ভোলার চরফ্যাশন উপজেলার একটি ইউনিয়ন চর কুকরিমুকরি। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই চরের অবস্থান বঙ্গোপসাগরের মোহনায়। মূল ভূমির সঙ্গে যোগাযোগ সহজ করতে এখানে একটি পাকা সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতিমধ্যে প্রায় ১৫ হাজার গাছ কাটার জন্য চিহ্নিত করা হয়েছে। পরিবেশবাদীরা এবং স্থানীয় সচেতন মহল গাছ না কেটে বিকল্প পথে সড়ক নির্মাণের দাবি জানিয়েছে।চলতি বছরের শেষ দিকে সড়ক নির্মাণের কাজ শুরু হবে বলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সূত্র জানিয়েছে।বন বিভাগ সূত্র জানায়, ১৯৭৭ সালে চর কুকরিমুকরিতে বনায়ন কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই বনে কেওড়া, সুন্দরী, বাইন, গেওয়া, কাকরা, হেকাল ও পশুর জাতীয় শ্বাসমূলীয় (ম্যানগ্রোভ) উদ্ভিদ রয়েছে। এখানে রয়েছে হরিণ, বানর, বন্য মহিষ-গরু, উদবিড়াল, বনবিড়াল, বনমোরগ, সাপ, শেয়াল ইত্যাদি বন্য প্রাণী। এটিকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা প্রক্রিয়াধীন। সূত্র আরও জানায়, কুকরিমুকরি চরে বর্তমানে বনভূমির পরিমাণ আট হাজার ৫৬৫ হেক্টর। এর মধ্যে বন্য প্রাণীর অভয়াশ্রম ২১৭ হেক্টরে। জনবসতি ও কৃষি আবাদ আছে প্রায় চার হাজার ৮১০ হেক্টরে। এখানে প্রায় ১৫ হাজার মানুষের বাস।বন বিভাগ সূত্র জানায়, কুকরিমুকরি বনের উত্তরাংশে বাবুগঞ্জ থেকে পাতিলার বুড়াগৌরাঙ্গ নদ পর্যন্ত আড়াই কিলোমিটার দীর্ঘ এবং ২০ ফুট প্রশস্ত পাকা সড়ক নির্মাণের জন্য কুকরিমুকরি ইউনিয়ন পরিষদ ২০০৯-২০১০ অর্থবছরের গোড়ার দিকে বন বিভাগে একটি আবেদন করে। ওই আবেদনপত্র মন্ত্রণালয়ে পাঠানোর পর পাল্টা চিঠি আসে। তাতে বলা হয়, ‘বন কেটে সড়ক নির্মাণ কখনোই সম্ভব নয়।’অভিযোগ আছে, তখন ভোলা-৪ আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম রাস্তা নির্মাণের জন্য চেষ্টা শুরু করেন। আবার বন মন্ত্রণালয় থেকে চিঠি আসে। এই চিঠিতে বন না কেটে সড়ক নির্মাণের উপায় বের করতে বলা হয়। এরপর জরিপ করে কম বন ধ্বংস করে সড়ক নির্মাণের প্রস্তাব করা হয়। কিন্তু গুচ্ছগ্রামের পশ্চিমে কুকরি খালের পাড় দিয়ে চর পাতিলা বুড়াগৌরাঙ্গ নদের তীর পর্যন্ত প্রস্তাবিত বিকল্প সড়কের দৈর্ঘ্য আধা কিলোমিটার বেশি হওয়ায় সেটি নাকচ করে দেওয়া হয়। সর্বশেষ গত ১৬ মে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক চিঠিতে রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় ন্যূনতম গাছ কাটার অনুমতি দেওয়া হয়।