‘আমরা সেনা অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ করলাম, আর সেই সেনা অফিসাররাই আমাদের বিচার করছে।’ কাঠগড়ায় দাঁড়িয়ে বিচার কার্যক্রম নিয়ে এমনই ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেন বিডিআর বিদ্রোহের অন্যতম পরিকল্পনাকারী ও ৪৪ রাইফেল ব্যাটালিয়নের জওয়ান সেলিম রেজা। গতকাল মঙ্গলবার সকালে বিডিআরের দরবার হলে স্থাপিত আদালতের কার্যক্রম শুরুর আগে সাংবাদিকেরা কৌতূহলবশত বিদ্রোহের পরিকল্পনাকারী সেলিম রেজাকে দেখতে কাঠগড়ার পাশে যান। সে সময় কয়েকজন সেনা কর্মকর্তা ও আইনজীবী দাঁড়িয়ে সেলিমের সঙ্গে কথা বলছিলেন। একজন সেনা কর্মকর্তা সেলিমকে উঠে দাঁড়াতে বললে তিনি সাংবাদিকদের সামনেই এমন মন্তব্য করেন। সেলিম রেজার মুখে এমন মন্তব্য শুনে একজন সেনা কর্মকর্তা তাঁকে ধমক দিলে তিনি বলেন, ‘আর কী হবে, স্যার?’ বিদ্রোহের সময় সেলিমের যে ছবি পত্রিকায় ছাপা হয়েছিল, সেই ছবি দেখে এখন তাঁকে একেবারেই চেনা যায় না। তাঁর মুখে এখন দাড়ি।আদালত থেকে জানানো হয়, ৪৪ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে আগামী ১ নভেম্বর। সেদিন থেকে তাঁদের বিচার শুরু হবে।গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহের পরিকল্পনা করা ছাড়াও তত্কালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে হত্যা করেছিলেন সিপাহি সেলিম রেজা নিজে। তিনি বিডিআরের অস্ত্রাগার থেকে অস্ত্র-গুলি লুটপাটে নেতৃত্বও দিয়েছিলেন। সেদিন তাঁর সঙ্গে আরও ছিলেন সিপাহি তাজুল, আলতাফ, ওবায়দুল্লাহ, জসিম মল্লিক, মাহবুবুর, মাসুদ, রফিকুল, হাবিবুরসহ অনেকে। সিপাহি ওবায়দুল্লাহ মহাপরিচালকের বাসায় হামলা ও তাঁর স্ত্রীকে খুন করার কাজে নেতৃত্ব দেন। ৪৪ রাইফেল ব্যাটালিয়নের এমন ২৮ জওয়ানকে ভয়ংকর আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। গতকাল সেলিমসহ এই ২৮ জনকে আদালতে আনা হয় ডাণ্ডাবেড়ি পরিয়ে। এসব আসামির সবাই বিদ্রোহের পাশাপাশি হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো, মারধরের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত। তাঁরা সিআইডির মামলারও আসামি। এঁদের কয়েকজনকে বাহিনীর পোশাক ছাড়াই আদালতে আনা হয়।ভয়ংকর আসামিদের নিয়ে গতকাল আদালতেও ছিল সতর্কতা।শুনানির শুরুতে আদালতের নিয়মকানুন সম্পর্কে সবাইকে সতর্ক করে দিয়ে আদালতের সভাপতি ও বিডিআরের প্রধান মেজর জেনারেল মো. মইনুল ইসলাম বলেন, ‘এখানে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা বসানো আছে। কাঠগড়ায় বা অন্য কোনো স্থানে কারও কোনো আপত্তিজনক কার্যক্রম দেখা গেলে তাঁকে ছয় মাস পর্যন্ত তাত্ক্ষণিক শাস্তি দেওয়া হতে পারে।বিডিআর সদর দপ্তর বিশেষ আদালত-৫-এ ৪৪ রাইফেল ব্যাটালিয়নের সদস্যদের বিচার শুরু হয় বেলা পৌনে ১১টার দিকে। এর আগে অভিযুক্ত ৬৭৫ জন আসামিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়।শুরুতেই হত্যা ও পরিকল্পনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম উল্লেখ করে তাঁরা আদালতে হাজির আছেন কি না জানতে চাওয়া হয়। উপস্থিত আসামিরা নিজেদের উপস্থিতির কথা আদালতকে জানান। আদালতের সভাপতি বলেন, সেদিন অনেকেই ভেবেছিলেন, আপনারা কখনো আর আইনের আওতায় আসবেন না। কিন্তু কেউ আইনের বাইরে নয়। সব অনিয়মেরই বিচার হবে।