কাজের নামই ডেটা এন্ট্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তির বিস্তৃতি বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের উপাত্ত-তথ্য বা ডেটা ব্যবস্থাপনার কাজ বেড়েছে অনেক। তুলনামূলক সহজ থাকায় ডেটা এন্ট্রির কাজ খুব সহজে করা যায়। মূলত কম্পিউটারের মাধ্যমে নির্দিষ্ট ধরনের ডেটা একটি স্থান অথবা প্রোগ্রাম থেকে অন্য আরেকটি স্থানে বা প্রোগ্রামে প্রতিলিপির কাজটিকেই বলা হয় ডেটা এন্ট্রি। ডেটা এন্ট্রির কাজের মধ্যে যেমন রয়েছে কোনো উপাত্তকে শুধু টাইপ করে করে কম্পিউটারে রাখা, তেমনি কম্পিউটারের কোনো একটি প্রোগ্রামের ডেটা একটি ফাইলে সংরক্ষণ করার কাজও রয়েছে। অনেকটা সহজ হওয়ায় ডেটা এন্ট্রির কাজগুলো একা করার সুযোগ রয়েছে আবার দলগতভাবে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমেও করা সম্ভব। ফলে যে কেউ এ ধরনের কাজ করে ঘরে বসেই আয় করতে পারে। যা লাগবে: কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার জানা থাকলে ডেটা এন্ট্রির কাজ করা যায় সহজে। তবে কিছু ডেটা এন্ট্রির ক্ষেত্রে কাজের প্রয়োজন অনুসারে লাগে নানা ধরনের দক্ষতা। তবে সব রকমের ডেটা এন্ট্রির কাজ করতে কিছু বিষয়ে দক্ষতা থাকলে ভালো হয়। যার মধ্যে দ্রুত টাইপ করা, ইন্টারনেটে দ্রুত তথ্য খোঁজা, মাইক্রোসফট ওয়ার্ড ও বিশেষ করে এক্সেলের কাজ জানা, বিভিন্ন ওয়েবসাইট, ওয়েব ডিরেক্টরি, ফোরাম সম্পর্কে ধারণা থাকা ইত্যাদি।তবে সর্বোপরি ডেটা এন্ট্রির ক্ষেত্রে ইংরেজিতে ভালো জ্ঞান থাকা প্রয়োজন।কাজ পাবেন যেভাবে: ডেটা এন্ট্রির কাজগুলো বিভিন্ন ধরনের ফ্রিল্যান্স আউটসোর্সিং মার্কেটপ্লেস ধরনের ওয়েবসাইটে পাওয়া যায়, এসব সাইটে বিনা মূল্যে নিবন্ধিত হওয়া যায়।এ রকম একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হচ্ছে ওডেস্ক (www.odesk.com)। ডেটা এন্ট্রির কাজ এ সাইটে সবচেয়ে বেশি পাওয়া যায়। ওডেস্কে সারা পৃথিবী থেকে প্রায় লক্ষাধিক মুক্তপেশাজীবী (ফ্রিল্যান্সার) কাজ করছে। এ সাইটে প্রতিটি কাজ বা প্রজেক্টের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মূল্য হিসেবে অথবা প্রতি ঘণ্টা কাজের জন্য অর্থ—দুই রকমের কাজ পাওয়া যায়। তবে ঘণ্টা হিসেবে কাজের জন্য ওডেস্ক বেশি জনপ্রিয়। ওডেস্কে একটি নির্দিষ্ট সময়ে ইন্টারনেটে উপস্থিত থেকে কাজ করা যায়। বর্তমানে ওডেস্ক আমাদের দেশি মুক্তপেশাজীবীদের মধ্যে বেশ জনপ্রিয়। এ সাইটে কাজ করেন ডেটা এন্ট্রি অপারেটর, সফটওয়্যার তৈরির পরামর্শক, প্রোগ্রামার, ওয়েবসাইট নির্মাতা, লেখকসহ নানা পেশার বাংলাদেশি মুক্তপেশাজীবীরা। সাইটে ঢোকার পর Find Jobs ট্যাব থেকে আপনার পছন্দের কাজের বিভাগে ক্লিক করুন। এবার যে প্রজেক্টে কাজ করতে চান সেটিতে আবেদন করতে হবে। মুক্তপেশাজীবীদের দক্ষতা প্রমাণের জন্য ওডেস্কে রয়েছে অনলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা। বিভিন্ন ধরনের ডেটা এন্ট্রি: বিনা মূল্যে নিবন্ধনের মাধ্যমে নানা ধরনের কাজ করার সুযোগ রয়েছে। এর মধ্যে বিভিন্ন সাইট থেকে নির্দিষ্ট কিছু তথ্য এক্সেলের একটি ফাইলে সংরক্ষণ করা, বিভিন্ন ওয়েবসাইটে, গ্রুপে কিংবা ফোরামে পরিচয় করিয়ে দেওয়া, বিভিন্ন ধরনের ওয়েবসাইটের একটি নির্দিষ্ট বিষয়ের ওপর ফিচার লেখা, ছবি অথবা ফাইল বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করা, অনলাইনে বিভিন্ন ধরনের পণ্য বিক্রিতে সাহায্য করা ইত্যাদি অন্যতম। ইন্টারনেটে তথ্য খোঁজার