কাজের বাজারে বৈচিত্র্যবেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত প্রায় দেড় দশকের বেশি সময় ধরে বাংলাদেশে কাজের বাজারের সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে বেসরকারি খাতকে ঘিরে। চাকরিপ্রার্থীরা এখন বৃত্তের বাইরেও ভাবতে পারছেন। বলা যায়, আগের তুলনায় চাকরির সংজ্ঞাটাই যেন বদলে গেছে। ‘এই চাকরিটা আজীবনের’—আজকালকার চাকরিতে এ কথা আর ভাবছেন না অনেকে। সেই সঙ্গে প্রতিদিন কাজের নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। বাড়ছে সুযোগ। বড় হচ্ছে পেশার পরিধি। একই সঙ্গে কাজের বাজারের হাওয়াও বদলাচ্ছে। আজ কাজের বাজারে যে পেশার চাহিদা তুঙ্গে, কদিন পর হয়তো সে পেশায় কাজ জোটাতে বেগ পোহাতে হচ্ছে। তবে বিগত কয়েক বছরে কাজের বাজারে অনেক বেশি বৈচিত্র্য এসেছে, পেশাগত পরিধি বেড়েছে অনেক বেশি। চাকরির ক্ষেত্রে নতুন বিষয়ে মানুষের আগ্রহ বেড়েছে। তবে এ কয় বছরের অভিজ্ঞতায় দেখা গেছে, কাজের বাজারে বড় একটা বৈচিত্র্য নিয়ে এসেছে প্রযুক্তি। তথ্যপ্রযুক্তিগত পরিবর্তন অনেক ক্ষেত্রেই বদলে দিচ্ছে কাজের ধরন ও চাহিদা। প্রযুক্তির বিকাশে স্বয়ংক্রিয়তার জন্য হয়তো কিছু পেশার মানুষ কাজ হারাচ্ছে, একইভাবে তথ্যপ্রযুক্তি অনেক নতুন কাজের দুয়ার খুলে দিচ্ছে। তবে ২০০৯ সালে ব্যাংক ও অন্যান্য অর্থায়নকারী প্রতিষ্ঠানে অনেক নতুন কাজ সৃষ্টি হয়েছে, নিয়োগও হচ্ছে। চলতি বছরও এ ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন মানবসম্পদ বিশেষজ্ঞদের অনেকে। কিছুটা থমকে আছে বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের কাজের বাজারে যে নতুন ধারা বইছে, তার তেমন ব্যত্যয় না ঘটলেও সে তুলনায় ২০০৯ সালে নতুন নিয়োগের গতি খানিকটা পিছিয়ে পড়েছে বলে মনে করছেন অ্যাপেক্স অ্যাডেলকি ফুটওয়্যার লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান মো. মমিনুল আহসান। তাঁর মতো বিশেষায়িত কিছু শিল্প যেমন চামড়াশিল্প কিংবা অর্থায়নকারী প্রতিষ্ঠানে চাকরির সুযোগ বাড়লেও সার্বিকভাবে গত বছর নিয়োগের পরিমাণ কিছুটা কম ছিল। কাজের বাজারের এই শ্লথ গতি দেখা যাচ্ছে বছর তিনেক ধরেই। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাও এর একটা বড় কারণ। তবু বাড়ছে পেশার পরিধিনিয়োগের গতি কিছুটা থমকে থাকলেও সময়ের প্রয়োজনে পেশার পরিধি বাড়ছে। নতুন নতুন কর্মক্ষেত্রে নতুন পেশায় মানুষের কাজের সুযোগও বাড়ছে সেই সঙ্গে। এই ধারার স্রোত মূলত বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির দিকেই। এখানেও প্রযুক্তিগত উন্নয়ন বড় ভূমিকা রাখছে। সেই সঙ্গে আছে বিশ্বায়নের প্রভাব। ইন্টারনেটের কল্যাণে কাজ বা ব্যবসা আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়া এখন ঘরের বাইরে এক পা ফেলার মতোই। এ জন্য নতুন নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি হয়েছে। বেড়েছে ঘরে বসে কাজ (সেলফ অফিস, হোম অফিস) করার সুযোগ। