পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় দুই-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত লোক এখনো কোনো টাকা পায়নি। ভূমি অধিগ্রহণের পরও সিংহ ভাগ ক্ষতিগ্রস্ত মানুষকে টাকা বুঝিয়ে দেওয়া হচ্ছে না। ফলে বহুল আকাঙ্ক্ষিত এই সেতু নির্মাণকাজের শুরুতেই ঢিলেমির অভিযোগ উঠেছে।প্রতিশ্রুত দরের চেয়েও ক্ষতিপূরণ হিসেবে কম টাকা দেওয়া হচ্ছে এমন অভিযোগও উঠেছে। এ ছাড়া জমির দলিলপত্র হালনাগাদ করার জন্য জেলা ভূমি অফিসে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন ক্ষতিগ্রস্ত মানুষ। প্রতিদিনই স্থানীয় প্রকল্প অফিসে টাকার জন্য ধরনা দিতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন ক্ষতিগ্রস্ত নিম্নবিত্ত ও দরিদ্র লোকজন।গত বুধবার পদ্মা সেতু প্রকল্পের মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজংয়ের দক্ষিণ মেদিনীমণ্ডল, কুমারভোগ, জসলদিয়া, কান্দিপাড়া, অসমন্তপুর, দক্ষিণ পাইকসা ও দোগাছী এলাকায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি নিয়ে পরিকল্পনা কমিশনের প্রকল্প বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগও (আইএমইডি) পরিদর্শন করেছে। সেই পরিদর্শন প্রতিবেদনেও ভূমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অর্থ প্রদানে বিলম্ব হওয়ায় অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া পুনর্বাসন এলাকায় ভৌত কাজের শ্লথগতির কথা উল্লেখ করে আইএমইডি বলেছে, এসব কারণে সেতুর কাজ শুরু করতে বাধার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে।এদিকে, পদ্মা সেতু প্রকল্পের নদীর এপারে মুন্সিগঞ্জের মাওয়া অংশে চলছে জমির দাম বাড়ানোর প্রতিযোগিতা। আবাসিক মোটেল, হোটেলসহ বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য জমি কিনছেন উদ্যোক্তারা। ফলে এসব এলাকার জমির দাম বেড়েই চলছে। সূত্র জানায়, ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণের অর্থ দেওয়া হচ্ছে দুই প্রক্রিয়ায়। জেলা প্রশাসনের মাধ্যমে ভূমি অফিসে নিবন্ধনমূল্যে জমির দাম দেওয়া হচ্ছে। আর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রচলিত বাজারদরের সঙ্গে সমন্বয় করতে অনুদান হিসেবে সেই মূল্যের ওপরে কয়েক গুণ বাড়িয়ে ‘বিশেষ ক্ষতিপূরণ’ দিচ্ছে। সেতু কর্তৃপক্ষের পক্ষে পুনর্বাসন কর্মপরিকল্পনার আওতায় এই কার্যক্রমে সহায়তা করছে বেসরকারি সংস্থা খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)।প্রকল্প প্রস্তাব অনুযায়ী, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলার প্রকল্প এলাকায় ভূমি অধিগ্রহণের কারণে চার হাজার ৯৭৫টি পরিবার তাদের বাসস্থান হারাবে। আর কৃষিজমি হারাবে আট হাজার ৫২৬টি পরিবার। প্রকল্পটি বাস্তবায়নের ফলে সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ৭৬ হাজার ২১১ জন।এর মধ্যে এখন পর্যন্ত ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত তিন হাজার ৬৫০ জনকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। আর গত জানুয়ারি মাস পর্যন্ত জেলা প্রশাসনের ক্ষতিপূরণ পেয়েছেন এক হাজার ৩২৯ জন। এর মধ্যে মাওয়া অংশে ৭৭৫ জনের মধ্যে জেলা প্রশাসনের ক্ষতিপূরণ পেয়েছেন ৪৪৫ জন আর সেতু কর্তৃপক্ষের বিশেষ ক্ষতিপূরণ পেয়েছেন ৬৫২ জন। এমন চিত্র উঠে এসেছে খোদ আইএমইডির পরিদর্শনে।সরেজমিনে ভোগান্তির চিত্র: সংশ্লিষ্ট এলাকাগুলোয় সরেজমিনে গিয়ে দেখা গেছে, ক্ষতিপূরণের টাকা প্রদানে বেশ শ্লথগতি রয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নানা ভোগান্তির চিত্রও পাওয়া গেছে। ক্ষতিপূরণের অর্থ প্রদান-প্রক্রিয়ায়ও রয়েছে প্রশাসনিক জটিলতা।