমন কোনো চাকরিতে এখানকার ডিগ্রিধারীদের কদরটা কমে যেত। অথচ এই খাতে চাকরির ক্ষেত্র সুবিস্তৃত। তাই ডিগ্রিধারীরা এ বিষয়ে বিশেষায়িত—এটা স্পষ্ট করার উদ্দেশে ২০০৫ সালে আনুষ্ঠানিকভাবে বিভাগের নামে কিছুটা পরিবর্তন আনা হয়।’এ বিষয়ের চাকরির সুযোগ আছে বিভিন্ন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান, ব্যাংক, বহুজাতিক প্রতিষ্ঠান ইত্যাদিতে। বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরিতে উল্লেখযোগ্যসংখ্যক পদে নিয়োগ পেতে পারেন ডিগ্রিধারীরা। আর এ বিষয়ে শিক্ষকতাকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ তো আছেই। তবে গবেষণাধর্মী কাজের সুযোগ দেশে কম।একই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের নাম বদলে করা হয়েছে ‘ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি’। নামের সঙ্গে সংগতি রেখে পাঠক্রমকেও কিছুটা সংস্কার করা হয়েছে বলে জানান এ বিভাগের চেয়ারম্যান মো. আবদুল কাইয়ুম। এ বিষয়ের ডিগ্রিধারীদের কাজের সুযোগ রয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায়। যেমন—বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশন, আণবিক শক্তি কমিশন, ওষুধ ও বস্ত্রশিল্প, রং ও বার্নিশ শিল্প, খাদ্য ও রাসায়নিক শিল্পসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যাংক ইত্যাদি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধীনে স্নাতকোত্তর পর্যায়ে বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের যাত্রা শুরু ২০০৮ সাল থেকে। এখন শুধু এমফিল ও পিএইচডি করার সুযোগ রয়েছে এখানে। মূলত গবেষণাধর্মী কাজ ও পড়াশোনা হচ্ছে এ বিভাগে। বিভাগীয় চেয়ারম্যান খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী জানান, এ বিষয়টির অনেক গবেষণাকাজই আগে পদার্থবিজ্ঞান বিভাগের আওতাধীন থাকা অবস্থায় করা হতো। কিন্তু এর ক্ষেত্র আসলে অনেক বড়। তাই আলাদা বিভাগ হিসেবে এটি চালু করা হয়। কাজটি প্রযুক্তিগত, আর আমাদের দেশের প্রেক্ষাপটে এর বিপণনের জন্য প্রযুক্তিবিদদেরই উদ্যোক্তা হতে হবে। সুতরাং যাঁরা শিক্ষার ব্যবহারিক প্রয়োগে উৎসাহী তাঁরা এটা পড়তে পারেন। বেশ কিছু গবেষণায় আমরা সফল হয়েছি। নিজেরা যে যন্ত্র বানাতে পারি তা-ই দিয়ে শুরু করেছি, উৎপাদন খরচ তাই কম, যন্ত্র বানিয়ে লাভ বেশি। সে কারণে কর্মসংস্থানের সম্ভাবনাও ভালো।বায়োমেডিক্যাল ফিজিক্সের অন্যতম উদ্দেশ্য হলো রোগ ও জীবাণু নির্ণয়কারী যন্ত্রপাতি তৈরি, বিভিন্ন রকম নির্ণয়ক যন্ত্র তৈরি ও রক্ষণাবেক্ষণ। তাই এ বিশেষায়িত ডিগ্রিধারীদের কর্মক্ষেত্র হলো বিভিন্ন হাসপাতাল, গবেষণাকেন্দ্র, এনজিও ইত্যাদি। বিজ্ঞান অনুষদের অধীনে তত্ত্বীয় পদার্থবিজ্ঞান বিভাগটি চালু হয়েছে ২০০৮ সাল থেকে। বর্তমানে শুধু স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স, এমফিল ও পিএইচডির সুযোগ রয়েছে। বিভাগীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ ভূঁইয়া বলেন, দেখা যায় যে শিক্ষার্থীরা এখন ফলিত বিষয়গুলো বেশি পড়ছে। কিন্তু বিজ্ঞানের তত্ত্বীয় শাখায় পোক্ত ভিত না তৈরি হলে ফলিত বিষয়ের প্রয়োগ ও গবেষণার উন্নতি সম্ভব নয়। এ জন্যই এ বিষয়ে বিশেষায়নের সুযোগ করে দেওয়া এ বিভাগটির উদ্দেশ্য। বাংলাদেশে এর গবেষণাকাজ এখন খুব সীমিত। কর্মসংস্থানের সুযোগ রয়েছে আণবিক শক্তি কমিশন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, শিক্ষকতা ইত্যাদি ক্ষেত্রে।