পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে কাঠসহ নানা ধরনের বনজ সম্পদ পাচারের মহোৎসব চলছে। কর্তন নিষিদ্ধ কাঠ ও বনজ সম্পদ পাচারের সঙ্গে বন বিভাগের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে স্টেশন ও ক্যাম্পের কর্মকর্তা এবং ক্ষমতাসীন দলের প্রভাবশালী কিছু নেতা সরাসরি জড়িত রয়েছেন বলে অভিযোগ উঠেছে।পাচার ও উদ্ধার: চাঁদপাই রেঞ্জের বিভিন্ন স্টেশন, বিশেষ করে ঢাংমারী ও চাঁদপাই স্টেশন এলাকা দিয়ে দিনে-রাতে কাঠ ও বনজ সম্পদ পাচারের কারণে এরই মধ্যে সুন্দরবনের বিভিন্ন জায়গা একরকম ফাঁকা হয়ে গেছে। সরেজমিনে পূর্ব সুন্দরবনের চাঁদপাই ও ঢাংমারী স্টেশনের আওতাধীন বিস্তীর্ণ এলাকা ঘুরে কাঠ ও বনজ সম্পদ পাচারের দৃশ্য দেখা যায়।জানা যায়, কোস্টগার্ডের (পশ্চিম জোন) সদস্যরা চলতি বছরের ৩ ডিসেম্বর পর্যন্ত উপকূলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবন থেকে পাচার হওয়া প্রায় ২৩ হাজার ৯৬৫ দশমিক ৬ ঘনফুট সুন্দরী, পশুর, কাঁকড়া, বাইনসহ বিভিন্ন প্রজাতির গাছ, ২৪টি নৌকা, চারটি ট্রলার ও একটি স্পিডবোট উদ্ধার করে, যার মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানান কোস্টগার্ডের (পশ্চিম জোন) অপারেশন ইনচার্জ লে. কমান্ডার লোকমান হাকিম। এর মধ্যে কাঠের দাম দুই কোটি ৩৯ লাখ টাকা।এ ছাড়া হরিণ জবাই করে মাংস বিক্রি এবং চামড়া পাচার চলছে দেদার। চলছে কুমিরের চামড়া পাচারও। বন বিভাগের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।‘অনুমতি’ ও ‘ভুর’ পার্টি: অনুসন্ধানে জানা যায়, চোরেরা বেশি পাচার করে সুন্দরী ও পশুরগাছ। সুন্দরবনে এখন কোনো ধরনের গাছ কাটার অনুমতি না থাকলেও চাঁদপাই রেঞ্জের চাঁদপাই ও ঢাংমারী অফিসের আওতাধীন এলাকায় চোরপ্রতি বনরক্ষীদের প্রতিদিন এক হাজার টাকা দিয়ে তিন দিন গাছ কাটার ‘অনুমতি’ পাওয়া যাওয়ার অভিযোগ রয়েছে। অনুমতি নিয়ে করাত ও কুড়াল দিয়ে গাছ কাটা হয়। এসব কাঠ ট্রলারে করে সুন্দরবন থেকে সরাসরি নির্দিষ্ট মোকামে পৌঁছে যায়। আবার ‘ভুর’ (গোল গাছের গোড়া) দিয়ে কাঠ ভাসিয়ে রশি দিয়ে টেনে নিরাপদ স্থানে কাঠ নিয়ে যায় চোরেরা। ভুরের মাধ্যমে যারা কাঠ পাচার করে, তাদের ‘ভুর পার্টি’ বলা হয়। এ ছাড়া ক্যাম্প ও স্টেশনের কর্মকর্তাদের নৌকাপ্রতি পাঁচ হাজার টাকা দিয়ে জ্বালানির নামে ওই দুটি অফিসের আওতাধীন এলাকা থেকে প্রতিনিয়ত সুন্দরী, বাইনসহ নানা ধরনের গাছ পাচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। মংলা শহরসহ আশপাশের উপকূলীয় এলাকায় অনেকটা প্রকাশ্যে জ্বালানির নামে মূল্যবান গাছ হরদম বিক্রি হলেও এসব আটকে বনরক্ষীদের উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ দেখা যায় না।উল্লেখ্য ১৯৯০ সাল থেকে সুন্দরবনে গোলপাতা ও গেওয়া ছাড়া সব ধরনের গাছ কাটা নিষিদ্ধ রয়েছে।যে জায়গা দিয়ে কাঠ পাচার: একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, চাঁদপাই রেঞ্জের করমজল, ঘাঘড়ামারী, বড় জোংড়া, ছোট জোংড়া, নলবুনিয়া, আন্ধারিয়া, পোড়া মহল, মৃগেলমারী, নন্দবালা, আদাচাকি, চরাপুটিয়া, শেলার ভরানী, ডাকাইতা খাল, হরজাল, গোসিয়া—এসব জায়গা থেকে বনরক্ষীদের সহায়তায় চোরেরা গাছ কেটে নিয়ে যায়।