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক পেশাজীবী ফ্রি-ল্যান্সিংয়ের দিকে ঝুঁকছেন। সফটওয়্যার নকশা ও নির্মাণ-সম্পর্কিত কাজে পরিধির সঙ্গে বৈচিত্র্য বেড়েছে বেশ। সৃজনশীল পেশার চাহিদা বেড়েছে। বেড়েছে তৈরি পোশাকশিল্পে পেশাদারি কাজ। খণ্ডকালীন পরামর্শকদের (কনসালট্যান্ট) ব্যস্ততা বেড়েছে অনেক। তবে সেই তুলনায় বাড়েনি অপেক্ষাকৃত মজবুত পেশা চিকিত্সক বা প্রকৌশলীদের চাহিদা। সরকারি চাকরি থেকে মানুষের চিন্তা সরে গেলেও এর আলাদা চাহিদা আছে এখনো। সরকারি চাকরিতে নানা ক্ষেত্রে গত বছর উল্লেখযোগ্য পরিমাণে নিয়োগ হয়েছে। সেবা খাতে সুযোগ ছিল বেশিসারা বিশ্বেই এখন সেবা খাতের (সার্ভিস সেক্টর) বিস্তৃতি ঘটছে। এই খাতে পেশার বিস্তৃতির ধারা বিগত কয়েক বছর ধরে অব্যাহত থাকলেও, গত বছর এ হার ছিলবেশি। এ ব্যাপারে ব্যবস্থাপনা ও মানবসম্পদ পরামর্শক প্রতিষ্ঠান মনোয়ার অ্যাসোসিয়েটসের প্রধান পরামর্শক মনোয়ার আহমেদ বলেন, গত বছর সেবা খাতে অনেক বেশি জনবল নিয়োগ হয়েছে। এ খাতে চাকরির সুযোগ দিন দিন বাড়ছে। ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক কলসেন্টার চালু হয়েছে। কাজের সুযোগ বাড়ছে গ্রাহকসেবাতেও (কাস্টমার সার্ভিস)। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক পরিধিসহ নতুন নতুন শাখা চালু হচ্ছে। এ খাতে কাজের সুযোগও বাড়ছে। গত বছর ব্যাংকে প্রচুর নিয়োগ হয়েছে। অনেক ব্যাংক নতুন করে গ্রাহকসেবা বিভাগ খুলেছে। সব মিলিয়ে বেসরকারি ব্যাংকে নানা পেশায় নিয়োগ ছিল উল্লেখ করার মতো। কাজ বেড়েছে আবাসন ও নির্মাণশিল্পেও। বৈচিত্র্য এসেছে এ খাতের বিপণন ও বিক্রয় পেশায়। সেবামূলক পেশার নানা ধরনের কাজের মধ্যে পেশাদারি ও বিষয়ভিত্তিক কাজের চাহিদাই বেশি ছিল। ইংরেজি মাধ্যম স্কুল ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগও বেড়েছে। বিশেষায়িত পেশার নতুন চাহিদা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এখন কিছু বিষয়ে বিশেষায়িত কোর্স পড়ানো হয়। কিছু শিল্পে বিশেষায়িত বিষয়ে ডিগ্রিধারীদের চাহিদা বেড়েছে। পোশাকশিল্পে মার্চেন্ডাইজিং বিষয়ের বেশ বিস্তৃতি হয়েছে। হিসাবরক্ষণ পেশাতেও বিশেষায়িত পেশাজীবীদের কদর। এ ছাড়া বিজ্ঞাপনী সংস্থা, বিভিন্ন অডিও