সন্ত্রাসীরা মোহাম্মদ রুবেল (২২) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেই ক্ষান্ত হয়নি। তারা কাটা মাথা নিয়ে একটি হোটেলের মালিকের কাছে গিয়ে চাঁদাও দাবি করেছে। সন্ত্রাসীরা হোটেলের মালিককে ভয় দেখায় যে চাঁদা না দিলে তাঁকে এই হত্যা মামলায় ফাঁসানো হবে। মস্তকবিহীন লাশটি একটি পরিত্যক্ত বাড়িতে পুঁতে রাখা হয়।গতকাল সোমবার দুপুরে পুলিশ পুরান ঢাকার জনসন রোড থেকে বিচ্ছিন্ন মাথা ও দেহটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পুলিশ রুবেল (২০), রুমান (২১) ও রনি বিশ্বাস (২০) নামের তিন যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, নিহত যুবক ও গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নামে এলাকায় নানা অভিযোগ আছে। পূর্বশত্রুতার জের ধরে রুবেলের পরিচিত লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।নিহত রুবেলের মামা আবদুল খালেক প্রথম আলোকে জানান, রুবেল বৈদ্যুতিক কাজ করতেন। পুলিশের কাছে রুবেলের মৃত্যুর খবর পেয়ে তাঁরা থানায় ছুটে যান। রুবেলের বাবার নাম আশরাফ আলী। গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদি উপজেলার চরপোদ্ধা গ্রামে। তিন ভাই ও এক বোনের মধ্যে রুবেল দ্বিতীয়। তিনি বোনের সঙ্গে ৫০ লালচান মকিম লেনের একটি বাসায় ভাড়া থাকতেন।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গতকাল বেলা ১১টার দিকে তিনি খবর পান, জনসন রোডের হোটেল মীমে তিন সন্ত্রাসী ঢুকেছে। সন্ত্রাসীরা এক ব্যক্তির কাটা মাথা নিয়ে হোটেলের মালিক জাহাঙ্গীর হোসেনের কাছে চাঁদা দাবি করে। টাকা না পেলে তারা জাহাঙ্গীরকে এ হত্যাকাণ্ডে ফাঁসিয়ে দেবে বলে হুমকি দেয়।এরপর ওসি তাঁর দল নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে রুবেলকে আটক করেন। পরে হোটেলে গিয়ে রুমান ও রনি বিশ্বাসকে আটক করা হয়। এ সময় নিহত রুবেলের মাথাটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত তিনজনের স্বীকারোক্তি অনুযায়ী ওই হোটেলের পাশের একটি পরিত্যক্ত ভবনের মাটির নিচ থেকে রুবেলের মস্তকবিহীন দেহটি উদ্ধার করা হয়। মাথা নিয়ে ভয় দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা ও হত্যাকাণ্ডের ঘটনায় থানায় দুটি মামলার প্রস্তুতি চলছে।