কাঠমান্ডুতে ফিরলেন নিশাত ও মুহিত
১৯ মে এভারেস্ট বিজয়। ২২ মে বেসক্যাম্পে। এরপর ২৭ মে লুকলায় নেমে আসা। খারাপ আবহাওয়া, বিমান চলাচল বন্ধ থাকায় সেখানে যাত্রাবিরতি। প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের এভারেস্ট বিজয়ের পর ফিরে আসার এ অভিযান যেন শেষ হয় না।অবশেষে গতকাল বৃহস্পতিবার অপেক্ষার অবসান হলো। সকাল ১০টায় নেপালের ত্রিভুবন বিমানবন্দরে হেলিকপ্টার থেকে নামলেন নিশাত মজুমদার। সঙ্গে দ্বিতীয়বারের মতো এভারেস্ট বিজয়ী বাংলাদেশি এম এ মুহিত।বিমানবন্দরে নিশাত ও মুহিতকে ফুলের মালা ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা (হিসাব) হারুন অর রশীদ, সুইস বেকারির স্বত্বাধিকারী উলফাত কাদের, পর্বতারোহী মীর শামসুল আলম, কায়সার কাদের, বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধাসহ অনেকেই। বিমানবন্দর থেকে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত নিম চন্দ্র ভৌমিকের আমন্ত্রণে তাঁর বাসভবনে চা-চক্রে যান নিশাত ও মুহিত। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। তিনি বলেন, ‘বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে নিশাতকে সংবর্ধনা দিতে এসেছিলাম। কিন্তু ঢাকায় নাট্যোৎসব চলছে, আর সংবর্ধনা অনুষ্ঠান যথাসময়ে না হওয়ায় চলে যেতে হচ্ছে। দুই নারী নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন আমাদের পুরো জাতিকে গৌরবান্বিত করেছে।’রাষ্ট্রদূতের বাসা থেকে নিশাত ও মুহিত যান তিব্বত গেস্টহাউসে। সেখানেই অবস্থান করছেন তাঁরা।হোটেল কক্ষে কথা হয় নিশাতের সঙ্গে। নিশাত প্রথম আলোকে বললেন, ‘৫২ দিন পরে গোসল করতে পেরেছি। এর থেকে বড় শান্তি আর কিছু মনে হচ্ছে না। সঙ্গে মানসিক শান্তি তো আছেই। ৯ এপ্রিল আমরা যাত্রা শুরু করেছিলাম। অনেক কৃতজ্ঞতা পৃষ্ঠপোষকদের কাছে।’কাঠমান্ডু এসেই নিশাতের মনে হচ্ছে, যেন বাড়ির কাছাকাছি চলে এসেছেন। বললেন, ‘এখন আনুষ্ঠানিকতা সেরে দ্রুত দেশে ফিরতে চাই। আজও বাবা ফোন করেছিলেন। বোন শ্বশুরবাড়ি থেকে এসে আমার জন্য অপেক্ষা করছে।’ঢাকা ওয়াসার হিসাবরক্ষণ কর্মকর্তা ও এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারের মধ্যে পার্থক্য কেমন? স্বভাবসুলভ হাসিতে উত্তর দেন নিশাত, ‘কেউ মেলাতে পারবে না এই দুই সত্তাকে। যেখানে যে কাজ করি, সর্বোচ্চ চেষ্টা দিয়েই তা করি। এটিই হয়তো এভারেস্ট জয়ে কাজে লেগেছে। এই যে দুই মাস ছুটি দিয়েছে অফিস, তার জন্য কৃতজ্ঞ আমি।’হঠাৎ চোখে পড়ল নিশাতের কপালে একটা কাটা দাগ। বললেন, ‘২৭ এপ্রিল তুষারধসে এমন হয়েছে। একদিন একটু বেশি অসুস্থবোধ করলে মিংমা গ্যালজে শেরপা আমাকে বলেন, “চলো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই।” চোখের নিচে সব রক্ত জমা হয়ে ছিল। হিমালয়ান রেসকিউ অ্যাসোসিয়েশন বেসক্যাম্পে মেডিকেল ক্যাম্প আছে। আমার শরীর খারাপ দেখে মিংমা ক্যাম্প ২ থেকে বেসক্যাম্পে নিয়ে আসে। আমি তো শুধু ভয় পাচ্ছিলাম, তিনি যদি বলেন, ওর যাওয়া সম্ভব না!’নিশাত ও মুহিত তাঁদের এই অভিযান বাংলাদেশের তরুণদের উৎসর্গ করেছেন। বাংলাদেশের দ্বিতীয়বারের মতো এভারেস্টজয়ী এম এ মুহিত বলেন, ‘আমার স্বপ্ন ছিল, নারী-পুরুষ যৌথভাবে এভারেস্ট সামিট করবে। সেই স্বপ্ন থেকেই এ অভিযান।’নিশাত মজুমদার বাংলাদেশের আরেক নারী এভারেস্টজয়ীকে অভিনন্দন জানান। ‘ওয়াসফিয়া নিজেই সবকিছু করেছে। সেভেন সামিটের মতো অনেক বড় একটা উদ্যোগ নিয়েছে। আশা করি সে সফল হবে। নারীরা পারে, তা আমরা করে দেখাতে পেরেছি।’সব ঠিকঠাক থাকলে নিশাত ও মুহিত ৩ জুন ঢাকায় ফিরবেন।