কাঠমান্ডুর সুখস্মৃতিই যেন ফিরিয়ে আনছে ফুটবল
দক্ষিণ এশীয় গেমসে ফুটবল শিরোপা জয়ের মাহাত্ম্যই অন্যরকম। বাংলাদেশ এই গেমসে ফুটবলের একমাত্র সোনাটি জিতেছিল ১৯৯৯ কাঠমান্ডুতে। মাঝে দুটি গেমসে সেমিফাইনালেই উঠতে ব্যর্থ বাংলাদেশ এবার ঘরের মাঠে ফুটবলের সোনা জয়ের দুয়ারে পৌঁছে গেছে।১৯৯৯ গেমসের সেমিফাইনালে ভারতকে হারিয়ে পাওয়া গিয়েছিল ফাইনালের টিকিট। সেই ভারতকে হারিয়েই কাল আবার ফাইনালে গেল বাংলাদেশ। স্বাগতিক দলের সেমিফাইনাল জয়ের নায়ক বদলি খেলোয়াড় তৌহিদুল আলম ওরফে সবুজ। ৮৪ মিনিটে তাঁর একমাত্র গোলেই এসেছে প্রত্যাশার এই জয়। কাকতালীয় ব্যাপার, ১৯৯৯ গেমসেও ভারতের বিপক্ষে জয়সূচক গোল করেছিলেন একজন বদলি স্ট্রাইকার—শাহাজউদ্দিন টিপু। রাতে দ্বিতীয় সেমিফাইনালেরও নিষ্পত্তি হয়েছে একমাত্র গোলে। ৬২ মিনিটে বেলাল আরজুর গোলে মালদ্বীপকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে গৃহযুদ্ধে বিধ্বস্ত আফগানিস্তান। বাংলাদেশ-আফগানিস্তান ফাইনাল ৮ ফ্রেবুয়ারি।তবে বাংলাদেশের জয়ের পর বোঝাই যায়নি, এখনো শেষ লড়াই বাকি। বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠের মাঝখানে খেলোয়াড়দের দাঁড় করিয়ে বাংলাদেশ কোচ জোরান জর্জেভিচ আলাদা করে প্রতিটি খেলোয়াড়কে ভরিয়ে দিয়েছেন স্নেহ-চুম্বনে। এই সার্বিয়ান এতটাই আবেগাপ্লুত ছিলেন যে, জয়সূচক গোলদাতা তৌহিদুলকে সংবাদ মাধ্যমের সামনে এনে টাইগার হার্ট, টাইগার হার্ট...বলতে লাগলেন। অধিনায়ক আমিনুল, তিনি নিজে আর তৌহিদুল ক্যামেরার সামনে যখন একসঙ্গে দাঁড়িয়ে, প্রশ্ন ছুটে যাচ্ছিল একের পর এক। জোরান দর্শকের দিকে আঙুল তুলে বলে গেলেন, ‘এই দর্শককে খুশি করতে সব উজাড় করে দেব। এরা ফুটবল ভালোবাসে, তাই মাঠে এসেছে। এদের আজ খুশি করতে পেরে গর্বিত লাগছে নিজেকে।’তৌহিদুল বললেন, তাঁর আত্মবিশ্বাস ছিল, মাঠে নামার সুযোগ পেলে গোল করবেন। ‘আমি ভাবছিলাম কোচ যদি একটা সুযোগ দেন মাঠে গিয়ে গোল করব। সেই গোল করতে পেরে খুবই খুশি লাগছে।’ফুটবল মাঠের এই আনন্দ বিকেলে হকি মাঠেও ঝিলিক দিয়ে গিয়েছিল। ভারতের বিপক্ষে দুই গোলে এগিয়ে থাকা বাংলাদেশ আশা জাগিয়ে তুলেছিল জয়ের, একই সঙ্গে রুপার লড়াইয়ে ফাইনালে ওঠার। কিন্তু পরে ম্যাচটা শেষ হয়েছে ৩-৩। ভারতের সঙ্গে ড্র করতে পারাই অনেক বড় পাওয়া বাংলাদেশের হকির। যদিও শেষ পর্যন্ত ব্রোঞ্জের লড়াইয়েই নামতে হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে।দুপুরে পাকিস্তানকে হারিয়ে টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে উঠেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পাশের সাঁতারপুলে পরপরই আলোড়ন তুলেছে সাঁতার। ডলি আক্তার ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিততে পারেন—এমন আভাস ছিল। কিন্তু পুল থেকে প্রথম দিন সোনা আসেনি। ডলির এই ইভেন্ট থেকে দেশকে রুপা এনে দিয়েছেন মাহফুজা খাতুন। বাজে টাইমিং করে ডলিকে খুশি থাকতে হয়েছে ব্রোঞ্জ নিয়ে। তবে ছেলেদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে কামাল হোসেন ও ১০০ মিটার ফ্রি-স্টাইলে মাহফিজার রহমান সোনা জিততে না পারলেও রুপা জিতেছেন। হ্যান্ডবল-বাস্কেটবলে প্রাপ্তির নাম ব্রোঞ্জ। বাস্কেটবলে এই প্রথম পদক পেল বাংলাদেশ। দুটি খেলাতেই ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নেপাল। নেপালকে যেখানে পাচ্ছে বাংলাদেশ, সেখানেই হারাচ্ছে। শ্যুটিংয়ে কাল পুরুষ প্রোন ইভেন্টে রমজান আলী, তৌফিক শাহরিয়ার ও আবদুল্লাহ হেল বাকির বাংলাদেশ দলগত রুপা জিতেছে। এই ইভেন্টে ব্যক্তিগত ব্রোঞ্জ জিতেছেন রমজান।সব মিলিয়ে সোনা না এলেও দিনটা খারাপ গেমসের অষ্টম দিনটি খারাপ কাটেনি বাংলাদেশের।