৪৪ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার ও মামলার প্রসিকিউটর লে. কর্নেল কাজী অনিরুদ্ধ আদালতে অভিযোগের বিবরণ দিয়ে বলেন, আদালতে উপস্থিত জওয়ানদের মধ্যে সেদিন ১৮৯ জন বিদ্রোহে অংশ নিয়ে দরবার হল ত্যাগ করেছিলেন। তাঁরা যদি হল ত্যাগ না করতেন, তাহলে বিদ্রোহ হতো না। এ ছাড়া তিনি উপস্থিত ৫৪ জনের বিরুদ্ধে নিজের ইউনিটে বিদ্রোহ সংগঠিত করার অভিযোগ করেন। ২৮ জনের নাম বলেন, যাঁরা সেদিন অস্ত্র নিয়ে দরবার হলে উপস্থিত ছিলেন। এ ছাড়া ৪৩৪ জনের বিরুদ্ধে অস্ত্রাগার লুটসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। কাজী অনিরুদ্ধ বলেন, ১৩ রাইফেল ব্যাটালিয়নের সিপাহি মইনকে বিদ্রোহের সূচনাকারী হিসেবে চিহ্নিত করা হলেও বিদ্রোহের মূল মদদদাতারা আজ এখানে উপস্থিত রয়েছেন। তাঁরা কর্মকর্তাদের হত্যা করেছেন। তিনি জানান, এই জওয়ানেরা ২৪ ফেব্রুয়ারি রাতে শপথ নিয়ে পরদিন সকালে বিদ্রোহীদের প্যারেড মাঠে উপস্থিত হন। সেদিন জওয়ান সেলিম রেজা, সিপাহি আলতাফ ও অন্যরা অস্ত্রাগার লুট করেন। ডিএডি নাসিরের নির্দেশে সবকিছু নিয়ন্ত্রিত হয়। সিপাহি তাজুল অন্যদের সঙ্গে নিয়ে দরবার হলে বিদ্রোহ করেন। বিদ্রোহের শুরুতেই সেলিম রেজা মাইক্রোফোনে ডিজি ও অন্য কর্মকর্তাদের এক লাইনে দাঁড়াতে নির্দেশ দিয়ে বলেন, ‘গো, ওয়ান বাই ওয়ান।’ একজন সিপাহির নির্দেশ মানতে ডিজি বাধ্য হলেও সে সময় তাঁকে এঁরাই হত্যা করেন।’ আদালতের সভাপতি এ সময় জওয়ানের ইংরেজিতে আদেশ দেওয়ার কথা তুলে জওয়ানের লেখাপড়া সম্পর্কে জানতে চান, তিনি এসএসসি পাস কি না। সেলিম না-সূচক জবাব দেন।আদালতের সভাপতি বলেন, আগামী ১ নভেম্বর ৪৪ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। সেদিন থেকেই বিচার শুরু হবে। তিনি ওই দিন আসামিদের বিদ্রোহের সময়কার চেহারায় আদালতে হাজির হতে বলেন। পরে এ ব্যাপারে বিডিআরের কর্মকর্তারা জানান, এখন অনেক জওয়ানের মুখে দাঁড়ি। ফলে সাক্ষীরা তাঁদের চিনতে পারবে না। এ জন্য বিদ্রোহের সময় তাঁরা যেভাবে ছিলেন, সেভাবেই হাজির হতে বলা হয়েছে।কারও কোনো প্রশ্ন আছে কি না, জানতে চাইলে একজন জওয়ান বলেন, বিদ্রোহের সময় বিডিআর কর্মকর্তা কামরুজ্জামানকে তিনি তাঁর ঘরে আশ্রয় দিয়েছিলেন। তাঁকে সাক্ষ্য মানা যাবে কি না। সভাপতি বলেন, যে কাউকে সাক্ষী মানা যাবে। আরেকজন বিডিআর সদস্য জানান, তাঁর হার্টে চারটি ব্লক আছে। সভাপতি বলেন, সবাই চিকিত্সার সব ধরনের সুবিধা পাবেন। বিডিআরের পক্ষ থেকে চিকিত্সার খরচ দেওয়া হবে। একজন বলেন, তিনি তিন মাস বেতন পান না। মহাপরিচালক বিষয়টি দ্রুত সমাধানের আদেশ দেন।আদালতে প্রসিকিউটরকে সহায়তা করেন মোশাররফ হোসেন, মোহাম্মদ শাহনেওয়াজ ও মঞ্জুর-ই আলম।আদালতের সভাপতিকে সহায়তা করেন লে. কর্নেল এ কে এম গোলাম রব্বানী ও মেজর সাঈদ হাসান। অ্যাটর্নি জেনারেলের পক্ষে এজলাসে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উল্লাহ।