কাজের মাধ্যমেই আস্থা অর্জন করতে চায় ইসি
নির্বাচন কমিশন জাতীয় সংসদের নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ঈদের পর নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করবে। তা থেকে আসনের সীমানা বিন্যাস সম্পর্কে যে রূপরেখা পাওয়া যাবে, তা নিয়ে পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপে বসবে। আজ রোববার নির্বাচন কমিশনের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ। তিনি বলেন, সীমানা নির্ধারণ কোন পদ্ধতিতে এগোবে, তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পরিসংখ্যান বিভাগ (বিবিএস) থেকে সর্বশেষ আদমশুমারির প্রতিবেদন পাওয়া গেছে। তাদের কাছে আরও কিছু তথ্য চাওয়া হয়েছে। এ নিয়ে কমিশনের হিসাব-নিকাশ এখনো শেষ হয়নি। কমিশন ১৯৭৬ সালের আইন এবং আগের কমিশনের রেখে যাওয়া প্রস্তাবিত আইন বিবেচনায় রেখেছে। ঈদের পর নাগরিক সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে প্রাথমিক রূপরেখা তৈরি করা হবে। সিইসি বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশন একটি নির্ভুল ভোটার তালিকা তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে। গত ১০ মার্চ থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ১৭০টি উপজেলার কাজ শেষ করা হয়েছে। আশা করা যায়, ডিসেম্বরের মধ্যে নিবন্ধনের কাজ শেষ হবে। বর্তমান পদ্ধতিতে ভোটার তালিকায় ভুয়া ভোটারের অন্তর্ভুক্তির সুযোগ নেই জানিয়ে সিইসি বলেন, ইতিমধ্যে চাঁদপুরের মতলবে ১০ জন দ্বৈত ভোটারকে চিহ্নিত করা হয়েছে। সামনে দেশব্যাপী ক্রসম্যাচিংয়ের মাধ্যমে দ্বৈত ভোটারদের শনাক্ত করা হবে এবং এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রধান বিরোধী দল বিএনপির আস্থা অর্জনে বর্তমান কমিশনের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে কাজী রকিব বলেন, ‘আমরা কাজের মাধ্যমেই সবার আস্থা অর্জন করতে চাই। ঢাকা সিটি নির্বাচনের মাধ্যমে ইসির সামনে নিরপেক্ষতা প্রমাণের সুযোগ এসেছিল। কিন্তু দুঃখজনকভাবে সেটা সম্ভব হয়নি। সামনে গাজীপুর-৪ আসনের উপনির্বাচন ও রংপুর সিটি নির্বাচন আছে। এসব নির্বাচন দিয়ে কমিশন দেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনে সচেষ্ট হবে।’