চাঁদপাই রেঞ্জের চিলা বাজার, ্বরইতলা ভারানি, চিলা খাল ও ঢাংমারী স্টেশনের পশুর নদী দিয়ে কাঠ পাচার হয়ে বাগেরহাট, স্বরূপকাঠি, আরিচা, জিঞ্জিরা, গোপালগঞ্জ, টেকেরহাট, রামদিয়া, খুলনা, চানমারির বড় বড় মোকামে চলে যায়।অভিযোগ আ. লীগের নেতাদের বিরুদ্ধে: সরেজমিন অনুসন্ধানে আরও জানা যায়, মংলা ও খুলনা এলাকায় কাঠ পাচার চক্রের কয়েকজন গডফাদার রয়েছে। আর তাদের সঙ্গে চাঁদপাই ও ঢাংমারী স্টেশনের কর্মকর্তাদের বিশেষ সখ্য রয়েছে। এসব প্রভাবশালী গডফাদারই সুন্দরবন উজাড় করে দিচ্ছে। মংলা উপজেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা কাঠ পাচারে সহায়তা না করার কারণে গত বছরের সেপ্টেম্বর মাসে একজন বনপ্রহরীকে বেদম মারধর করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত ওই বনপ্রহরীর পক্ষে বন বিভাগ মংলা থানায় মামলাও করে। কিন্তু পুলিশ তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে জানা গেছে। ওই নেতার ক্ষমতার দাপটে বন বিভাগ পরে মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। এই নেতার বিরুদ্ধে বনজ সম্পদ পাচারের বহু অভিযোগ রয়েছে।মংলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তাহের হাওলাদার স্বীকার করেন, দলের প্রভাবশালী কয়েকজন নেতা কাঠ পাচারে জড়িত রয়েছেন। তিনি বলেন, কিছু নেতা-কর্মীর কারণে দলের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ন হচ্ছে।জড়িত বন বিভাগের কর্মকর্তারা: কাঠ পাচারের সঙ্গে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চাঁদপাই ও ঢাংমারী স্টেশন কর্মকর্তা শওকত হোসেন ও মোকাম্মেল কবীর জড়িত বলে অভিযোগ রয়েছে। ফলে এখন কাঠ চুরি বাড়লেও কাঠ আটক ও মামলা কম হচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে ওই দুই কর্মকর্তা বলেন, চুরি আগের চেয়ে কমেছে। তবে রাজনৈতিক প্রভাবের কারণে অনেক সময় তাঁরা গাছচোরদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন না বলে স্বীকার করেন।সুন্দরবন টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আবদুল ওহাব মল্লিক বলেন, কাঠ চুরি বেড়েছে। বিভিন্ন করাতকলে বিপুল পরিমাণ চোরাই কাঠ আসছে।মংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নূর আলম বলেন, সত্যিকার অর্থেই গাছ পাচারের মহোৎসব চলছে। বন বিভাগের দুর্নীতিপরায়ণ কিছু কর্মকর্তার সঙ্গে ক্ষমতাসীন দলের প্রভাবশালী কিছু নেতার যোগসাজশে সুন্দরবন উজাড় হতে চলেছে।পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা মিহির কুমার দে বলেন, কাঠ পাচারের সঙ্গে বন বিভাগের দুই কর্মকর্তা জড়িত থাকার বিষয়ে তাঁর কাছে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। কাঠ ও বনজ সম্পদ পাচারের সঙ্গে স্থানীয় পর্যায়ের কিছু রাজনৈতিক নেতা জড়িত রয়েছেন বলে তিনি অভিযোগ করেন।