কাঠগড়া ভেঙে আসামি ছিনতাই, কারণ দর্শাতে হবে পুলিশকে
বগুড়ায় আদালতে হামলা-ভাঙচুর ও কাঠগড়া ভেঙে যুবদলের ছয় নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশকে কারণ দর্শাতে বলেছেন আদালত। একই সঙ্গে এ ঘটনায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৩৬ নেতা-কর্মীর জামিনের আদেশ বাতিল করেছেন আদালত। আজ দুপুরে এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।কারণ দর্শানোর নোটিশপুলিশের বগুড়ার আদালত পরিদর্শক (ভারপ্রাপ্ত) এমদাদুল বারী প্রথম আলো ডটকমকে বলেন, কাল বগুড়ার আদালতে কেন ওই হামলা, ভাঙচুর ও কাঠগড়া ভেঙে আসামিকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটল, তা জানতে চেয়ে মাননীয় অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আবদুল হামিদ পুলিশের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।জামিন বাতিলহরতালে ককটেল হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা জগলুল পাশার দায়ের করা মামলায় গতকাল বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত ছয় নেতার জামিন নামঞ্জুর করলেও ৩৬ জনের জামিনের আদেশ দিয়েছিলেন। কিন্তু আদেশের পর আদালতে হামলা, ভাঙচুর ও কাঠগড়া থেকে ছয় নেতাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার পরপরই আদালত পৃথক আদেশে আগে দেওয়া ওই ৩৬ নেতা-কর্মীর জামিন আদেশ বাতিল করেন। আসামিপক্ষের আইনজীবী আবদুল বাসেত প্রথম আলো ডটকমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনজন গ্রেপ্তার বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) সহিদ আলম প্রথম আলো ডটকমকে বলেন, আদালতে হামলা, ভাঙচুর ও কাঠগড়া ভেঙে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। তাঁরা হলেন: যুবদলের কর্মী নাজমুল শেখ, সুজন ও স্বেচ্ছাসেবক দলের ফারুকুল ইসলাম।বিএনপির সংবাদ সম্মেলনআজ শুক্রবার বিকেলে শহরের নওয়াববাড়ি সড়কের দলীয় কার্যালয়ে জেলা বিএনপি সংবাদ সম্মেলন করে। সেখানে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম দাবি করেন, বগুড়ার আদালতে কাঠগড়া থেকে নেতাদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ সঠিক নয়। বিচারকাজ চলাকালে আদালত ও আদালতের বাইরে উত্সুক অনেক লোকজন ছিলেন। ভাঙচুরের ঘটনায় যুবদল বা স্বেচ্ছাসেবক দলের কেউ জড়িত ছিলেন না। নেতা-কর্মীদের কেউ পালিয়েও যাননি বলে তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, হট্টগোলের সময় আসামিরা তাঁদের আইনজীবীদের সঙ্গেই ছিলেন। গোলমাল থেমে গেলে জামিন নামঞ্জুর হওয়া নেতারা আইনজীবীদের মাধ্যমে স্বেচ্ছায় হাজতে ঢোকেন। পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে বলে যে দাবি করছে, সেটাও ভিত্তিহীন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও দলীয় নেতা-কর্মীদের মামলার আইনজীবী আবদুল বাসেতও ওই দিনের ঘটনা ব্যাখ্যা করে বক্তব্য দেন।