ভিজুয়াল প্রতিষ্ঠানেও বিশেষায়িত কাজের সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে। মানবসম্পদ পরামর্শক প্রতিষ্ঠান করপোরেট কোচের প্রধান নির্বাহী যিশু তরফদার বলেন, বিশেষায়িত পেশাদার কাজগুলোতে এখন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেমেয়েরাও আসছে। আগে হোটেল ব্যবস্থাপনা বা শেয়ার ব্যবস্থাপনার মতো কাজে অনেকেই আগ্রহী না হলেও এখন যোগ্য ব্যক্তিরাও এ পেশায় আসছেন। গত বছর হোটেল ব্যবস্থাপনা ও শেয়ার ব্রোকারেজ হাউসগুলোতে নিয়োগ ছিল তুলনামূলক বেশি। বিষয়ভিত্তিক প্রশিক্ষণে ছিল আগ্রহচাকরিবিষয়ক বিভিন্ন ওয়েব পোর্টাল ও মানবসম্পদ পরামর্শক প্রতিষ্ঠানগুলো বিষয়ভিত্তিক নানা বিষয়ে প্রচুর কর্শশালা ও প্রশিক্ষণ করিয়েছে এ বছর। এ ধরনের প্রশিক্ষণে পেশাজীবীদের আগ্রহ তুঙ্গে ছিল বলে জানান চাকরির পোর্টাল প্রথম আলো জবসের হেড অব অপারেশনস রিয়াদ আহমেদ। তিনি বলেন, এসব প্রশিক্ষণ কর্মশালায় সাধারণত পেশাজীবীরাই অংশ নেন। বেশির ভাগ ক্ষেত্রেই প্রতিষ্ঠান থেকেই তাঁদের পাঠানো হয়। এসব প্রশিক্ষণের বিষয়ও বহুমাত্রিক। তবে মৌলিক কারিগরি বিষয়েই বেশি আগ্রহ থাকে। মানবসম্পদ ব্যবস্থাপনার খুঁটিনাটি বিষয়, ঋণপত্র ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি, সরবরাহ প্রক্রিয়া (সাপ্লাই চেইন), প্রকিউরমেন্ট, ভ্যাট-ট্যাক্স এবং প্রকল্প ব্যবস্থাপনার মতো বিষয়ে পেশাজীবীদের বেশ আগ্রহ দেখা গেছে। শুধু পেশাজীবী নয়, ইদানীং শিক্ষার্থীদেরও এসব প্রশিক্ষণে দেখা যায়। তবে তাদের আগ্রহ থাকে মূলত নিয়োগ ও চাকরির সাক্ষাত্কারবিষয়ক কর্মশালা ঘিরেই। টেলিযোগাযোগ খাতে সুযোগ তেমন বাড়েনিটেলিযোগাযোগ শিল্পের দ্রুত বিস্তারের ফলে গত কয়েক বছরে এ দেশে একটা বড় কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। বেতনকাঠোমো, কাজের ধরন আর সুযোগ-সুবিধার কারণে শুরু থেকেই এ পেশা মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। এ বছরও সেই আগ্রহে কমতি ছিল না। তবে সেই তুলনায় কাজের সুযোগ আগের চেয়ে বাড়েনি।বছর তিনেক আগে নতুন মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের যাত্রা শুরু কিংবা মোবাইল ফোনের বিপণনের ধারা পরিবর্তনের ফলে যে বিরাটসংখ্যক নতুন কাজের সৃষ্টি হয়েছিল, সেই বিচারে ২০০৯-এ তেমন সুযোগ কম ছিল। তবে বেসরকারি ফিক্সড ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোতে কাজের বেশ কিছু নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। তথ্যপ্রযুক্তি খাতেও মন্দ ছিল না ২০০৯-এর শুরুর দিকে বৈশ্বিক মন্দার মতো কিছু কারণে তথ্যপ্রযুক্তি