কাঠমান্ডুতে ওয়াসফিয়া নাজরীন
এভারেস্টজয়ী বাংলাদেশের দ্বিতীয় নারী ওয়াসফিয়া নাজরীন আজ রোববার সকাল সাড়ে নয়টায় লুকলা থেকে সীতা এয়ারলাইনসের বিমানে করে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছেন। খারাপ আবহাওয়ার কারণে গত দুই দিন তিনি লুকলায় আটকে ছিলেন। এভারেস্টের বেসক্যাম্প থেকে তিনি ৩০ মে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেন।বিমান থেকে নেমেই ওয়াসফিয়া প্রথম আলো ডট কমকে বলেন, ‘দেশের কাছাকাছি চলে এসেছি মনে হচ্ছে। ভীষণ স্বস্তিবোধ করছি।’ এ সময় তাঁর সঙ্গে ছিলেন নিমা গিরমিং শেরপা।বিমানবন্দরে ওয়াসফিয়াকে বরণ করতে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের পক্ষে হিসাব কর্মকর্তা (প্রশাসনিক) হারুন অর রশীদ, এক্সপেডিশন হিমালয়া ডট কমের ব্যবস্থাপনা পরিচালক নবীন ত্রিতালসহ অনেকেই। বাংলাদেশের এই নারী গত ২৬ মে এভারেস্ট চূড়ায় আরোহণ করেন। নেপাল পর্যটন বোর্ড আগামীকাল সোমবার ওয়াসফিয়ার জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে।বিমানবন্দর থেকে ওয়াসফিয়া নাজরীন যান কাঠমান্ডুর থামেলের হোটেল শক্তিতে। সনদ গ্রহণসহ সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করেই তিনি ঢাকায় ফিরবেন।এদিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ বিকাল চারটায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছেন এভারেস্টজয়ী বাংলাদেশের প্রথম নারী নিশাত মজুমদার ও দুবারের এভারেস্টজয়ী এম এ মুহিত। তাঁদের সঙ্গে ঢাকায় আসচ্ছেন মিংমা গ্যালজে শেরপা।