স্থানীয় বন বিভাগ সূত্র জানায়, রাস্তা তৈরি করতে হলে বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রায় ১৫ হাজার গাছ কাটতে হবে। এর মধ্যে আসবাবপত্র করার উপযোগী বড় কেওড়া গাছ রয়েছে এক হাজার ৭০০। লাকড়ির গাছ তিন হাজার। ১০ হাজারেরও বেশি গাছ ছোট। কুকরিমুকরির রেঞ্জ কর্মকর্তা মাসুদ সরদার জানান, ‘যেসব গাছ কাটতে হবে, আমরা সেগুলোর ওপর চিহ্ন দিয়ে যাচ্ছি। রাস্তা নির্মাণের আগে চিহ্নিত গাছগুলো কেটে নিলামে বিক্রি করা হবে।’স্থানীয় সচেতন মহল বলছে, বর্তমানে কচ্ছপিয়া থেকে কুকরিমুকরি যেতে যে সময় লাগে, বনের গাছ কেটে রাস্তা নির্মাণ করা হলে তার চেয়ে মাত্র ১৫ মিনিট কম লাগবে। ১৫ মিনিট সময় বাঁচানোর জন্য ১৫ হাজার গাছ কাটা কোনোভাবেই তারা মেনে নেবে না। বনের পার্শ্ববর্তী চরের ওপর দিয়ে রাস্তা নির্মাণের সুযোগ রয়েছে। তাই সেদিক দিয়েই রাস্তা করতে হবে। সচেতন মহল বলছে, রাস্তা করতে হলে বিপুল পরিমাণ মাটির প্রয়োজন। আর এই মাটিও নেওয়া হবে বন থেকে। এতে আরও গাছ মারা পড়বে।পরিবেশবাদীরা বলেছেন, কুকরির বন ভোলার একটি নিরাপত্তা বেষ্টনী। সাগর থেকে উঠে আসা বাতাস প্রথমেই এই বেষ্টনীতে বাধাগ্রস্ত হয়। ১৯৭০-এর ভয়াল জলোচ্ছ্বাস এবং গত সিডর ও আইলার মতো ঝড়ে ভোলায় ক্ষয়ক্ষতি ছিল সামান্য। ভোলা পরিবেশ আন্দোলন কমিটির আহ্বায়ক মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, বন উজাড় করে রাস্তা তৈরি সরকারের পরিবেশ সংরক্ষণ ও বনায়ননীতির সঙ্গে সাংঘর্ষিক।জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম জানান, চরফ্যাশন উপজেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক সভায় উপস্থিত সবাই গাছ কেটে সড়ক নির্মাণের ঘোর বিরোধিতা করেন। বনের গাছ না কাটার জন্য সভায় লিখিত কার্যবিবরণী (রেজুলেশন) গৃহীত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল কাদের মজনু মোল্লা বলেন, বাগান ধ্বংস করে রাস্তা তৈরির সিদ্ধান্ত আত্মঘাতী। তিনি বন না কেটে পার্শ্ববর্তী চরের মধ্য দিয়ে রাস্তা নির্মাণের প্রস্তাব করেন। তা না হলে আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।বরিশাল বন বিভাগের উপকূলীয় (কোস্টাল অঞ্চল) বন সংরক্ষক আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাজ বন রক্ষা করা। বন রক্ষায় সব রকম চেষ্টা করেছি। কিন্তু মন্ত্রণালয় বন কেটে সড়ক নির্মাণ করার নির্দেশ দিয়েছে।’এ ব্যাপারে স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল ইসলাম গত বুধবার প্রথম আলোকে বলেন, এলাকার জনগণের স্বার্থে রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, রাস্তাটি তৈরি হলে চর কুকরিমুকরিবাসীর যাতায়াতে এক ঘণ্টা সময় বাঁচবে। এ ছাড়া যতগুলো গাছ কাটা যাবে, তার দ্বিগুণসংখ্যক গাছ লাগিয়ে দেওয়ার শর্তে বন ও পরিবেশ মন্ত্রণালয় রাস্তা তৈরির অনুমতি দিয়েছে।