মাধ্যমে একটি নির্দিষ্ট শহরের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের নাম-ঠিকানা থেকে শুরু করে ফোন নম্বর এবং অন্য তথ্য বের করে একটি নির্দিষ্ট ফাইলে সংরক্ষণ করা, রেকর্ড করা অডিও শুনে ইংরেজিতে লিখিত ফাইল তৈরি কিংবা প্রতিলিপি তৈরি করা, বিভিন্ন ধরনের পিডিএফ ফাইলের তথ্য, ছবি থেকে শুরু করে ফুটনোট ইত্যাদি অপরিবর্তিত রেখে ওয়ার্ড ফাইলে প্রতিস্থাপন করা, কয়েকটি অক্ষর ও সংখ্যার সমন্বয়ে একধরনের নিরাপত্তা সংকেত বা ছবি, যা বিভিন্ন সাইটে নিবন্ধন করার সময় প্রদান করা হয় তা এন্ট্রি করা ইত্যাদি কাজও রয়েছে। কিছু ডেটা এন্ট্রি রয়েছে, যা প্রোগ্রামিংয়ের মাধ্যমে করা যায়। প্রোগ্রামিংয়ে দক্ষতা থাকলে ডেটা এন্ট্রির কাজগুলো সহজেই করা সম্ভব। রয়েছে চাহিদা ও সম্ভাবনা: বিশ্বের বিভিন্ন উন্নত দেশে সহজে ডেটা এন্ট্রির কাজগুলো করানোর জন্য ইন্টারনেটের মাধ্যমে গ্রাহক খোঁজা হয়। এসব কাজের জন্য দেখা হয় কোথায় সহজে এবং একটি নির্দিষ্ট খরচে ডেটা এন্ট্রির কাজগুলো সম্পন্ন করা সম্ভব। এ তালিকায় উপমহাদেশের দেশগুলো এগিয়ে আছে। ভার্সিটি অ্যাডমিশন ডট কমের প্রধান নির্বাহী আননূর রহমান বলেন, ‘ডেটা এন্ট্রি কাজের চাহিদা প্রচুর। বিশেষ করে উপমহাদেশের দেশগুলোর জন্য এ কাজ পাওয়া ও করা সহজ হয়। আমাদের নিজেদের বিভিন্ন ধরনের প্রকল্পেও রয়েছে কাজের সুযোগ।’ ‘সম্প্রতি ওডেস্ক পরিচালিত এক জরিপে দেখা গেছে, মুক্ত পেশার কাজের মধ্যে ঢাকা তৃতীয় স্থানে রয়েছে। ডেটা এন্ট্রির কাজের জন্য আমাদের যথেষ্ট দক্ষ জনশক্তি রয়েছে, যাদের স্বল্প প্রশিক্ষণের মাধ্যমে কাজের জন্য প্রয়োজনীয় করে তোলা সম্ভব।’ বললেন ওয়েবক্র্যাফট বাংলাদেশের পরিচালক জাকারিয়া চৌধুরী। ডেটা এন্ট্রির কাজের কেন্দ্র সুপ্রিম ডেটা সলিউশনের ব্যবস্থাপক মো. আবদুল্লাহ বলেন, ‘আমাদের কাজের ক্ষেত্রটা ভালো এবং রয়েছে পূর্ণ ও খণ্ডকালীন কাজ করার সুযোগ।’ তবে কাজের ক্ষেত্রে বেশ কিছু অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দেন তিনি। আলফা ডিজিটালের পরিচালক মামুনুর রশীদ বলেন, ‘ডেটা এন্ট্রির কাজগুলো পেয়ে আমরা আমাদের নেটওয়ার্কের সবাইকে কাজ দিয়ে থাকি। এ ক্ষেত্রে আগ্রহীদের আমরা শুরুতে প্রশিক্ষণ দিয়ে তারপর কাজে যুক্ত করি।’খেয়াল রাখুন: ডেটা এন্ট্রির কাজগুলো সহজ হলেও এর কিছু সমস্যা রয়েছে। শুরুতে কাজ করতে গেলে কিছু অসুবিধা হতে পারে, যার মধ্যে অন্যতম হচ্ছে—শুরুতে নিলাম ডেকে(বিড করা) কাজ পাওয়া একটু কঠিন। তবে নিজস্ব মেধা ও দক্ষতা প্রমাণের মাধ্যমে কয়েকটি কাজ সফলভাবে করতে পারলে অনেক কাজ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায়। ডেটা এন্ট্রির কাজে নির্ভুল টাইপ ও কাজের সময় পূর্ণ মনোযোগ রাখা খুবই গুরুত্বপূর্ণ।প্রয়োজন সতর্কতা: বর্তমান সময়ে ডেটা এন্ট্রি কাজের রয়েছে বিশাল চাহিদা এবং কাজের পরিধিও অনেক বিস্তৃত। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) কোষাধ্যক্ষ ফারহানা এ রহমান বলেন, ‘ডেটা এন্ট্রির ক্ষেত্রে ভাষাজ্ঞানটা জরুরি। পাশাপাশি লক্ষ রাখতে হবে যে ভালোভাবে কাজটা বুঝে এবং শতভাগ সফলতার সঙ্গে সম্পন্ন করতে হবে। শুরুতে একাই শুরু করতে পারেন ডেটা এন্ট্রির কাজ। ধীরে ধীরে কাজ করার মাধ্যমে বড় কাজ পেলে প্রয়োজনীয় লোকবল নেওয়ার মাধ্যমে একটি দল গঠন করে নিতে পারেন।’ডেটা এন্ট্রির কাজ আছে এমন কিছু ওয়েবসাইট—www.getacoder.comwww.getafreelancer.com www.scriptlance.comwww.microworkers.com