কুমারভোগ এলাকার আলামিন ঢালী এই প্রতিবেদককে জানান, তাঁর পরিবারের ৩০ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রথম কিস্তিতে ১৯ শতাংশ জমির বিপরীতে শতাংশপ্রতি এক লাখ ৯৬ হাজার টাকা দরে ক্ষতিপূরণ পাওয়া গেছে। সম্প্রতি দ্বিতীয় কিস্তিতে বাকি ১১ শতাংশ জমির বিপরীতে শতাংশপ্রতি এক লাখ ৪২ হাজার টাকা দেওয়া হয়েছে। এমনকি নতুন দরের সঙ্গে সমন্বয় করতে আগের কিস্তির প্রদত্ত অর্থ কেটে নেওয়া হয়েছে।গত জুন মাসে ১৮ শতাংশ বসতজমি অধিগ্রহণের জন্য জেলা অফিসের নোটিশ পান পদ্মা নদীতীরবর্তী দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী চান মিয়া (৪৫)। তিনি জানান, জমির দলিলপত্র জমা দেওয়ার পর এখনো ক্ষতিপূরণের টাকা বুঝিয়ে দেওয়া হচ্ছে না। একই এলাকার মাছ ব্যবসায়ী রহিম খন্দকার বলেন, ‘আমার বসতভিটার ৫ শতাংশ জমি অধিগ্রহণের নোটিশ দেওয়া হয়েছে। বসতভিটা চলে গেলে কোথায় যাব? ৫ শতাংশ জমির ক্ষতিপূরণের টাকা দিয়ে আশপাশের এলাকায় ১ শতাংশ জমিও পাওয়া যাবে না।’ক্ষতিপূরণ পাওয়ার আশায় জমির দলিলপত্র নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা প্রতিদিন ছুটছেন স্থানীয় সাইট অফিসে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকেন, কিন্তু কাজ এগোয় না। এমনকি কোনো কোনো দিন জেলা ভূমি কর্মকর্তা-কর্মচারীরা সাইট অফিসেও আসেন না—এমন অভিযোগ করেছেন বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি।গত বুধবার এই প্রতিবেদক দুপুর ১২টা থেকে পৌনে দুইটা পর্যন্ত মাওয়া চৌরাস্তাসংলগ্ন সাইট অফিসে অবস্থান করেও দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা-কর্মচারীকে পাননি। এ সময় ক্ষতিগ্রস্ত ১৫-২০ জনকে দলিলপত্র নিয়ে কিংবা ক্ষতিপূরণের চেকের আশায় কিংবা জমির দলিলপত্র নিয়ে বসে থাকতে দেখা গেছে। গত মাসে জমির ন্যায্য দাম এবং যথাসময়ে তা প্রদানের দাবিতে মাওয়া সড়কে মানববন্ধনও করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।পদ্মা বহুমুখী সেতুর আওতাধীন ক্ষতিগ্রস্ত পরিবার কল্যাণ সমিতির সভাপতি গিয়াস উদ্দিন খান প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত মানুষ জমির দলিল হালনাগাদ করতে মুন্সিগঞ্জ জেলা ভূমি অফিসে গেলে কমিশন হিসেবে ৫-১০ শতাংশ টাকা ঘুষ হিসেবে অগ্রিম না দিলে কাজ হয় না, কাগজপত্রের দাঁড়ি-কমা ভুল হলেও আটকে দেন তাঁরা। আশ্বাস দেওয়া হয়েছিল, প্রকল্প এলাকায় ক্যাম্প অফিস স্থাপন করে জমির দলিলপত্র হালনাগাদ করা হবে, কিন্তু যথাযথভাবে তা করা হচ্ছে না। প্রশাসনের বক্তব্য: যোগাযোগ করা হলে সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘ক্ষতিপূরণের টাকার চেক দেয় জেলা প্রশাসন। ভুল মানুষ যাতে ক্ষতিপূরণের টাকা না পায়, সে জন্য জমির দলিলদস্তাবেজ যাচাই-বাছাই করা হয়। অনেক সময় ভূমির মালিকানা নিয়ে বিরোধও থাকে। এ জন্য কিছুটা সময় হয়তো লাগছে।’ তিনি আরও জানান, নদী শাসনের জন্য যেসব জমি অধিগ্রহণ করা হয়েছে, তার ক্ষতিপূরণের অর্থ বিশ্বব্যাংকের অনুমোদনের দীর্ঘসূত্রতার জন্য দেওয়া যাচ্ছে না।তবে ক্ষতিগ্রস্ত লোকজনের ভোগান্তি ও হয়রানির অভিযোগ অস্বীকার করে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক আজিজুল আলম প্রথম আলোকে জানান, জেলা সদর থেকে প্রতিদিনই সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্প অফিসে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জমির দলিলসহ আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করছেন। যাচাই-বাছাই করে ২৪ ঘণ্টার মধ্যেই ক্ষতিপূরণের চেক প্রদান করা হচ্ছে। আগামী মার্চ মাস নাগাদ ক্ষতিগ্রস্ত সবাই অর্থ পেয়ে যাবেন। ঘুষ-বাণিজ্যের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘কেউ এ ধরনের অভিযোগ সরাসরি আমার কাছে করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।’ এসব অভিযোগ সম্পর্কে সিসিডিবির স্থানীয় সুপাইভাইজার আল আমিন প্রথম আলোকে জানান, অধিগ্রহণকৃত ৬ শতাংশ জমির মামলা-মোকদ্দমা রয়েছে। ফলে প্রকৃত জমির মালিককে ক্ষতিপূরণ দেওয়া যাচ্ছে না। আর মুন্সিগঞ্জ জেলায় মাত্র দুজন কানুনগো আর ছয়জন সার্ভেয়ার রয়েছেন। এত অল্প লোকবল দিয়ে এ ধরনের বড় প্রকল্প এলাকার জমি অধিগ্রহণ কার্যক্রমও সুষ্ঠুভাবে সম্পন্ন করা দুরূহ। এসব কারণে দীর্ঘসূত্রতা বাড়ছে।আইএমইডির সচিব হাবিবউল্লাহ মজুমদার বলেন, ভূমি অধিগ্রহণের পর ক্ষতিগ্রস্ত মানুষের টাকা প্রদানে বেশ ধীরগতি রয়েছে। ক্ষতিপূরণের টাকা দেওয়া না হলে কর্মপরিকল্পনা অনুযায়ী প্রকল্পের মূল কাজ শুরু করাও কঠিন হবে। ক্ষতিপূরণ প্রদানের কার্যক্রম ত্বরান্বিত করতে জেলা প্রশাসনকে আরও তৎপর হওয়ার পাশাপাশি অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, কানুনগো ও সার্ভেয়ার নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে তিনি জানান।আইএমইডি প্রতিবেদনেও একই চিত্র: গত ২০ জানুয়ারি আইএমইডির সচিবের নেতৃত্বে এক প্রতিনিধিদল প্রকল্প এলাকা পরিদর্শন করেন। প্রতিবেদন অনুযায়ী, ২০০৭-০৮ থেকে ২০০৯-১০ অর্থবছর পর্যন্ত ভূমি অধিগ্রহণের জন্য মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলা প্রশাসকদের ৭৪৫ কোটি ৫৭ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু গত জানুয়ারি মাস পর্যন্ত মাত্র ৬৭ কোটি ৮৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, যা মোট অর্থের মাত্র ১৭ শতাংশ। এ সময়ে মাত্র ১২৬ হেক্টর জমির এক হাজার ৩২৯ জন মালিককে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয়েছে, আর সেতু কর্তৃপক্ষ অনুদান হিসেবে এক হাজার ১৯২ জনকে ১১০ কোটি টাকার ‘বিশেষ ক্ষতিপূরণ’ দিয়েছে।পদ্মা সেতুর জন্য এক হাজার ৩৯ হেক্টর জমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে। এ পর্যন্ত মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে ৮৩৮ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে। পদ্মা সেতুুর এপারের মাওয়া অংশের মতো ওপারের শরীয়তপুর ও মাদারীপুরের জাজিরা, নাওডোবা, শিবচর এলাকার চিত্রও একই রকমের। সেখানেও অর্থ প্রদানে ধীরগতি রয়েছে। জমির দাম বাড়ার প্রতিযোগিতা: এলাকাবাসীর সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রকল্পবহির্ভূত দক্ষিণ মেদিনীমণ্ডল, কুমারভোগ, জসলদিয়া ও দক্ষিণ পাইকসা এলাকায় জমির দাম কয়েক গুণ বেড়েছে। ফলে ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিপূরণ বাবদ যে টাকা পাচ্ছে, তার চেয়ে বেশি হয়ে গেছে সেখানকার জমির দাম। ১ শতাংশ হিসেবে দক্ষিণ মেদিনীপুর মৌজায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দেওয়া হচ্ছে কৃষিজমিতে এক লাখ ৯৩ হাজার টাকা, ভিটেবাড়িতে দুই লাখ পাঁচ হাজার টাকা। আর প্রকল্পবহির্ভূত এলাকায় ১ শতাংশ জমির দাম আড়াই লাখ থেকে তিন লাখ টাকায় বিক্রি হচ্ছে। কুমারভোগ এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষকে দেওয়া হচ্ছে ১ শতাংশ কৃষিজমিতে এক লাখ ৪২ হাজার টাকা, আর ভিটেবাড়িতে এক লাখ ৭৩ হাজার টাকা। এ ছাড়া প্রকল্পের বাইরে বিক্রি হচ্ছে শতাংশপ্রতি দুই লাখ থেকে আড়াই লাখ টাকা।জসলদিয়ায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দেওয়া হচ্ছে প্রতি শতাংশ ভিটেবাড়ি ৭৪ হাজার টাকা, আর কৃষিজমি ৬৭ হাজার টাকা। তবে প্রকল্পের বাইরে এই মৌজার প্রতি শতাংশ জমির দাম গড়ে দুই লাখ টাকা। একই অবস্থা কান্দিপাড়া, দক্ষিণ পাইকসা ও দোগাছীর।উল্লেখ্য, ২০১৫ সালের জুনে সেতু নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। পদ্মা সেতুর দৈর্ঘ্য হবে ৬ দশমিক ১৫ কিলোমিটার। ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের মাওয়া-জাজিরা পয়েন্টে এই সেতু হচ্ছে।