কাজের মান রক্ষায় সততাকে গুরুত্ব দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংক বলেছে, কাজের মান রক্ষায় তারা সততাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। বাংলাদেশের মানুষের স্বার্থেই তারা এমনটা চায় বলে বিশ্বব্যাংক এক বিবৃতিতে বলেছে। পদ্মা সেতু প্রকল্পে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক অর্থ ছাড় স্থগিত করেছে। এ-সংক্রান্ত একটি তদন্ত প্রতিবেদনও বাংলাদেশকে দেওয়া হয়েছে। এ নিয়ে গণমাধ্যমে লেখালেখি হলে গতকাল শনিবার নিজেদের এই অবস্থানের কথা জানায় তারা। বিবৃতিতে বিশ্বব্যাংক বলেছে, তাদের কাজের অংশ হিসেবেই বিশ্বব্যাংকের ইন্টেগ্রিটি ভাইস প্রেসিডেন্সি (আইএনটি) পদ্মা সেতু-সংক্রান্ত তথ্য বাংলাদেশ সরকারের সঙ্গে বিনিময় করেছে। বিবৃতিতে বলা হয়, ঝুঁকিপূর্ণ শাসন পরিস্থিতির মধ্যেই কাজ করে বিশ্বব্যাংক গ্রুপ। তবে এর মধ্যেই নিজেদের সম্পদের সবচেয়ে কার্যকর ব্যবহার নিশ্চিত করতে তারা কাজের মান রক্ষায় সততার বিষয়টি গুরুত্ব দিয়ে থাকে। আর বাংলাদেশের মানুষ যাতে আমাদের কাজের পুরো সুফল ভোগ করতে পারে, সে জন্য সেখানে সব ধরনের কাজে স্বচ্ছতা রক্ষায় বিশ্বব্যাংক কঠোরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।এদিকে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন আটকে যাওয়া বিষয়ে আবারও সরকারি প্রেস নোট দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান। প্রেস নোট দেওয়ার বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আমি আগেও বলেছি, প্রেস নোট একটা দেওয়া হবে।’ এ সপ্তাহে কি দেওয়া হবে—প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী হাসতে হাসতে বলেন, ‘হ্যাঁ। তবে সপ্তাহ তো এখনো শুরুই হয়নি।’