খাতে কাজের নতুন সুযোগ কম থাকলেও বছরের শেষের দিকে সেই চাহিদা বেড়েছে বলে মনে করেন চাকরির পোর্টাল বিডিজবস ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর। তিনি মনে করেন, নানামুখী কাজের মধ্যে সফটওয়্যার শিল্পেই বেশি কাজের সুযোগ ছিল। তবে আউটসোর্সিং ও কলসেন্টারে বিগত বছরগুলোতে কাজের ক্ষেত্র যতটা বিস্তৃতি হয়েছিল, গত বছর তাতে বেশ ভাটা পড়েছে। গত বছর ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে কাজের নতুন অনেক ক্ষেত্র তৈরি হয়েছে। এ খাতে কারিগরি পেশা ছাড়াও বিক্রয় ও বিপণনে কাজের সুযোগ বেড়েছে। সৃজনশীল কাজের চাহিদা আছেবিভিন্ন সৃজনশীল পেশায় কাজ করার আগ্রহী ব্যক্তিদের সংখ্যা বাড়ছে বেশ কয়েক বছর ধরে। এ বছরও এর ব্যতিক্রম ছিল না। গণমাধ্যমে নাটক, চলচ্চিত্রসহ নানা অনুষ্ঠান নির্মাণ, চিত্রনাট্য লেখা, আলোকচিত্র, অনুবাদ, নকশা, কার্টুন ও ছবি আঁকায় অনেক নতুন কাজের সুযোগ তৈরি হয়েছে। গত বছর বিজ্ঞাপন নির্মাণ ও বিজ্ঞাপনী প্রতিষ্ঠানে কাজের চাহিদা ছিল তুঙ্গে। ফ্যাশন ডিজাইন বা ইন্টেরিয়র ডিজাইনেও কাজের নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। এনজিওতে সুযোগ বেড়েছে বিভিন্ন এনজিওতে কাজের সুযোগ কিছুটা বেড়েছে গত বছর। তবে সেই তুলনায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোয় কাজের সুযোগ না বাড়লেও প্রচুর লোকের চাকরি হয়েছে এসব জায়গায়। বছরের প্রথম দিকের তুলনায় শেষের দিকে আন্তর্জাতিক সংস্থায় নিয়োগ হয়েছে বেশি। এ বছর উন্নয়নে তথ্যপ্রযুক্তি, টেলিসেন্টার, গবেষণাধর্মী প্রতিষ্ঠান ও মানবাধিকার প্রতিষ্ঠানের কাজের পরিধি বেড়েছে। তারুণ্যের ব্যবসায় নানা মাত্রা ঝুঁকি নিতে অভ্যস্ত তরুণ প্রজন্ম ব্যবসার দিকে ঝুঁকছে বেশ ভালোই। অনুষ্ঠান ব্যবস্থাপনা, বিজ্ঞাপনী সংস্থা, অনুষ্ঠান নির্মাণ, ফ্যাশন হাউস, প্রশিক্ষণ, আমদানি-রপ্তানি, বিদেশে শিক্ষার ব্যাপারে পরামর্শ প্রদান, সফটওয়্যার প্রতিষ্ঠান, ওয়েবসাইট তৈরি—এমনকি মোবাইল ফোনের নানা বিষয়ে ব্যবসার দিকে মনোযোগ দিচ্ছে অনেকেই। সুযোগ বাড়ছে ব্যবসা ব্যবস্থাপনায় দেশি-বিদেশি বেসরকারি নানা প্রতিষ্ঠানে ব্যবসায়-সংক্রান্ত পেশাজীবীদের চাহিদা আছে অনেকটা আগের মতোই। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে প্রচুর স্নাতক কাজের বাজারে এলেও তাঁরা কাজ জুটিয়ে নিতে পারছেন অপেক্ষাকৃত সহজে। বিপণন, হিসাবরক্ষণ, ব্যবস্থাপনা, অর্থায়ন ছাড়াও বিশেষায়িত কিছু বিষয়ে নতুন করে কাজের চাহিদা তৈরি হয়েছে। ব্র্যান্ড ব্যবস্থাপনা কিংবা মানবসম্পদ ব্যবস্থাপনায় পেশাদার লোকের চাহিদা বেড়েছে স্পষ্ট।