কাজের প্রতি একাগ্রতা তো ছিলই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ও হারবাল কোয়ালিটি অপারেশন বিভাগের প্রধানফিরোজা খানমের দিন শুরু হয় ভোর সাড়ে চারটায়। প্রথমে পরিবার ও নিজের জন্য খাবার তৈরি করেন। নাশতা করতে করতেই সকাল সাড়ে ছয়টায় অফিসের গাড়ি বাসার নিচে অপেক্ষা করে। এরপর কর্মস্থলে শুরু হয় কাজ। নানা ধরনের গবেষণার কাজে ব্যস্ত থাকতে হয় তাঁকে। ফিরোজা খানম দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ও হারবাল কোয়ালিটি অপারেশন বিভাগের প্রধান হিসেবে কর্মরত। বাবার বাড়ি বগুড়ায় থাকার সুবাদে স্কুল ও কলেজে পড়েছেন সেখানেই। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা শেষ করেন তিনি। পারিবারিকভাবে বিয়ে হয় তাঁর। স্বামী ইয়াহিয়া খন্দকার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও বংশগতি বিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেন।বিয়ের পরপর স্বামী ও স্ত্রী দুজনই জাপানে চলে যান। সেখানে স্বামীর উচ্চশিক্ষার পাশাপাশি তিনিও জাপানের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ‘ভাবতে থাকি কোন বিষয় নিয়ে পড়লে দেশের উপকার হবে, আর তখনই আমার স্বামী আর আমি দুজনই খুঁজে বের করি ভেষজ উপাদান গবেষণার বিষয়টি’, বলছিলেন ফিরোজা খানম। এরপর আমলকী, আদাসহ দেশের ১৫টি ভেষজ উদ্ভিদ নিয়ে উচ্চতর গবেষণা শেষে দেশে ফিরে আসেন তিনি।ফিরোজা খানম বলেন, ‘দেশে এসে আমার কাজের ক্ষেত্র খুঁজতে থাকি। একরকম আকস্মিকভাবেই কাজ শুরু করি দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডে সহকারী ব্যবস্থাপক হিসেবে। এরপর পদোন্নতির মাধ্যমে ব্যবস্থাপক ও বর্তমানে জ্যেষ্ঠ ব্যবস্থাপক পদে অধিষ্ঠিত হই। এখন পর্যন্ত সেখানেই নানা ধরনের গবেষণার কাজ করছি।’ কর্মস্থলে ভেষজ উদ্ভিদ থেকে ওষুধ বানানোর নানা ধরনের গবেষণা করেন তিনি। একটা বড় ধরনের আশার বাণী শোনালেন ফিরোজা খানম, আর সেটি হচ্ছে, একজন বিদেশি গবেষকের সঙ্গে তিনি ভেষজ উপাদান থেকে ডায়াবেটিস ও ক্যানসার রোগে উপশমকারী ওষুধ তৈরির চেষ্টা করছেন। এই গবেষণা বেশ ফলপ্রসূ হবে বলে মনে করেন ফিরোজা খানম। কর্মক্ষেত্রে তেমন কোনো সমস্যা মোকাবিলা করতে হয় না তাঁকে। সবার সহযোগিতা পেলে নিজের কাজ আরও ভালোভাবে করা যায় বলে জানান ফিরোজা খানম।‘আমার এত দূর আসার পেছনে সবার আগে পরিবারের সবার সাহায্য ও সহযোগিতা পেয়েছি। তবে বিয়ের পর স্বামীর কাছ থেকে যে সহায়তা পেয়েছি তা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। সব ধরনের সিদ্ধান্ত নিতে তিনি আমাকে অনেক বেশি সহযোগিতা করেছেন।’ এক বাক্যে কথাগুলো বলে গেলেন ফিরোজা খানম।আর কর্মক্ষেত্রে কাজের প্রতি একাগ্রতা, দৃঢ়তা তো ছিলই।