মূলত তত্ত্বীয় পদার্থ ও গণিত বিষয়ে স্নাতক শিক্ষার্থীরা এ বিভাগে স্নাতকোত্তর করতে পারবেন।ব্যবসায়শিক্ষা অনুষদের অধীনে আন্তর্জাতিক ব্যবসায় বা ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগটি প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে। বিবিএ (৮০টি আসন), এমবিএ (৫০টি আসন) ও সান্ধ্যকালীন এমবিএ (৬০টি আসন) সুযোগ রয়েছে এখানে। আন্তর্জাতিক বাণিজ্যের চলতি ধারার সঙ্গে পরিচিতিই হলো বিশেষায়নের বিষয়টি। কর্মসংস্থানের সুযোগ রয়েছে বিভিন্ন বহুজাতিক সংস্থায়, পোশাকশিল্প ও অর্থায়নকারী সংস্থায়। সহযোগী অধ্যাপক আবু হেনা রেজা হাসান বলেন, এ বিষয়ের ডিগ্রিধারীদের বলা যায় ‘গ্লোবাল অ্যাক্সিকিউটিভ’। যেকোনো প্রতিষ্ঠান যার আন্তর্জাতিক বাণিজ্যে সংশ্লিষ্টতা রয়েছে, সেখানে এই ডিগ্রিধারীদের চাকরি সুলভ।ব্যবসায়শিক্ষা অনুষদের অধীনে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগটি প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে। বিবিএ (৬০টি আসন), এমবিএ (৫০টি আসন) ও সান্ধ্যকালীন এমবিএ করা যাবে এখানে। এ বিভাগের অধ্যাপক মো. আফজাল হোসেন বলেন, প্রাকৃতিক নিসর্গের পরিপ্রেক্ষিতে আমাদের দেশে পর্যটন খাত খুবই সম্ভাবনাময়। এ খাতে দক্ষ জনশক্তির প্রয়োজন অনেক আগে থেকেই। তাই এ খাতে বিশেষায়িত শিক্ষার গুরুত্ব বুঝে বিভাগটি চালু করা হয়। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পড়ানো হয় এ বিষয়টি।চাকরির সুযোগ রয়েছে পর্যটন ব্যবসা ও শিল্পের সঙ্গে জড়িত যেকোনো প্রতিষ্ঠানে। যেমন ট্রাভেল এজেন্সি, এভিয়েশন, হোটেল ও মোটেল, ট্যুরিস্ট রিসোর্ট ইত্যাদিতে। এ পেশার বিশেষায়িত জনশক্তির বেশ চাহিদা রয়েছে দেশের বাইরে। ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়: সফটওয়্যার প্রকৌশল বিভাগে (৩৫টি আসন) ২০০৯ সাল থেকে চালু হয়েছে চার বছর মেয়াদি স্নাতক (বিএসসি) কোর্সটি। সাধারণত তথ্যপ্রযুক্তিতে এই বিষয়টি অন্তর্ভূক্ত থাকে। চাকরিক্ষেত্রের চাহিদার কারণে এর ওপর বিশেষায়িত পড়াশোনার সুযোগ দেবে এই বিভাগটি। এ বিশ্ববিদ্যালয়ে সদ্য চালু হয়েছে অ্যাপ্লায়েড ডায়েটেটিকস অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগ (৩৫টি আসন)।চার বছর মেয়াদি স্নাতক পর্যায়ের (বিএসসি) কোর্সটিতে ভর্তি শুরু হচ্ছে এ বছরই।এ বিষয়ের ডিগ্রিধারীরা চাকরি করতে পারবেন হাসপাতাল, ক্লিনিক, নার্সিং হোম, স্বাস্থ্যসেবা, মেডিকেল সেবাদাতা প্রতিষ্ঠান ও খাদ্যশিল্পসংশ্লিষ্ট যেকোনো প্রতিষ্ঠানে।২০০৭ সাল থেকে শুরু হয়েছে রিয়েল এস্টেট বিভাগ (৩০টি আসন)।