আদালত অবমাননার অভিযোগে কোনো ব্যক্তিকে শুরুতেই কাঠগড়ায় দাঁড় করানো যাবে না। তার আগে তাঁকে কারণ দর্শানোর সুযোগ দিতে হবে। এই বিধান রেখে জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার আদালত অবমাননা বিল, ২০১৩ পাস হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। ২০১১ সালের ১৪ জুন বিলটি সংসদে উত্থাপন করা হয়।আইনে বলা হয়েছে, পক্ষপাতহীন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননা হবে না। অধস্তন আদালতের সভাপতিত্বকারী বিচারক সম্পর্কে অন্য কোনো অধস্তন আদালত কিংবা সুপ্রিম কোর্টের কাছে কোনো বিবৃতি বা মন্তব্য আদালত অবমাননা হবে না। এমনকি বিচারকের খাসকামরায় বা রুদ্ধদ্বার কক্ষে বিচার-প্রক্রিয়া সম্পর্কে তথ্য প্রকাশে সুস্পষ্ট নিষেধাজ্ঞা না থাকলে সেটিও আদালত অবমাননা হবে না। আদালত অবমাননার অভিযোগের বিচার এবং শাস্তি দেওয়ার ক্ষমতা হাইকোর্ট বিভাগের ওপর ন্যস্ত থাকবে।গতকাল সংসদকাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী প্রেসিডেন্ট’স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) বিল, ২০১৩ এবং আইনমন্ত্রী স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) বিল, ২০১৩ সংসদে উত্থাপন করেন। পরে বিল দুটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।প্রস্তাবিত আইনে রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন অনুদানের পরিমাণ এক কোটির পরিবর্তে দুই কোটি টাকা এবং স্পিকারের অনুদানের পরিমাণ চার লাখ ৫০ হাজার টাকার পরিবর্তে ১০ লাখ টাকা করার কথা বলা হয়েছে।সংবিধানের ১৫তম সংশোধনীর ফলে অকার্যকর হয়ে যাওয়া সামরিক ফরমানগুলোকে আইনে পরিণত করতে গতকাল দুটি বিল উত্থাপন করেন আইনমন্ত্রী। পরে বিল দুটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়।বিল দুটি হলো: ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট হতে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে জারিকৃত কতিপয় অধ্যাদেশ কার্যকরকরণ (বিশেষ বিধান) বিল, ২০১৩ এবং ‘১৯৮২ সালের ২৫ মার্চ হতে ১১ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে জারিকৃত কতিপয় অধ্যাদেশ কার্যকরকরণ (বিশেষ বিধান) বিল, ২০১৩।