কাঠমান্ডুর পথে নিশাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট বিজয়ের পর প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার গতকাল শুক্রবার ভোরে এভারেস্ট বেসক্যাম্প থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছেন। তাঁর সঙ্গে আছেন দ্বিতীয়বার এভারেস্ট বিজয়ী এম এ মুহিত। বেসক্যাম্প থেকে রওনা হওয়ার পর এভারেস্ট চূড়ায় তোলা ছবি ই-মেইলে প্রথম আলোকে পাঠান এম এ মুহিত। আগেই নিশাত ও মুহিত জানিয়েছিলেন, বেসক্যাম্পে ইন্টারনেট সুবিধা নেই। বেসক্যাম্প থেকে বের হয়ে ইন্টারনেট সংযোগ পেলেই ছবি পাঠাবেন। গতকাল দুপুর ১২টায় নিশাত মজুমদার এবং এম এ মুহিতের নম্বর থেকে ফোন আসে। তাঁরা বলেন, ই-মেইলে ছবি পাঠিয়েছেন। ই-মেইলের ইনবক্সে পাওয়া যায় নিশাত ও মুহিতের এভারেস্ট চূড়ায় তোলা ছবি। নিশাত বলেন, ‘অনেক ছবি তুলেছি। আমার আর মুহিত ভাইয়ের ছবি আমাদের সঙ্গে থাকা শেরপারা তুলে দিয়েছেন।’১৯ মে এভারেস্ট জয়ের পর ২২ মে এভারেস্ট বেসক্যাম্পে নেমে আসেন নিশাত মজুমদার এবং এম এ মুহিত। আগামী ২৮ মে তাঁদের কাঠমান্ডু পৌঁছানোর কথা। আর ১ জুন দেশে ফেরার পরিকল্পনা করেছেন তাঁরা। এদিকে বাংলাদেশের আরেক অভিযাত্রী ওয়াসফিয়া নাজরীন এখনো এভারেস্ট অভিযানে রয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ফেসবুকে তাঁর ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ কর্মসূচির পাতা থেকে জানা যায়, ওয়াসফিয়া এভারেস্টের সাউথ কোলে পৌঁছেছেন। বৃহস্পতিবার রাতে সেখানেই অবস্থান করেছেন। তীব্র বাতাসের পর সেই রাতে চূড়ার দিকে যাত্রা (সামিট পুশ) করতে পারেননি। আবহাওয়া অনুকূলে এলে তিনি আজ শনিবার সামিট পুশ করবেন বলে আশা করছেন।