কাজের ফাঁকে সুযোগ পেলে অভিনয় করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক দর্শকের গল্প। আজকের গল্প মেঘের পরে মেঘ। লিখেছেন আতিক খান। নাট্যরূপ দিয়েছেন অর্ক মোস্তফা। পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। নাটকটিতে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ। কথা হলো তাঁর সঙ্গে।আপনাকে ইদানীং তেমন কোনো ধারাবাহিকে দেখা যাচ্ছে না। কেন?হ্যাঁ, ধারাবাহিকে তেমন অভিনয় করতে পারছি না। আসলে সময় পাচ্ছি না। আগে তো শুধু অভিনয়ই করতাম, এখন চাকরির দিকে একটু মন দিয়েছি। বেস্টওয়ে গ্রুপে রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম বিভাগে আমি হেড অব অপারেশনস পদে কাজ করছি। কাজের ফাঁকে সময়-সুযোগ পেলে অভিনয় করছি। তবে এখন ধারাবাহিকের চেয়ে টেলিছবি ও এক ঘণ্টার নাটকে বেশি কাজ করছি।দর্শকদের গল্প নিয়ে নাটক তৈরি হচ্ছে। এখানে কাজ করতে কেমন লেগেছে? ১৬ কোটি মানুষের এই দেশে গল্পের কিন্তু অভাব নেই। দর্শকদের কাছ থেকে চমৎকার সব গল্প পাওয়া গেছে। আর এগুলো নিয়ে দারুণ দারুণ নাটক তৈরি হচ্ছে। আমি নিজেই দর্শকদের গল্প নিয়ে চারটি নাটকে কাজ করেছি—মুক্তি, মায়ার স্বর, মেঘের পরে মেঘ। আরেকটির নাম মনে করতে পারছি না। দর্শকের গল্প স্লটের নাটকগুলো একটু খেয়াল করলে দেখবেন, একেবারেই অন্যরকম স্বাদ। ‘মেঘের পরে মেঘ’ নাটকের গল্পটি কেমন?সুখের সংসার। একটি প্যাথলজি রিপোর্ট পাল্টে দেয় সবকিছু। এই পরিবারে কোনো সন্তান নেই। প্যাথলজি রিপোর্ট অনুযায়ী এ ক্ষেত্রে স্বামীর কিছু সমস্যা আছে। কিন্তু স্বামী কষ্ট পাবে ভেবে স্ত্রী তা আড়াল করে। স্ত্রীর ভালোবাসাকে গুরুত্ব না দিয়ে স্বামী তাকে তালাক দেয়। পরে আবার সে বিয়ে করে। অনেক দিন পর তাদের আবার দেখা হয়। এই গল্পটি নিয়ে পাঁচ পর্বের নাটক তৈরি হয়েছে। আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। এরপর আপনাকে আর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি।এটা আমারও একটা কষ্ট। আমি চলচ্চিত্রে এখনো কাজ করতে চাইছি। কিন্তু তেমন ভালো কিছু পাইনি। এর মধ্যে হাসন রাজা চলচ্চিত্রে কাজ করেছি। মিঠুন চক্রবর্তীর সঙ্গে কলকাতায় গিয়ে কাজ করে এসেছি। আগামী আগস্ট মাসে মিঠুন, রাইমা সেনসহ আরও অনেকে বাংলাদেশে আসবেন। তখন সিলেটের সুনামগঞ্জের হাওর এলাকায় শুটিং হবে।