কাঠমান্ডুতে বোমা বিস্ফোরণে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের রাজধানী কাঠমান্ডুতে বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। গতকাল সোমবার রাজধানীর ব্যস্ত একটি এলাকায় এ বিস্ফোরণ ঘটে। বিবিসি অনলাইনের খবরে এ কথা বলা হয়েছে। পুলিশ জানায়, নেপালের ওয়েল করপোরেশন অফিসের বাইরে এ বিস্ফোরণ হয়। এতে তিনজন নিহত ও কমপক্ষে ছয়জন আহত হয়। নেপাল পুলিশের মুখপাত্র বিনোদ সিংয়ের বরাত দিয়ে একটি বার্তা সংস্থা জানিয়েছে, গতকাল স্থানীয় সময় বেলা একটা ২৫ মিনিটে সরকারি অফিস ও জেলা আদালতের নিকটবর্তী এলাকায় ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশের বিশেষ একটি দল মোতায়েন করা হয়েছে। তারা ঘটনা-সংশ্লিষ্ট প্রমাণ সংগ্রহ করতে ওই এলাকা ঘেরাও করে রেখেছে। এদিকে, দ্য ইউনিফাইড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট নামের একটি সশস্ত্র সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে। তবে, এ বিষয়ে সরকার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।