বৃহস্পতিবার নাগরিক সমাজের সঙ্গে ইসির সংলাপ
কাজের মাধ্যমে বিরোধী দলকে আস্থায় আনতে চায় ইসি
নির্বাচন কমিশন আগামী বৃহস্পতিবার নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করবে। আজ এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা জানান। সংলাপে জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ নিয়ে আলোচনা হবে। সিইসি জানান, পর্যায়ক্রমে জ্যেষ্ঠ সাংবাদিক, নিবন্ধিত রাজনৈতিক দল ও সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গেও তাঁরা সংলাপে বসবেন। প্রধান বিরোধী দল বিএনপিসহ তাদের জোটের অন্য দলগুলোকে সংলাপে আনার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, জানতে চাইলে সিইসি বলেন, কাজের মধ্য দিয়ে ইসি বিরোধী দলকে আস্থায় আনতে পারবে। আসন্ন সংলাপে তাদেরও ডাকা হবে। ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করতে পারলে কমিশনের প্রতি বিরোধী দলের আস্থা বাড়ত বলে সিইসি মনে করেন। তিনি বলেন, ‘ডিসিসি নির্বাচন হলে দেখানো যেত আমরা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে কাজ করি। কিন্তু আদালতের নির্দেশে এ নির্বাচন করা সম্ভব হয়নি।’ ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিক ও অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।