চার বছর মেয়াদি ব্যাচেলর অব রিয়েল এস্টেট ডিগ্রি আছে এতে।এমবিএ (মেজর ইন রিয়েল এস্টেট) করার সুযোগ তৈরি হচ্ছে চলতি বছর থেকে।কাজের প্রচুর সুযোগ আছে আবাসন শিল্পে।ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়: সামাজিক বিজ্ঞান বিভাগে চালু হয়েছে দুই বছর মেয়াদি মাস্টার্স অব পপুলেশন, রিপ্রোডাকশন, হেলথ, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স। আসনসংখ্যা নয়টি। দ্বিতীয় ব্যাচে ভর্তি শুরু হচ্ছে চলতি বছর থেকে।বিভাগীয় চেয়ারম্যান বিজয় বড়ুয়া জানান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিশ্বে একটা প্রধান সমস্যা। আর বাংলাদেশে তো বটেই। তাই সংশ্লিষ্ট খাতে বিশেষায়িত জনবল বেশ দরকার। চাকরির সুযোগ রয়েছে বিভিন্ন এনজিও, স্বাস্থ্যবিষয়ক স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোতে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়: ২০০৮ থেকে এ বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে ম্যাক্রো ইকোনমিক অ্যানালাইসিস বিষয়ে ছয় মাস মেয়াদি স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স। মূলত চাকরিজীবীদের জন্য সহায়ক এ কোর্সটি অর্থনীতি ও ফিন্যান্সের যেকোনো শিক্ষার্থী করতে পারবেন। যেকোনো আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, বিভিন্ন এনজিও এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে চাকরির জন্য এটি বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়: পরিবেশবিজ্ঞান বিভাগে চার বছর মেয়াদি স্নাতকের (সম্মান) সঙ্গে এখন দুই বছর মেয়াদি স্নাতকোত্তর কোর্স চালু হয়েছে এখানে। পরিবেশবিজ্ঞান, ভূগোল, ভূতত্ত্ব, মৃত্তিকা বিজ্ঞান, কৃষিবিজ্ঞান, জীববিজ্ঞানের যেকোনো শাখা, জনস্বাস্থ্য এবং অনুরূপ বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা এমএসসি প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্য। চাকরির সুযোগ রয়েছে সরকারি প্রশাসন ও গবেষণা প্রতিষ্ঠান, স্থানীয় ও আন্তর্জাতিক বা বহুজাতিক বেসরকারি প্রতিষ্ঠান, সম্পদ ব্যবস্থাপনাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ, ভূমি ব্যবহার ও ব্যবস্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠানে বর্জ্য শোধনাগার ব্যবস্থাপনা ও স্থাপন, পরিবেশগত সমীক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে।স্ট্যামফোর্ড ইনস্টিটিউট অব কোরিয়া ডেভেলপমেন্টে (এসআইসিডি) চার মাস মেয়াদি কল সেন্টার প্রশিক্ষণে সার্টিফিকেশন কোর্স চালু আছে। বিভিন্ন প্রতিষ্ঠানে এখন কল সেন্টার রয়েছে। এর দ্রুত প্রসারের সম্ভাবনা রয়েছে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে। ভর্তির ন্যূনতম যোগ্যতা উচ্চমাধ্যমিক।সময়ের চাহিদার কারণেই এমন আরও নতুন বিষয় পড়ানো হচ্ছে দেশের নানা বিশ্ববিদ্যালয়ে। ভবিষ্যতেও নতুন নতুন চাকরির ক্ষেত্রের জন্য আসবে বিশেষায়িত বিষয়। তাই ভবিষ্যতের পেশা গড়ার ক্ষেত্র ঠিক করে বিশেষায়িত বিষয়গুলোতে পড়াশোনা করলে আখেরে লাভবান হওয়ার সম্ভাবনাই বেশি।